Author: news_admin

  • ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ

    ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ

    আবুল হাসান, দেবহাটা: ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা দুইটার দিকে পারুলিয়া ইউনিয়নের আনছার প্লাজার সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের দাবি, ইরানে সাম্প্রতিক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী’র বিরুদ্ধে হুমকির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। পারুলিয়া ইউনিয়নের আল মোস্তফা (সা.) জামে মসজিদ কর্তৃপক্ষ এ কর্মসূচির উদ্যোগ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকী পতাকায় আগুন দেওয়া হয়। কর্মসূচিতে মসজিদের ইমাম, মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

  • প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

    প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

    হুসাইন বিন আফতাব: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, পেশাজীবী সংগঠনের কার্যালয়ে প্রকাশ্যে ঢুকে সভাপতির ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাঁদের অভিযোগ, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে এ হামলা পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা।
    মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ আবু কওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, সাংবাদিক আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রনজিৎ বর্মন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি হুসাইন বিন আফতাব, এসএম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেলসহ অনেকে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তাঁরা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শ্যামনগর থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, পূর্বে অবহিত করা সত্ত্বেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। উল্লেখ্য, সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। একপর্যায়ে যুবদল সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫–৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল–এ স্থানান্তর করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • শাল্যে সুফিয়া খাতুনের জানাজা সম্পন্ন

    শাল্যে সুফিয়া খাতুনের জানাজা সম্পন্ন

    হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের বাসিন্দা ইব্রাহিম সানার বড় বোন সুফিয়া খাতুনের (৫২) জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১০টায় শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সুফিয়া খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমার জীবনের নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে স্মৃতিচারণ করেন। এ সময় আরও বক্তব্য দেন হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহেদ এবং শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ অহিদুজ্জামান। বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমার ওসিয়ত অনুযায়ী জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা শহিদুজ্জামান শহিদ। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ১১ দিনেও মেলেনি ব্যবসায়ী সুজনের খোঁজ

    ১১ দিনেও মেলেনি ব্যবসায়ী সুজনের খোঁজ

    খুলনা ব্যুরো: খুলনায় নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের (৩৫) ১১ দিনেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে তাঁর মা রোকসানা সোবহান মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তাঁকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন সুজন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা হলেও এখনো তাঁর কোনো হদিস মেলেনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন সুজনের পরিবারের সদস্যরা। জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

  • ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

    ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

    হারুন উর রশীদ: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (০৩ মার্চ ২৬) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বক্তব্যে বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়া পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও নৈতিক মূল্যবোধ বিষয়ে তিনি আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং কালিগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডঃ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

    আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

    ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ও দেবহাটা–২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথিকে ধুলিহর ইউনিয়ন জামায়াতের কর্মকর্তা ও স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা মোশাররফ হোসেন এবং জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মাদ আলী হাবিবী। এছাড়া উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শহীদ হাসান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সদর উপজেলা জামাতের মিডিয়া পরিচালক ও কর্মকর্তা মাওলানা আনিসুর রহমান এবং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন। ধুলিহর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাই ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম। ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারি শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল: এমপি আব্দুল খালেক

    সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল: এমপি আব্দুল খালেক

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন। এ সময় উপস্থিত সবার প্রতি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান তিনি। এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি। পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এছাড়া জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন। সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করব। তিনি আরও বলেন, সাতক্ষীরার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা। পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

  • সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

    সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

    তালা প্রতিনিধি: তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগেই এলাকার উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় তালা উপজেলা জামায়াতের আয়োজনে তালা শিল্পকলা একাডেমির হলরুমে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি চায়। আমরা সবাই মিলে তালাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।” তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই। তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠ থাকতে হবে। অসত্য, অতিরঞ্জিত বা ভিত্তিহীন তথ্য প্রকাশে নিরুৎসাহিত করে তিনি বলেন, “আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারবেন, তবে আমার বক্তব্যটিও নেবেন। এতে আমিও সংশোধনের সুযোগ পাব।” তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এর আগে একই স্থানে সংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস। বিকেলে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ মোড় দখলদারিত্বে বিপর্যস্ত; উচ্ছেদের দাবি

    সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ মোড় দখলদারিত্বে বিপর্যস্ত; উচ্ছেদের দাবি

    মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দিবা-নৈশ কলেজ মোড় বর্তমানে অবৈধ দখল, ভাঙাচোরা স্থাপনা ও যানজটের কারণে চরম ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তার ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় থাকা দুটি দোকানঘর জনসাধারণের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অভিযোগ অনুযায়ী, মোড়ে অবস্থিত শান্ত স্টোর স্বত্বাধিকারী হায়দার এবং মদিনা ইউনানী আয়ুর্ব্বেদ চিকিৎসালয় যার মালিক কামরুল, এই দোকানঘর দুটি অবৈধভাবে রাস্তার ওপর নির্মিত ও বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে সড়কের পরিধি সংকুচিত হয়ে বড় যানবাহন বিশেষ করে ট্রাক ঘোরার সময় প্রায়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা জানিয়েছেন, মোড়ে সাতক্ষীরা দিবা‑নৈশ কলেজ, সাতক্ষীরা ল কলেজ, জনতা ব্যাংক ও একটি মসজিদ থাকায় প্রতিদিনই এখানে ব্যাপক জনসমাগম হয়। বিশেষ করে কলেজে ভর্তি, ক্লাস ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় ভ্যান ও ইজিবাইক সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি হয়। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করলে সমস্যার ভয়াবহতা সহজেই বোঝা যাবে। এ অবস্থায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জেলা প্রশাসক সাতক্ষীরা ও পৌর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, জনস্বার্থে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের দাবি, মোড়টি যানজটমুক্ত ও নিরাপদ রাখতে অবিলম্বে অবৈধ দোকানঘর ভেঙে সড়ক সম্প্রসারণ করতে হবে, অন্যথায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।