Author: news_admin

  • সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ: কারাদণ্ড, জরিমানা

    সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ: কারাদণ্ড, জরিমানা

    আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত এবং বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে জ্বালানি পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চালকসহ চারজন ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক চালক মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাভা এলাকায় একটি ট্রাক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকটির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে পারেননি। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয় এবং চালককে আটক করা হয়। জব্দ করা পেট্রোলের উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ৭ হাজার লিটার পেট্রোলসহ জব্দ করা ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের ওখান থেকে বের হয়নি। এ কারণে পেট্রোলের দাবিদার ওই চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে সোমবার বিকেলে জব্দ করা ৭ হাজার লিটার পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন- মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল। জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, এদিকে বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে শহরের গোপন সংবাদের ভিত্তিতে জেলা সিআরবি’র সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল ইসলামের নেতৃত্বে পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পলাশপোল শাহাজুদ্দিনের পুত্র আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্টোল ও অকটেন পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, এসব পেট্টোল ৩শ থেকে ৫শ টাকা লিটারে বিক্রি করে আসছিলেন। অভিযোগ প্রমানিত হওয়ায় ৩০ লিটার তেল জব্দ করা হয়। এছাড়া আনোয়ার হোসেনকে ৫হাজার টাকা জরিমানা এবং ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযানে পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মহাদেব চন্দ্র সাধুরর প্রতারণায় দুই ব্যবসায়ী খুয়ালেন ১৯ কোটি টাকা

    মহাদেব চন্দ্র সাধুরর প্রতারণায় দুই ব্যবসায়ী খুয়ালেন ১৯ কোটি টাকা

    স্টাফ রিপোটার: মেসার্স সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রতারক মহাদেব চন্দ্র সাধুর প্রতারণার শিকার হয়ে দুই ব্যবসায়ী খুইয়েছেন ১৯ কোটি টাকা। ব্যবসায়ী ইসমাইল হোসেন রতনের ১৫ কোটি টাকা এবং মানিকগঞ্জের ব্যবসায়ী লিটন কুমার আইজের ২ কোটি ৪০ লাখ টাকা। জানা গেছে, ডিও ব্যবসার আড়ালে এই টাকা হাতিয়ে নেয় মাহাদেব সাহা। টাকা পরিশোধ না করে উল্টো মামলা করে হয়রানির করা হচ্ছে ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন ও লিটন কুমার আইজকে। মামলার হয়রানি থেকে বাঁচাতে ও জীবনের নিরাপত্তা এবং প্রতারক মাহাদেব সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন রতন ও রাধিকা ডাল মিল অ্যান্ড ওয়েল কোম্পানির মালিক লিটন কুমার আইজ। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন রতন দাবি করেন, প্রতারক মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পাবনা, শরীয়তপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়িক লেনদেনের নামে প্রতারণা, চেক ডিজঅনার, নারী ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১১৬টির বেশি মামলা রয়েছে। তারপর ভিন্ন কৌশলে ব্যবসার নামে প্রতারণা করে উল্টো ব্যবসায়ীদের নামে মামলা দিয়ে র্দীঘদিন ধরে হয়রানি করে আসছে। মহাদেব চন্দ্র সাধু ও তার ভাগিনাসহ ১৫ -১৬ জনের একটি চক্র এই জালিয়াতির সঙ্গে জড়িত। লিখিত অভিযোগে ইসমাইল হোসেন রতন জানান, ২০২৫ সালে চট্টগামের জনৈক ব্যবসায়ী ওয়াহেদ মাহমুদের মাধ্যমে টেলিফোনে পরিচয় হয় প্রতারক মহাদেব চন্দ্র সাধুর সঙ্গে। মাহদেব চন্দ্র সাধু নিজেকে খুলনার ডুমুরিয়ার প্রসিদ্ধ ব্যবসায়ী ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী জয়দেব সাহার নাম ব্যবহার করে মিথ্যা পরিচয় দেন। পরে জয়দেব সাহা নামে আমার কাছ থেকে ভুট্টা নেয়ার মাধ্যমে লেনদেন শুরু করেন। ভুট্টার পাশাপাশি মুসর ডাল, সরিষাসহ বিভিন্ন পণ্যের ডিও ক্রয়-বিক্রয় শুরু করেন। পরে বিভিন্ন কৌশলে এক থেকে দেড় বছরে প্রায় ১৫ কেটি টাকার পণ্য নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি চুয়াডাঙ্গা থানায় ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন কথিত জয়দেব সাহা। পরে ওই থানায় গিয়ে প্রথমে জানতে পারি সে জয়দেব সাহা নয়, তার আসল নাম মহাদেব চন্দ্র সাহা। শুধু আমার সঙ্গে নয়, দেশের আরও অনেক ব্যবসায়ীর সঙ্গে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মহাদেব চন্দ্র সাহা। এ ঘটনায় ২০২৫ সালের ২১ আগস্ট প্রতারক মহাদেব সাহা ও তার সহযোগীদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করি। মামলার পর মহাদেব সাহা ও তার সহযোগীরা আদালতে অপরাধ স্বীকার করে ৩১ ডিসেম্বরের মধ্যে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করবে মর্মে আদালত থেকে জামিন নেন; কিন্তু নির্ধারিত সময়ে মধ্যে টাকা পরিশোধ না করে উল্টো নতুন করে ষড়যন্ত্র শুরু করেন। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মহাদেব সাহা ও তার ভাগিনা শুভ সাহা অন্যান্য সহযোগীদের নিয়ে অপহরণের নাটক সাজিয়ে সাতক্ষীরা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আমাকে (ইসমাইল হোসেন রতন) গ্রেফতার করে। ১০ দিনের জেল খেটে ১৭ মার্চ জামিন পান। ১৯ মার্চ সাতক্ষীরা সদর থানায় আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দায়ের করে। ইসমাইল অভিযোগ করেন, প্রতারক মহাদেব চন্দ্র সাধু বর্তমানে টাকা যাতে আমাকে পরিশোধ করতে না হয় এজন্য আমাকে এবং আমার পরিবারকে চিরতরে মেরে ফেলার জন্য চক্রান্ত করছে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারক মহাদেব চন্দ্র সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। এ সময় তার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহাবার এগ্রোর কর্মকর্তা নজরুল ইসলাম, রাধিকা ডাল অ্যান্ড ওয়েল মিলের মালিক লিটন কুমার আইজ, আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নাহিদ, বালু লাল চক্রবতীসহ অনেকে।

  • সাতক্ষীরায় বিজিবি-ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে জ্বালানি তেল মজুদকারী আটক, কারাদণ্ড

    সাতক্ষীরায় বিজিবি-ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে জ্বালানি তেল মজুদকারী আটক, কারাদণ্ড

    মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি বন্ধে পরিচালিত যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন।

    সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয় এবং অবৈধ মজুদ, পাচার ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়।

    অভিযানের এক পর্যায়ে শহরের নিকটবর্তী পলাশপোল এলাকায় একটি বসতবাড়িতে লুকিয়ে রাখা জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন খোকন (গ্রাম: পলাশপোল, সাতক্ষীরা সদর) কে আটক করা হয়।
    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে কারাভোগ করতে হবে বলে জানা গেছে।

    বিজিবি জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
    এদিকে, স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।

  • আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ৬২ তম বার্ষিক ওরছ শরীফ

    আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ৬২ তম বার্ষিক ওরছ শরীফ

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এঁর ৬২ তম বার্ষিক ৩দিন ব্যাপী ওরছ শরীফ ২৮ মার্চ শনিবার বাদ ফজর থেকে মিলাদ শরীফ ও আলোচানা শুরু হয়ে সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও খানবাহাদুর আহ্্ছানউল্লা ইনস্টিটিউটের মহা পরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক’র সভাপতিত্বে নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্জ মুফতী মাওলানা গোলাম কিবরিয়া কাদেরী ৩৫ মিনিট ব্যাপী আখেরী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মানবজাতির কল্যাণ, সমৃদ্ধি এবং ইহকালে শান্তি ও পরকালের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়। আখেরী মোনাজাতের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, জইমাম,আড়ংগাছা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ক্বারী মো. শামছুর রহমান। মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন, শানপুকুর জামে মসজিদের ইমাম মৌ. মো. আব্দুল হাকিম। আলোচনা করেন, ঢাকা গুলশান-১ জামে মসজিদের খতিব আলহাজ্জ অধ্যাপক হাফেজ মোঃ হাফিজুর রহমান, ঢাকা আহ্্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এফ এম গোলাম সরফুদ্দীন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্জ মুফতী মাওলানা গোলাম কিবরিয়া কাদেরী প্রমূখ। গজল পরিবেশন করেন, মো. মানছুরুর রহমান, মো. ফিরোজ আলম, মো. মাসুম বিল্লাহ, মো. আবতাব হোসেন বাচ্চু, মো. শাহীন আলম। ভক্তের পত্র থেকে পাঠ করেন, মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মোঃ সাইদুর রহমান। কেয়াম পরিবেশন করেন, মাওলানা মোঃ এনায়েত উল্লাহ। এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নলতা শরীফ এলাকা ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দু’হাত তুলে মহান আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মুসুল্লিরা আকুতি জানান। এ সময় কারো দুই চোখ ছিল মুদিত, কারো দৃষ্টি ছিল সুদূরে প্রসারিত। আর থরথর কম্পমান দুই ঠোঁটে মৃদুস্বরে উচ্চারিত হয়েছে আমিন আমিন ধ্বনি। আল্লাহুমা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে নলতা শরীফ। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহভিক্ষা করছিলেন তারা। মোনাজাতে নলতা শরীফে লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পরই নলতা শরীফসহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে। ৩দিন ব্যাপী ওরছ শরীফে আগতদের মধ্যে দেখা যায় আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। ওরছ শরীফের সুস্বাদু তাবারক খাবার পর তাদের চোখে মুখে পরিতৃপ্তির ছাপ। কোন একজন মানুষও যেন তাবারক না খেয়ে যায়, সবাই যেন এক লোকমা তাবারক খেয়ে যেতে পারে, কোনরকম যেন তাদের অসুবিধা না হয় সে ব্যাপারে সেই ব্যবস্থা করে মিশন কর্তৃপক্ষ। আল্লাহর অশেষ রহমত ও বরকতে কোথাও একটু টান বা গরমিল দেখা যায় নাই। ৩দিন এভাবেই খানাপিনা চলেছে বিরামহীন। এই মহা নিয়ামত ও বরকতপূর্ণ তাবারক খেয়ে যে, কত মানুষের জটিল ও কঠিন অসুখ-বিসুখ, রোগ-শোক, জরা-ব্যাধি বালা-মসিবত, বদজীন-ভূতের তাছির থেকে মুক্তি পাওয়ার আশায়ও অনেকে এই তাবারুক খেয়েছেন বলেও জানা গেছে। ৩দিন ব্যাপী এই পবিত্র ওরছ শরীফ মহান আল্লাহর অশেষ রহমতে সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, মিশনের কর্মকর্তা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কর্মকর্তা খায়রুল হাসান ও হিসাব রক্ষক মোঃ এবাদুল হক। আখেরি মোনাজাত শেষে বেলা ১১ টা থেকে নলতা শরীফ শাহী জামে মসজিদের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

