স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল সড়ক দূঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা. জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সদস্য সদস্যবৃন্দ। অপরদিকে, সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
Blog
-

শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে মো. আবু দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মাছের ঘেরে এঘটনা ঘটে। পরে ওই ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধ মো. আবু দাউদ মিস্ত্রি উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি মাছের ঘেরে তার দেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘেরের পানি থেকে বৃদ্ধেও মরদেহ উদ্ধার করা হয়। মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
-

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল, শহীদদের সম্মানেই মন্ত্রীদের শপথে যাইনি: জামায়াত আমির
ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ছিল তাদের মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাওয়ার। কিন্তু আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না।’ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং শপথ গ্রহণ নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। শপথের প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে দুটি শপথের কথা বলা হয়েছিল। সংসদ সদস্যদের পরে সংবিধান সংস্কার পরিষদের গণভোটের শপথ।’ তিনি আরও বলেন, ‘আমরা রুমে প্রবেশ করার পর সচিব জানালেন সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আমরা দুটো নিলাম।’ ২০২৬ সালের এই নির্বাচনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘২০২৬ সালে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। ২৪ এর গণঅভ্যুত্থানের কারণে এই নির্বাচন হয়েছে। শপথের বিষয়ে আমরা হয়তো ভিন্ন চিন্তা করতে পারতাম। কারণ জুলাইয়ের আকাঙ্খা ও গণভোটের রায়কে আমরা দায়িত্ব বলে গণ্য করেছি। আমরা গণভোটের রায় ও জুলাই এর আকাঙ্ক্ষাকে সম্মান করেছি।’ সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘’সরকারি দল ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। এটা জনআকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ভিন্ন বক্তব্য দিয়েছেন। যদি তারা জুলাইকে সম্মান করেন, সংষ্কারকে ধারণ করেন তাহলে তারা সেই শপথ নেবেন। যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনিও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়েছেন।’’ শপথের বৈধতা ও জুলাই বিপ্লবের মর্যাদা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘কার কাছে শপথ নেবে সেটা তারা তাদের পছন্দমতো ব্যক্তির কাছে নিতে পারেন। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। জুলাইকে অসম্মান, অশ্রদ্ধা ও স্বীকৃতি না দিয়ে ২৬ এর এই পার্লামেন্ট গৌরবের আসনে বসতে পারবে না।’ কেন জামায়াত মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ছিল তাদের মন্ত্রীদের শপথে যাওয়ার। কিন্তু আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না। যার কারণে শত ইচ্ছা থাকলেও আমরা শপথে যেতে পারলাম না। এজন্য আফসোস থাকল।’
-

ভেঙে দেয়া হলো অন্তর্বর্তী সরকার
তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন। সেইসাথে নতুন সরকার গঠনের সাথে সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি আজ তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন। প্রজ্ঞাপনটি মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সাথে সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
-

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘প্রান্তিক যুব সংঘ’-কে নিবন্ধন সনদ প্রদান
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলা গ্রামভিত্তিক সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’
আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় থেকে সংগঠনটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়। যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫-এর ৪ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা ২০১৭ অনুযায়ী সংগঠনটিকে নিবন্ধিত করা হয়েছে, যার সরকারি নিবন্ধন নম্বর: যুউ অ/সাতঃ নিঃ-১২৮।গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঙ্গীত কুমার দাস স্বাক্ষরিত সনদটি সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার ফলে সংগঠনটি এখন থেকে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ, অনুদান এবং যুব ঋণের সুযোগ-সুবিধা গ্রহণ করে স্থানীয় বেকারত্ব দূরীকরণে সরাসরি ভূমিকা রাখতে পারবে।
দীর্ঘদিন ধরে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, দুর্যোগে ত্রাণ বিতরণ এবং দুস্থদের সহায়তায় কাজ করে আসছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাদের কার্যক্রম প্রশংসিত হয়েছে। নতুন এই স্বীকৃতি তাদের কাজের পরিধি ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
নিবন্ধন সনদ গ্রহণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল, সহ-সভাপতি ইফতি জামিল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া খাতুন, অর্থ সম্পাদক মারুফুজ্জামান সম্রাট, ক্রীড়া সম্পাদক হাসনা আক্তার ইতি এবং সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়া সরদার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. মোকাররাম বিল্লাহ ইমন, ইমতি জামিল, তাপস সরকার, মুছাব্বির রহমান ইমন, বিচিত্র মন্ডল ও আজমিরা খাতুন উপস্থিত ছিলেন।
উপপরিচালক সঙ্গীত কুমার দাস জানান, নিবন্ধিত সংগঠনগুলোকে নিয়মিত মনিটরিং করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক যুব সংঘ’ তাদের গঠনতন্ত্র মেনে যুব সমাজের নৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই তারা এলাকায় মাদকবিরোধী সচেতনতা এবং কারিগরি শিক্ষা প্রসারে নতুন প্রকল্প হাতে নেবে। এই অর্জনে চালতেতলা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
-

হযরত আয়েশা (রা:) মহিলা মাদ্রাসা পুরুষ্কার বিতরন
মো: শামীম হোসেন: ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ৬ নং ভোমরা ইউনিয়ন ২ নং ওয়াড হাড়দ্দাহ বিশ্বাসপাড়া
হযরত আয়েশা (রা:) আদর্শ মহিলা মাদ্রাসা ওএতিমখানা পুরুষ্কার বিতরন অনুষ্ঠান হয়েছে।আজ ১৭ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সন্ধা ৬:৩০ মিনিটে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান শুরু হয়।মাদ্রাসার ছাত্রীদের পরিক্ষার সাপেক্ষে ফলাফলের মাধ্যমে১ ম,২ য়,৩য় (হিফস,নাজেরা,কায়দা)পুরুষ্কার বিতরন হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ২ নং কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: সহিদুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা ৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামী ২ নং ওয়াড সভাপতি আলহাজ্ব মুক্তার আলী গাজী।
জাহিদ হোসেন,সাইফুল ইসলাম, সাবেক মহিলা মিম্বার হামিদা খাতুন,নাঈম হোসেন, মাসুম হোসেন,আলাউদ্দিন শেখ প্রমুখপরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান শেষ হয়।
-

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে প্রথমে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দল ও জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। জামায়াতে ইসলামী ও জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এনসিপি’র সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। একাই শপথ নিলেন জোনায়েদ সাকি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দেশের ইতিহাসে প্রথম কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং দলের অন্য নেতারা। তবে নির্বাচনে জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল মতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে ২০৯টিতে আসনে জয় পায় বিএনপি। ফলে ২০ বছর পর আবারও সরকার গঠন করে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
-

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।
-

সাবেক শিবির সভাপতি আব্দুর রকিবের ইন্তেকালে জামায়াতের শোক
নাজমুল হক খান, পাটকেলঘাটা: তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের পুত্র আব্দুর রকিব সরদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৩ পুত্র, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুর রকিব সরদার ১৯৯৭ সালে ইসলামী ছাত্র শিবিরের তালা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী শোকবার্তা প্রদান করেন। তারা বলেন, মরহুম ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং তার প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




