Blog

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

    স্টাফ রিপোর্টার: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (সেকশন-২, মিরপুর, ঢাকা) জারি করা এক স্মারকে জানানো হয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং- এই চারটি বিভাগে অংশগ্রহণের সুযোগ থাকবে। ক্রীড়া বিভাগে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। সাংস্কৃতিক বিভাগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গান, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্কসহ মোট ১১টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। সময়সূচি অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন করে ১৯ মে’র মধ্যে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা পাঠাতে হবে। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৯-২০ মে, উপজেলা পর্যায় ২২-২৩ মে, জেলা পর্যায় ৬-৭ জুন এবং বিভাগীয় পর্যায় ৮-৯ জুন অনুষ্ঠিত হবে। নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং ছেলে-মেয়ে পৃথক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার সব ধাপ প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসরণ করে আয়োজন করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সাল থেকে চালু থাকা এ পদক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সৃজনশীল অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

  • অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার

    অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতি, যুবদলের এক নেতা ও আরও একজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) সকালে মুন্সিগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে অনিমেষ পরামান্যকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে চাপের মুখে অপহরণকারীরা তাকে সুন্দরবনের গহীন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এক জেলের সহায়তায় তিনি লোকালয়ে ফিরে আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি জব্বার (৩৫), যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার আশরাফ ঢালীর নাম পাওয়া গেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। উদ্ধার হওয়া চিকিৎসক অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, “ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতা গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

  • সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে ‘ইয়ুথ কানেক্ট সামিট

    সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে ‘ইয়ুথ কানেক্ট সামিট

    স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০টিরও বেশি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’-এর উদ্যোগে সাতক্ষীরায় ‘ইয়ুথ কানেক্ট সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) শহরের লেক ভিউতে আয়োজিত এ সামিটে তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০২৪ সালের ৬ জুলাই সেভ দ্য চিলড্রেন ও সহযোগী সংস্থা উত্তরণের উদ্যোগে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরণের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত। সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি বলেন, সরকার প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে, যা বাস্তবায়িত হলে সুপেয় পানির সংকট ও স্বাস্থ্যঝুঁকি কমবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সামিটে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। বক্তারা বলেন, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম তরুণদের অংশগ্রহণে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন। ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, তরুণদের জ্ঞান বিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফোরাম কাজ করছে।

  • তালায় এমপি ইজ্জত উল্লাহর সঙ্গে নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের মতবিনিময়

    তালায় এমপি ইজ্জত উল্লাহর সঙ্গে নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের মতবিনিময়

    এস এম মোতাহিরুল হক শাহিন: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর সঙ্গে তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধি একে অপরের পরিপূরক। সম্মিলিতভাবে কাজের মাধ্যমে উপজেলাকে একটি আধুনিক ও আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া হাসপাতালের সেবার মানোন্নয়ন, সমাজসেবামূলক কাজে গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, ডা. মাহমুদুল হক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. আফতাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

    সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

    স্টাফ রিপোর্টার: ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন দুদকের বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও মো. মহসীন আলী। কর্মশালার শুরুতে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

  • জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো সংস্কার করা হবে: এমপি ইজ্জত উল্লাহ

    জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো সংস্কার করা হবে: এমপি ইজ্জত উল্লাহ

    তালা প্রতিনিধি: তালা উপজেলার তালা সদর, ইসলামকাটি ও তেতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) তালা উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে এম এ হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, বাঁধ মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার করা হবে। ইতোমধ্যে কিছু খাল পুনঃখননের বাজেট অনুমোদন হয়েছে। দ্রুত সময়ে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে স্থানীয় এনজিও ও জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জলাবদ্ধতা বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের দিলীপ সানা।

