ডেস্ক রিপোর্ট: কনসার্টের মঞ্চে এক দর্শকের দেওয়া ইসরায়েলের পতাকা ছুড়ে ফেলে পা দিয়ে মাড়ানোর ঘটনায় আলোচনায় এসেছেন কলম্বিয়ার নারী র‍্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাঁর এমন প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকে তাঁর প্রশংসা করলেও সমালোচনাও দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ সংগীত উৎসবে পারফর্ম করছিলেন চেলো হপ। এ সময় দর্শকসারি থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর হাতে ইসরায়েলের একটি পতাকা তুলে দেওয়ার চেষ্টা করেন।

পতাকাটি হাতে পাওয়ার পর চেলো হপ সেটি মাটিতে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়ান এবং মঞ্চের এক পাশে সরিয়ে দেন। একই সঙ্গে মাইক্রোফোনে স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’—অর্থাৎ ‘মুক্ত হোক ফিলিস্তিন’—স্লোগান দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও অধিকার আদায়ের বিষয় নিয়ে গান করার জন্য পরিচিত চেলো হপের এই প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ফিলিস্তিনপন্থি অনেকে তাঁর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।