ডেস্ক রিপোর্ট: সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তির বদলে বিব্রত ও ভীতিকর পরিস্থিতিতে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইজিপির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। দায়িত্বশীল অবস্থান থেকে সস্তা কৃতিত্ব বা বাহবা পাওয়ার উদ্দেশ্যে বক্তব্য দেওয়া দেশের ক্ষতি করবে এবং সরকারকেও বিব্রত করবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে দেশের উৎপাদন ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা বিএনপির অন্যতম লক্ষ্য। জাতির পুনর্গঠনে তরুণ সমাজকে বিশৃঙ্খলার পরিবর্তে উন্নয়নের প্রধান অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দারিদ্র্য কমাতে সহায়ক হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বহুদলীয় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি এসব মূল্যবোধে বিশ্বাস করে। তাঁর বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিতে ফিরে আসা এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও উল্লেখ করেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রশংসা করে রিজভী আশা প্রকাশ করেন, সংগঠনটির নেতাকর্মীরা রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।