  • বাজারে আসছে সাতক্ষীরার আম

    বাজারে আসছে সাতক্ষীরার আম

    আবু সাইদ বিশ্বাস: বাজারে আসছে সাতক্ষীরার আম। স্বাদে ও মানে অন্যন্য হওয়ায় সাতক্ষীরার আমের চাহিদা ও জনপ্রিয়তা শীর্ষে, রপ্তানি হয় বিদেশেও। ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের মধ্যে প্রথম বাজারে আসে এ জেলার আম। তাই জেলার আম চাষি ও ব্যবসায়ীদের মাঝে এখন উৎসবের আমেজ। জেলা প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী, আগামীকাল (৫ মে) গাছ থেকে ভাঙা শুরু হবে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম। আর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং আম্রপালি জাতের আম বাজারজাত করা যাবে ৫ জুন। এদিকে আম ব্যবসাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায়। তারা বাজার ও বাগান ঘুরে দেখছেন। ‘আগামী এক মাসে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার আম বেচাকেনা হবে বলে সংশ্লিষ্টরা জানান।’
    কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় আম বাগানের সংখ্যা ৩২০টি, চাষি ও ব্যবসায়ী রয়েছেন ৫০ হাজারের বেশি। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার টন, বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ টন আম।
    পারকুকরালী এলাকার আম চাষি মোহাম্মদ আলী জানান, তার ২৫ লাখ টাকার আম বাগান বিক্রি হয়েছে। বাগানে এ বছর ফলন ভালো হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ৪০ লক্ষাধিক টাকার আম বেচাকেনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
    অপরিপক্ব আম ভাঙা ও কৃত্রিমভাবে পাকানোর প্রবণতা রোধে জেলা প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। ইতোমধ্যে পাইকার ও ব্যবসায়ীরা বাগানিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ফলে ভালো দামের আশায় আছেন স্থানীয় চাষিরা।
    সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, ‘ব্যবসায়ীরা পরিস্থিতি বোঝার জন্য ঘুরছেন। এখনই দাম বলা যাবে না। আগামীকাল সকাল থেকে প্রশাসন ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আম বাজারে আসার পর জাত ও শ্রেণিভেদে কোন আম প্রতি মণ কত দামে বিক্রি হচ্ছে, তখন বলা যাবে।’
    সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, আগামীকাল ৫ মে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হবে।
    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আম স্বাদে ও ঘ্রাণে অনন্য। তিনি বলেন, ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে কোনো প্রকার কেমিক্যাল-মিশ্রিত আম বাজারজাত করা যাবে না। ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা একটাই: পরিপক্ব, নিরাপদ, বিষমুক্ত আম বাজারজাত করতে হবে। তিনি বলেন, ‘আগামী এক মাসে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার আম বেচাকেনা হবে সাতক্ষীরায়।’

