ডেস্ক রিপোর্ট: আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ও জনকূটনীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের অংশ নেওয়ার কথা রয়েছে। বিবৃতি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যদের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রায়েদ ক্রিমলি জানান, আঞ্চলিক সংকটে উত্তেজনা কমানো, সংলাপ বাড়ানো ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর হচ্ছে। সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দেওয়াও আলোচনার লক্ষ্য। তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সংশ্লিষ্ট দেশগুলো কাজ করছে। উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সমাধানের জন্য এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রয়েছে।
ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে খালিদ বিন সালমান
ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে খালিদ বিন সালমান




