স্টাফ রিপোর্টার: “প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।” সাতক্ষীরা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বক্তারা। রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইড বাংলাদেশের সমর্থনে কর্মসূচিটি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের উদাসীনতায় ঐতিহ্যের প্রাণ সায়ের খাল আজ অস্তিত্ব সংকটে। খালের দুই পাশে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ বিষাক্ত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ এবং খাল থেকে বর্জ্য অপসারণের দাবি জানান। অন্যথায় সাতক্ষীরা পৌরসভার সামনে বিশাল মানববন্ধনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন শফিক উদ দ্দৌলা সাগর, পল্টু বাসার, ফরিদা আক্তার বিউটি, শ্যামল কুমার বিশ্বাস, মো. তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন থেকে জানানো হয়, শহরের প্রতিটি পয়েন্টে ডাস্টবিন নিশ্চিত করা এবং যেখানে-সেখানে বর্জ্য স্তূপ করা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Blog
-

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার: “আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র”, “সাংবাদিকতা কোনো অপরাধ নয়” এমন স্লোগানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে সাতক্ষীরায়। রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার-এর পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিকরা মুখে ও চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও কারাবন্দি করা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবি জানান। অবস্থান কর্মসূচিতে প্ল্যাকার্ড ও ব্যানারে “গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে”, “সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর”, “গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর”, “স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর”সহ বিভিন্ন স্লোগান প্রদর্শিত হয়। বক্তারা আরও বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভয়ভীতি সৃষ্টি করে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা হচ্ছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান রাজীব। এতে বিভিন্ন সাংবাদিক, লেখক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জানান।
-

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা
স্টাফ রিপোর্টার: সারা দেশের গ্রাম পর্যায়ের কিশোর-কিশোরীদের (১২-১৪ বছর) প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম-এ বাছাই অনুষ্ঠিত হয়। মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাছাইয়ের কারাতে ইভেন্টে তালা উপজেলা চ্যাম্পিয়ন হয়। কারাতে ইভেন্টের রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আঃ মাতিন। আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
-

আশাশুনির কুল্যায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার
এসএম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যা খাল ও হিমখালী খালের পুনঃখনন কাজের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মোঃ আবু মুছা এবং গীতা পাঠ করেন নরেন বাছাড়। স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ওমর সাকি ফেরদৌস পলাশ। এ সময় বক্তব্য দেন বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনে সীনা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা। বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা কমবে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তারা দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান।
-

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শুক্রবার (০১ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। তিনি অতিথিদের সঙ্গে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় (বালিকা) শ্যামনগর উপজেলার পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগের ফাইনালে কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর ক্ষুদে ফুটবলারদের পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেন। বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে সাথে সাথে গননার পর ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলা ট্রিবিউনের মো. হেদায়েৎ হোসেন মোল্লা পেয়েছেন ৫০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র ফটো সাংবাদিক এম এ হাসান পেয়েছেন ৬০ ভোট। এছাড়া সহ-সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন (১১৯ ভোট), মো. জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামিম আহমেদ (৯৬ ভোট)। যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. বেল্লাল হোসেন সজল এবং পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন। নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত । এর আগে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।
-

আশাশুনির মরিচ্চাপ ব্রীজ এলাকা নদী ভাঙনে হুমকিতে
এস.এম মোস্তাফিজুর রহমান: আশাশুনি সদর বাজার ও মরিচ্চাপ ব্রীজ সংলগ্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিন পরিদর্শন করেন এবং এক সপ্তাহের মধ্যে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, এসডিই রাশেদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নির্বাহী প্রকৌশলী জানান, মরিচ্চাপ নদী খননের পর পানির প্রবাহ বেড়ে গিয়ে বাজার সংলগ্ন এলাকায় ভাঙন তীব্র হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হবে এবং স্থায়ী সমাধানের জন্য সিসি ব্লক কাজের প্রস্তাব পাঠানো হবে। স্থানীয়রা জানান, ভাঙনের কারণে বাজার, দোকানপাট, বসতবাড়ি ও মরিচ্চাপ ব্রীজ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে একটি পাকা বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
-

সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা
শাহ জাহান আলী মিটন: “দক্ষতায় শক্তি” এই শ্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরায় তরুণদের জন্য অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা। তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় “এরফরটি” প্রকল্পের আওতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন তরুণ এতে অংশ নেন এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত হন। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, অজন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, মাইটিভি সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু এবং উন্নয়ন কর্মী মৃনাল সরকার। আয়োজকরা জানান, এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো আগ্রহী তরুণদের চিহ্নিত করে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গড়ে তোলা।
টিটিসির অধীনে আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, অটো-ক্যাড, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ওয়েল্ডিং, গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ডিজাইন, জাপানি ও কোরিয়ান ভাষা কোর্স এবং ড্রাইভিংসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ রয়েছে। অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়্যারিং, রেডিও-টিভি ও ফ্রিজ মেরামত, ব্লক প্রিন্টিং ও হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, আধুনিক অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, গবাদিপশু পালন এবং হাঁস-মুরগি পালন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা তাদের পছন্দ অনুযায়ী প্রশিক্ষণে যুক্ত হওয়ার জন্য তালিকাভুক্ত হন। উপস্থিত অতিথিরা একশনএইড বাংলাদেশ ও সিডো-কে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।