  • সাতক্ষীরায় হ্রাস পাচ্ছে পাটের আবাদ

    সাতক্ষীরায় হ্রাস পাচ্ছে পাটের আবাদ

    আবু সাইদ বিশ্বাস: অধিক তাপমাত্রা, কড়া রোদ্রোজ্জ¦ল ও অতিবৃষ্টি-অনাবৃষ্টিসহ লবণাক্তার কারণে উপকূলীয় অঞ্চলে পাট চাষ ঝুঁকিপূণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে জমিতে সাগরের লবণাক্ত পানির অনুপ্রবেশের ফলে লবণাক্ত জমির পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। গত তিন বছরে শুধু সাতক্ষীরা জেলাতে পাটের আবাদ হ্রাস পেয়েছে এক হাজার ২১০ হেক্টর জমিতে। এছাড়া নায্য দাম না পেয়ে চাষিরা পাট চাষে আগ্রহ হারাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে, লবণাক্ততাজনিত কারণে পাট বীজের অংকুরোদগম মারাত্মকভাবে ক্ষতি গ্রস্থ হয়। এসব কারণে উপকূলীয় অঞ্চলে পাট চাষ করা বেশ ঝুঁকিপূর্ণ। বিশেজ্ঞরা বলছে, দেশের উপকূলীয় অঞ্চলের ১৮ জেলায় পরিকল্পিতভাবে কৃষি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে সামগ্রিক কৃষি উৎপাদনের চিত্র বদলে যাবে। এরই মধ্যে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লবণাক্তসহিষ্ণু পাটের চাষ কৃষকদের মাঝে আগ্রহ থাকলেও প্রচারণার অভাবে তা জনপ্রিয় হয়ে উঠেছে না। প্রতি বছর খরিফ-১ মৌসুমে এই বিশাল পরিমাণ জমি পতিত পড়ে থাকে। এই পতিত জমিতেই গত পাঁচ বছর ধরে বিজেআরআই উদ্ভাবিত লবণসহিষ্ণু দেশি পাট-৮ চাষে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা। পাট বিশেজ্ঞরা বলছে, লবণসহিষ্ণু দেশি পাট-৮ এখন উপকূলীয় অঞ্চলের চাষীদের নতুন স্বপ্ন দেখাতে পারে। এক ফসলী জমিতে এখন দুটি ফসল আবাদ করতে পারবে চাষিরা। ফলে পাট চাষে উপকূলের গুরুত্ব বাড়বে কয়েক গুণ। সরকারি হিসাব মতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আয়তন এ দেশের মোট আয়তনের প্রায় ২০% এবং এ অঞ্চলে দেশের প্রায় ৩০% আবাদযোগ্য জমি রয়েছে যার পরিমাণ প্রায় ২৬.৫০ লাখ হেক্টর। উপকূলীয় অঞ্চলে মোট লবণাক্ত জমির পরিমাণ প্রায় ১০.৬০ লাখ হেক্টর। এ পরিস্থিতিতে লবণাক্ততা সমস্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে উপকূলীয় অঞ্চলে পাট চাষ সম্প্রসারণের জন্য বিশেষ কিছু কৌশল অনুসরণ করলে লবণাক্ত অঞ্চলে একদিকে যেমন পাট চাষ সম্প্রসারিত হবে তেমনি ওই অঞ্চলের শস্য নিবিড়তাও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। গবেষণার রির্পোটে বলছে, দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি জেলার ৬টি উপজেলায় পাটের আঁশ ও বীজ ফসল উৎপাদনের উপর একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এতে বলা হয় বিভিন্ন এলাকায় পাটের বীজ বপনের সময় পরিবর্তন করে জমিতে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বেই শুষ্ক মৌসুমে স্বাদু পানি দ্বারা সেচ দিয়ে জমি তৈরি করে যদি বীজ বপন করা যায় তবে বীজের অংকুরোদগম স্বাভাবিক লবণাক্ততা অবস্থার তুলনায় প্রায় ২০% বৃদ্ধি পায় এবং তুলনামূলকভাবে পাটের ভালো ফলন পাওয়া যায়। কারণ দেরিতে বীজ বপন করলে পাট ফসল অধিক মাত্রার লবণাক্ততার ঝুঁকিতে পড়ে ও বীজের অংকুরোদগম মারাত্মকভাবে ক্ষতি” গ্রস্থ হয়। এর ফলে পাটের ফলন প্রায় ৫০% কমে যায়। বাংলাদেশে ১৯৭০-৭১ অর্থবছরে ৯ লাখ ১০ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়ে ছিল। বিগত ২০২৪-২৫অর্থবছরে দেশে পাটের আবাদের পরিমাণ ছিল ৭ লাখ ২০হাজার হেক্টর জমিতে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি মৌসুুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় ১১ হাজার ৬১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদরে ৫০২০ হেক্টর, কলারোয়ায় ৩ হাজার ২৫৫, তালায় ৩ হাজার ১১০, দেবহাটায় ২০, কালীগঞ্জে ১০১, আশাশুনিতে ৯৫ এবং শ্যামনগর উপজেলায় ৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধাণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২৪৩ হাজার হেক্টর কম আবাদ হয়েছে। সূত্রটি আরো জানায়, গত ২০২৩-২৪ মৌসুমে জেলায় পাটের আবাদ হয়েছিল ১২ হাজার ৮২০ হেক্টর। জেলায় এবার দেড় লাখ বেল্ট পাট উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গেল তিন বছরের মধ্যে জেলাতে পাটের আবাদ কমেছে এক হাজার ২১০ হেক্টর জমিতে। এছাড়া ৩ মে পর্যন্ত জেলাতে পাটের আবাদ হয়েছে ১১ হাজার ৫৩৮ হেক্টর জমিতে। তবে কৃষি বিভাগ বলছে এখনো পাট আবাদ হচ্ছে। বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে।
    সাতক্ষীরা সদর উপজেলার নারানজাল গ্রামের পাটচাষী পলাশ হোসেন জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় চলতি মৌসুমে পাট উৎপাদনে খরচ বেশি পড়ছে। গত বছর বিঘাপ্রতি ১৫-১৬ হাজার টাকার মতো খরচ হলেও চলতি বছর ১৯-২০ হাজার টাকা খরচ হতে পারে। সেখানে একই জমির পাট বিক্রি করতে হচ্ছে ১৪-১৫ হাজার টাকা।
    সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, পাট একটি লাভজনক ফসল। নতুন জাতের লবণসহিষ্ণু দেশি পাট-৮ চাষের মধ্য দিয়ে উপকূলের অর্থনীতিতে পাট খাতে একটি বিপ্লব সাধিত হচ্ছে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে ক্রমশ আরও স্বাবলম্বী হয়ে উঠছে। উপকূলীয় এলাকায় লবণাক্ত জমিতে অধিক সংখ্যক প্রদর্শনী প্লট স্থাপন, কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন ইত্যাদির মাধ্যমে লবণাক্তসহিষ্ণু পাটের চাষাবাদ প্রযুক্তি কৃষকদের মাঝে জনপ্রিয় করে তুলতে কার্যকরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, দেশে পাটের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমন্বিত ও বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি আরো বলেন, এ পরিকল্পনায় উচ্চ ফলনশীল ও উন্নত মানসম্পন্ন পাট ও পাটবীজের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, সামগ্রিকভাবে উল্লিখিত উদ্যোগসমূহ বাস্তবায়নের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, বাজারব্যবস্থা শক্তিশালীকরণ এবং কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি পাটখাতকে একটি টেকসই, প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী খাতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

  • নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

    নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

    শাহ জাহান আলী মিটন: নবজীবন নার্সিং ইনস্টিটিউট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে শহরের মুন্সিপাড়াস্ত নবজীবন নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিস ডা. জয়ন্ত সরকার, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সুরাইয়া ইয়াসমিন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শামসুল আলম খান চৌধুরী, ডা. অরুণ ব্যানার্জি, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর তপতী রানী কুন্ড, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স শিরিন সুলতানা। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, নার্সিং এর প্রথম কথায় হচ্ছে ‘মানবতার মানব সেবায় মহান ব্রত’। আমরা যেন সবসময় এই কথাটাই ধারণ করি এবং বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি আরো বলেন, সাতক্ষীরায় স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে নবজীবন নার্সিং ইনস্টিটিউট। দেশের সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান মানসম্মত ভূমিকা রাখবে বলে আমি সার্বিক সফলতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন নবজীবন নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান খান, পাবলিক রিলেশন অফিসার মাতিনুল হামিদসহ নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম ও নার্সিং ইন্সট্রাক্টর সৈয়েদা যাহারা।