সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা প্রতিনিধি: তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগেই এলাকার উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় তালা উপজেলা জামায়াতের আয়োজনে তালা শিল্পকলা একাডেমির হলরুমে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি চায়। আমরা সবাই মিলে তালাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।” তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই। তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠ থাকতে হবে। অসত্য, অতিরঞ্জিত বা ভিত্তিহীন তথ্য প্রকাশে নিরুৎসাহিত করে তিনি বলেন, “আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারবেন, তবে আমার বক্তব্যটিও নেবেন। এতে আমিও সংশোধনের সুযোগ পাব।” তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এর আগে একই স্থানে সংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস। বিকেলে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *