ডেক্স রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এর আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Blog
-

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
ডেক্স রিপোর্ট: মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেয়া হয়। মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।
-

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস
ডেক্স রিপোর্ট: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন। মূলত, সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো, বলে উল্লেখ করেছেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।
-

গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন শিশির মনির
স্টাফ রিপোর্টার: গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। শিশির মনির বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। দেশজুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।
-

আশাশুনিতে ৪ দোকানে ভয়াবহ আগুন
এস,এম মোস্তাফিজুর রহমান: আশাশুনির ব্রীজের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় আগুনে ৪টি দোকান পুড়ে যায়। দোকানগুলো হলো- মুজিবুর রহমানের মুকুল স্টোর, বকুল মোড়ল, রাজু আহমদ ও রজব আলীর দোকান। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা। স্থানীয় ফায়ার ব্রিগেডের ১২ জনের টিম আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
-
আশাশুনিতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে জামাই হত্যার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে শফিকুল ইসলাম গাজী (৫৫) শ্বশুরবাড়ির লোকজনের হাতে পিটিয়ে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানিয়েছেন, নিহতের দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম, শ্বাশুড়ি মোমেনা বেগম ও শালী জবেদা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। নিহতের প্রথম স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ বর্তমানে থানার হেফাজতে রয়েছে।
-

কলারোয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার রবিউল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ও কলারোয়া ফুটবল একাডেমির পরিচালক সাইদ আলী গাজী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মাসুদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
-

ধুলিহরে কৃষকের অংশগ্রহণে আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে বুধবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। মেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় যুবসংঘের নেতৃবৃন্দ। ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকেরা মেলায় অংশগ্রহণ করে তাদের নিজস্ব জমিতে উৎপাদিত কেমিক্যাল মুক্ত শাকসবজি, হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগল সহ বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শন করেন। মেলা চলাকালীন সময়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-

দৈনিক চৌকস ও গণ টিভির জেলা প্রতিনিধি হলেন তুহিন হোসেন
স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক চৌকস পত্রিকা ও গণ টেলিভিশন লিমিটেড-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন জেলা সাংবাদিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। সম্প্রতি দৈনিক চৌকসের সম্পাদক এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গণ টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রও তাঁকে প্রদান করা হয়। গণ টেলিভিশন লিমিটেডের লাইসেন্স নম্বর সি-১৯৩৭৬৫। নিয়োগপত্র অনুযায়ী, ২৩ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুহিন হোসেন বলেন, “গণ টিভি ও দৈনিক চৌকসের মতো একটি গণমাধ্যমে আমাকে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।” উল্লেখ্য, তুহিন হোসেন এর আগে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং জেলা সাংবাদিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
-

বংশীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ককটেল বিস্ফোরণ এবং সড়কে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘ড. ইউনুস ও জামাত বিএনপি’র অবৈধ্য পাতানো নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল’। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
