Category: শ্যামনগর

  • সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের মতবিনিময় ও সম্মাননা প্রদান

    সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের মতবিনিময় ও সম্মাননা প্রদান

    নূরনগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের সফলতার চার বছর পূর্তি উপলক্ষে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নূরনগরের তানভীর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সুশান্ত কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনূর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি গ্রানাডা একাডেমি, মানিকগঞ্জের শিক্ষক মো. মহসীন কবির এবং ইউনিয়ন মিডিয়া প্রধান আবু হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সালাহউদ্দীন, মুহাম্মাদ আল মাসুদ সাঈদী, আব্দুল মালেকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গত চার বছরের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা প্রদান করা হয়।

  • নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন উপকূলের গৃহবধূ অপর্ণা

    নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন উপকূলের গৃহবধূ অপর্ণা

    স্টাফ রিপোর্টার: নিজের জীবনের সংগ্রাম আর নেতৃত্বে উঠে আসার অনুপ্রেরণামূলক গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তানজানিয়া সফরে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকার গৃহবধূ অপর্ণা মল্লিক। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা। একজন সাধারণ গৃহবধূ জীবন থেকে বেরিয়ে এসে অপর্ণা মল্লিক এনগেজ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। ধীরে ধীরে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে তিনি নিজেকে একজন নেত্রী হিসেবে গড়ে তোলেন। সমাজের নানা বাধা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ তিনি একজন সফল নারী নেত্রী হিসেবে সকলের নিকট পরিচিত।
    তার এই সাফল্যের গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কোডি ইনিস্টিটিউট নামক একটি কানাডিয়ান প্রতিষ্ঠান তাকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এনগেজ গ্লোবাল গেদারিং অন ওমেনস লিডারশিপ এ্যান্ড একটিভ সিটিজেশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছেন।
    প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তিনি ২০ মার্চ ২০২৬ তানজানিয়ায় উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই প্রোগ্রামে আরও অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ ভারত, ইথিউপিয়া, হাইতি ও তানজানিয়ার প্রতিনিধিরা। সেখানে তিনি আগামী ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত অবস্থান করবেন। উক্ত প্রোগ্রামে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও শ্যামনগরের নারীদের নেতৃত্বে এগিয়ে আসার গল্প তুলে ধরবেন।
    অপর্ণা মল্লিকের এই আন্তর্জাতিক সফর স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক নারীকে ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।

  • কৈখালী ইউনিয়নে জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা

    কৈখালী ইউনিয়নে জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা

    গাজী নূরুল আমিন: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের একাধিক গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় কার্পেটিং (পাকা) সড়কের দিক থেকেও অনেক পিছিয়ে থাকা এ ইউনিয়নে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, জয়াখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিজান গাজীর বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ভাঙাচোরা। বড় গর্ত ও উঠে যাওয়া ইটের কারণে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া জয়াখালী চেয়ারম্যানের মোড় থেকে সাবেক মেম্বারের বাড়ি হয়ে সাতের খেয়াঘাট পর্যন্ত সড়কটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে শেখ আব্দুর রহমান (আবুর) বাড়ি থেকে রাশেদিয়া মাদ্রাসার পাশ দিয়ে হায়দারের ব্রিজ হয়ে বিডিআর সড়ক পর্যন্ত সংযোগ সড়কটি। এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় চলাচলের অযোগ্য। স্থানীয়রা জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। বিশেষ করে কৃষিপণ্য ও তরমুজ পরিবহনের জন্য এ রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি ও যাতায়াতের ভোগান্তি বাড়ছে। এলাকাবাসীর মতে, শ্যামনগর উপজেলার অন্যান্য ইউনিয়নে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ সড়ক কার্পেটিং করা হয়েছে, কিন্তু কৈখালী ইউনিয়নে অধিকাংশ গ্রামীণ সড়ক এখনো কাঁচা বা ইটের সোলিং অবস্থায় রয়েছে। তারা আশাবাদী, নির্বাচনের আগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কৈখালীকে “প্রাণের ইউনিয়ন” উল্লেখ করে অবহেলিত সড়কগুলোর উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের খারাপ অবস্থার তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও কার্পেটিং কাজ শুরু করা হবে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি: এমপি গাজী নজরুল ইসলাম

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি: এমপি গাজী নজরুল ইসলাম

    সাইফুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন অনুষ্ঠান উপস্থাপনা করেন। প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরায় উপকূলীয় বোর্ড স্থাপন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী তৈরী, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে কাম সাইক্লোন শেল্টার নির্মাণ, নদী ড্রেজিং ও খাল খননের মাধ্যমে মিষ্টি পানির আধার তৈরি, দুর্যোগসহ কর্মসূজন প্রকল্প ও দরিদ্র পরিবারের জন্য ঘর বরাদ্দ প্রকল্প পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবির, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান এবং ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা ফায়ার সার্ভিসের চৌকস সদস্যদের পরিচালনায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

  • শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

    শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মাসখানেক আগে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগরের ফুলতলা মাজাট এলাকার মো. মোদাচ্ছের আলম লিটনের বাড়িতে চোরচক্র হানা দেয়। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণের রুলি, নেকলেস, চেইন, কানের দুল ও রুপার বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শ্যামনগর থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। গত ৮ মার্চ রাতে ঢাকা জেলার আশুলিয়ার নলাম বাগবাড়ি এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি শ্যামনগরের ফুলতলা মাজাট গ্রামের বাসিন্দা। সাইফুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার ভাই শেখ শিমুল হোসেনকে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে আটক করা হয়। শিমুল জানান, স্বর্ণালংকারগুলো তিনি তার বোন জাকিয়া সুলতানার কাছে গচ্ছিত রেখেছিলেন। পরে মানিকগঞ্জ সদরের জায়গির ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি স্টিলের বাক্সে রাখা লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা গেছে, চুরি হওয়া কিছু অলংকার ইতোমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের একটি স্বর্ণের দোকানে গলিয়ে ফেলা হয়েছিল। পুলিশ সেখান থেকেও গলিত স্বর্ণ উদ্ধার করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার আরেক আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছিল। শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খোয়া যাওয়া সম্পদের বড় অংশ উদ্ধার হওয়ায় ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।

  • বৃষ্টিহীনতায় ইরি ধান ও তরমুজের ক্ষতির শঙ্কা

    বৃষ্টিহীনতায় ইরি ধান ও তরমুজের ক্ষতির শঙ্কা

    গাজী নূরুল আমিন, কৈখালী: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে ইরি (বোরো) ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার কৈখালী ইউনিয়নে পরিস্থিতি নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কৃষক সোহরাব আলী, আতিয়ার সরদার, মিজানুর রহমান, সিদ্দিক মোড়ল, নজরুল ইসলাম, আব্দুস সামাদ ও ইব্রাহিম তরফদার জানান, কয়েক মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি নেই। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক জমির মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং ধানের গাছ হলুদ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। কৃষকদের ভাষ্য, কৈখালী ইউনিয়নে পাতালের পানিও লবণাক্ত। ফলে সেই পানি দিয়ে সেচ দিলে ধানের ক্ষতির আশঙ্কা থাকে। এ কারণে অনেক কৃষক সেচ দিতে পারছেন না, আবার কেউ কেউ বাধ্য হয়ে সেচ দিলেও ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন। এদিকে এই ইউনিয়নে ধানের পাশাপাশি তরমুজ, সরিষা ও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। কৈখালীর তরমুজ দেশের বিভিন্ন জেলা ও শহরে সরবরাহ করা হয় এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজ চাষি মোস্তফা জাহান, আব্দুল আজিজ মোড়ল ও ফজের আলীসহ কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং সেচের পানিতে লবণাক্ততা থাকার কারণে তরমুজসহ অন্যান্য ফসলের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এ সময়ে বৃষ্টি হলে ধান ও তরমুজের ফলন ভালো হতো। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক কৃষক পাম্পের মাধ্যমে পানি তুলে জমিতে সেচ দিচ্ছেন। তবে সেই পানিতেও লবণাক্ততা থাকায় ধান, তরমুজ ও অন্যান্য ফসল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা বাড়ছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, দ্রুত বৃষ্টি না হলে শ্যামনগরের বিভিন্ন এলাকার পাশাপাশি কৈখালী ইউনিয়নের বিস্তীর্ণ জমির ইরি ধান, তরমুজ, সরিষা ও সবজি চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কৃষকরা দ্রুত বৃষ্টির আশায় দিন গুনছেন এবং কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ কামনা করছেন।

  • শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা

    শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা

    হুসাইন বিন আফতাব: শ্যামনগরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ফোরামের নতুন কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় শ্যামনগর শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে লিডার্সের কেয়ার (ঈঅজঊ) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার শুভেচ্ছা বক্তব্য দেন। সভায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য হুসাইন বিন আফতাব, এম এম আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী, হিরন্ময়ী রানী, আশিকুর রহমান, মুনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী বক্তব্য দেন। আলোচনা সভায় লিডার্সের চলমান কার্যক্রম, উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপবিধি, নতুন কমিটি গঠন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে ফোরামের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো চিহ্নিতকরণ, বিভিন্ন দিবস পালন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হবে। সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে এম এম আমজাদ হোসেনকে সভাপতি, নুরজাহান ঝরণাকে সহসভাপতি, নিপা চক্রবর্তীকে সম্পাদক, আশিকুর রহমানকে সহসম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১২ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

