ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ভোমরা সীমান্ত থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা, তলুইগাছা থেকে ৭০ হাজার টাকা, কালিয়ানী থেকে ২ লাখ ১০ হাজার টাকা, কাকডাঙ্গা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা এবং চান্দুরিয়া সীমান্ত থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান
৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্স সিরাপ জব্দ করেছে বিজিবি




