ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি বুধবার অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার হতে পারে। সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত হানার আশঙ্কা কম থাকলেও এর প্রভাবে রাজ্যের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার মেদিনীপুরের দুই জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়া ও উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বাড়ার আশঙ্কা রয়েছে।