  • শ্যামনগরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    শ্যামনগরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    আবু হাসান, নূরনগর: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগরে রামজীবনপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ রমজান) বিকেলে রামজীবনপুর পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, মসজিদ কমিটির সদস্য, আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের ফজিলত, রোজার তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির ডা. আলহাজ মো. রুহুল আমিন, সেক্রেটারি আলহাজ লিয়াকাত হোসেন বাবু, অফিস সম্পাদক মো. আবুবক্কার, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, বাইতুল আমান জামে মসজিদের সভাপতি শেখ আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি গোলাম মোস্তফা এবং ইউনিয়ন মিডিয়া প্রধান আবু হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শেষে বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মো. আকবর আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

  • উপকূলের মানুষের অভিজ্ঞতা কাজে লাগালে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব: এমপি গাজী নজরুল ইসলাম

    উপকূলের মানুষের অভিজ্ঞতা কাজে লাগালে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব: এমপি গাজী নজরুল ইসলাম

    হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা): উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটসংলগ্ন পাইকের মোড় বিলে গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিক ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় ১৩টি স্টলের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, স্থানীয় জ্ঞান ও অভিযোজন কৌশল তুলে ধরা হয়। স্টলগুলোতে উপকূলীয় কৃষি যন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা, মাছ ধরার ঐতিহ্যবাহী উপকরণ, স্থানীয় অভিযোজন চর্চা, বিলুপ্তপ্রায় সামগ্রী, আদিবাসী জনগোষ্ঠী ও বনজীবীদের ব্যবহার্য উপকরণ, পরিবেশবান্ধব চুলা, স্থানীয় জাতের বীজ, ধান-চাল, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, শুকনা খাবার এবং হাতে আঁকা চিত্রের মাধ্যমে উপকূলের সংকট ও প্রাণবৈচিত্র্য তুলে ধরা হয়। মেলায় জারি-সারি গান, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় মানুষ, শিক্ষার্থী, নারী সংগঠক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন বারসিকের পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শংকর ম্রং, শ্যামনগর গ্রিন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদস্য রণজিৎ বর্মন, নেত্রকোনার আল্পনা নাফাক, কামনা হাজং, বনজীবী শেফালী বিবি ও যুব স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম। বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় নীতি প্রণয়নে গুরুত্ব দিলে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব। এ ধরনের আয়োজন স্থানীয় জ্ঞানকে সামনে এনে নীতিনির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সংযোগ তৈরি করতে সহায়ক। তাঁরা বলেন, উপকূল ও হাওর অঞ্চলে জলবায়ু সংকট দিন দিন তীব্র হচ্ছে। দেশীয় বীজ, প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় অভিযোজন কৌশল ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠী টিকে থাকার চেষ্টা করছে। স্থানীয় অভিযোজন কৌশলকে শক্তিশালী করতে জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং স্থানীয় সরকারের মাধ্যমে গ্রাম পর্যায়ে জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সবার জন্য জলবায়ু তহবিল নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।

  • ফিলিস্তিনের পক্ষে কথা বলাই কি অপরাধ খামেনি হত্যার প্রতিবাদে শ্যামনগরের নূরনগরে বিক্ষোভ

    ফিলিস্তিনের পক্ষে কথা বলাই কি অপরাধ খামেনি হত্যার প্রতিবাদে শ্যামনগরের নূরনগরে বিক্ষোভ

    এবিএম কাইয়ুম রাজ:

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনি হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ শেষে নূরনগর শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে শিয়া সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিয়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে নূরনগর শিয়া মসজিদের সভাপতি সার্জেন্ট শেখ রওশান আলমের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদের পেশ ইমাম মাওলানা সাজিদুল ইসলাম। তিনি বলেন, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ায় আয়াতুল্লাহ খামেনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। এ ঘটনায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাব দাবি করেন এবং বিষয়টি জাতিসংঘের মাধ্যমে তদন্তের আহ্বান জানান।

    তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, এমন ঘটনার জন্য সংশ্লিষ্টদের একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম, গ্রাম ডাক্তার আলহাজ্ব শেখ আইয়ুব আলী, শেখ নেসার আলি, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, শেখ মহতাব হোসেন, শেখ জুলফিকার আলি, নূর মোহাম্মদ, আমির হোসেন ও আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।