আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভাঙন ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সচেতন মহল। জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে বা প্রভাবশালীদের সহযোগিতায় এক শ্রেণির ব্যবসায়ী খাল, ঘের ও পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়নে সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে। এছাড়া শ্রীউলা, শোভনালী ও কুল্যা ইউনিয়ন দ্বিতীয় অবস্থানে এবং বুধহাটা ইউনিয়ন তৃতীয় অবস্থানে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব অবৈধ কর্মকাণ্ড চলছে। ফলে প্রশাসনের তদারকি সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙনকবলিত এলাকা থেকে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে অনেকের ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভূগর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। এ বিষয়ে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Author: news_admin
-

আশাশুনিতে জব্দকৃত কার্বন মাটিতে পুঁতে বিনষ্ট
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্টে জব্দ করা কার্বন (টায়ারের গুঁড়া) মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে জব্দকৃত কার্বনের বস্তাগুলোর মুখ খুলে মাটিতে চাপা দিয়ে তা ধ্বংস করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম ও পুলিশের সহযোগিতায় প্রায় ৩০০ বস্তা কার্বন প্রায় ৩০ ফুট গভীর মাটির নিচে ফেলে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
-

আশাশুনিতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ ব্রিজের মুখে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরিচ্চাপ ব্রিজের মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে আহত হন। পথচারী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন— জামালনগর গ্রামের আরশাফ, সোহেল রানা ও আসলাম। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, মরিচ্চাপ ব্রিজের দক্ষিণ পাশে চার রাস্তার সংযোগস্থল থাকায় একদিকের যানবাহন অন্য দিকের যানবাহন দেখতে পায় না। সেখানে কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সড়ক প্রশস্তকরণ ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
-

কুরআন বুঝে পড়ে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে: এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা মো. ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের, জাবিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “রমজান কুরআন নাজিলের মাস এবং ইসলামের বিজয়ের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও ঈমানি শক্তি সঞ্চয়ের মাস। কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মর্মবাণী অনুধাবন করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম সম্ভব।” তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও অন্যায় পরিহার এবং ইসলামী আদর্শে পরিচালিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
-

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল
নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ২টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের হলরুমে মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি রফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির ও সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা কর্মপরিষদ সদস্য ডা. মাওলানা আজিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শাহ সিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও নলতা ইউনিয়ন টিম সদস্য প্রভাষক মামুন বিল্লাহ, জামায়াত নেতা মাস্টার আনিসুর রহমান, শ্রমিক নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা কাউসার আলী, ছাত্রনেতা সাকিব হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক লতিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী মুজাহিদুল আলম।
-

বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
হাফিজুল ইসলাম: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন তলুইগাছা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সীমান্ত এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
-

উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় কলারোয়া
কলারোয়া ব্যুরো: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। একই সঙ্গে উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এলাকায় সুনাম অর্জন করেছে। মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মো. আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক। পাশাপাশি তিনি কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার মা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমির একজন শিক্ষিকা। নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মুত্তাকী জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন বিজ্ঞ আলেম হতে চায় সে। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সবার কাছে দোয়া প্রার্থী।
এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে মুত্তাকী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূরণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।”
-

শ্যামনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় নূরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে উত্তর হাজীপুর কারিকারপাড়া এলাকার হাবিবুর রহমান হবির বাসভবনে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী নূরনগর ইউনিয়ন আমীর ডা. আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাস্তব জীবনে তাকওয়া অর্জনের জন্যই মানুষের ওপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল-বাকারাহর ১৮৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন— “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” তিনি আরও বলেন, মাহে রমজানে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
-

সাংবাদিক সামিউল মনিরের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
স্টাফ রিপোর্টার: শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি প্রভাষক সামিউল মনিরের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন— সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা. জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান এবং নির্বাহী সদস্য আবু নাসের, মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আব্দুল গফুর সরদার ও এম. জিললুর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
-

যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ কয়েকজন নেতাকর্মী ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ করে যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এ সময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের উপর অতর্কিত হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। আহত সামিউল মনিরকে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি থানাকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় সামিউল মনিরের লেখা “যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এদিকে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রেসক্লাবের মতো পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলার সচেতন মহলের মতে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