  • ফিংড়ী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির

    ফিংড়ী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির

    ফিংড়ী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন যুব জামায়াতরে উদ্যোগে যুব শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় ফিংড়ী আলিম মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ যুব শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ইউনিয়ন যুব বিভাগের  সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক আনিসুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম প্রমুখ।

    বক্তরা বলেন, অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিগত সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ অনেক বছর পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

  • সাতক্ষীরায় অস্ত্র-ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী ও সহযোগী গ্রেপ্তার

    সাতক্ষীরায় অস্ত্র-ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী ও সহযোগী গ্রেপ্তার

    বিশেষ প্রতিনিধি(কালিগঞ্জ):
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৪৩) ও তার সহযোগী আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৪) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন।

    শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শংকরপুর গ্রামের মো: আলমগীরের বাড়ির সামনে থেকে ইয়ার আলীকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই গ্রামের জব্বার আলী তরফদারের ছেলে।

    অভিযানে ইয়ার আলীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এবং পৃথক অভিযানে আরও ২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

    কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেন জানান, র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে ইয়ার আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি আরও জানান, ইয়ার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছে আরও অস্ত্র ও মাদকদ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

    দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা এই সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

  • ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে : শফিকুল ইসলাম

    ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে : শফিকুল ইসলাম

    সাতক্ষীরা জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

    ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে : শফিকুল ইসলাম

    সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ডা.শফিকুল ইসলাম বলেছেন, এই দেশের জনগণ রক্ত দিয়ে ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করেছে, বহু মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লব কোনো অবস্থাতেই বেহাত হতে দেয়া যাবে না।

    ২৮ মার্চ শনিবার বিকেলে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াত কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমান পৃথিবীতে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, দায়িত্বশীলদের দাওয়াতি কাজের মাধ্যমে দেশের সকল মানুষদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের ইউনিয়ন দায়িত্বশীলগণ এই দেশের সম্মানিত অভিভাবক, তাদেরও মানুষের পরিবর্তনের কাজে উৎসাহিত করতে হবে। তিনি বলেন,নতুন প্রেক্ষাপটে আমরা সকল জায়গায় দাওয়াত পৌঁছানোর যে সুযোগ পাচ্ছি এটাকে গণিমত হিসেবে কাজে লাগাতে হবে।
    জেলা জামায়াতের নায়েবে আমীর ডা:মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণভিত্তি অর্জন ও সংগঠনকে মজবুত করতে হবে। গণভিত্তি গড়ে তোলার জন্য আন্তরিকতার সাথে মানুষের সমস্যা চিহ্নিত করে তার যৌক্তিক সমাধানের চেষ্টা ও সামাজিক কাজের কোনো বিকল্প নেই।
    শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ডা: মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম,প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।

  • সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

    সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা জেলার উদ্যোগ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোর কণ্ঠের উপদেষ্টা ব্যারিষ্টার আল মামুন রাসেল, প্রভাষক ওমর ফারুক অতিথির বক্তব্য রাখেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশের সাতক্ষীরার চেয়ারম্যান জোবায়ের হোসেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, নাহিদ হাসান, আবু বক্কর, আনিচুর রহমান, ফয়সাল হোসেন, নাজমুল হাসান, জাহিদ হাসান, মতিউর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ব্যারিষ্টার আল মামুন ফয়সাল তাঁর বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই আজকের দিনে সফল হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন সময়ের দাবি। তথ্যপ্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ এই চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।” অনুষ্ঠানে মোট ১৬১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল, দ্বতীয় পর্যাযে নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ, কলম ও স্কুল ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ সময় সাইকেল বিজয়ী এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।” অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।