Blog

  • কালিগঞ্জে নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    কালিগঞ্জে নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    কালিগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে এ সভা হয়। প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ে আলোচনা করা হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সভাপতিত্বে এবং অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং প্রভাষক সেলিম শাহরিয়ার। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

  • প্রতাপনগরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

    প্রতাপনগরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

    এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি হয়। ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহসেক্রেটারি প্রভাষক শাহজাহান আলী, চেয়ারম্যান আলহাজ আবু দাউদ ঢালী, প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, অধ্যক্ষ মুজিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান টুকু ও ছাত্রশিবির সভাপতি মহিববুল্লাহ। ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • ধুলিহরে অসহায় ও এতিমদের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

    ধুলিহরে অসহায় ও এতিমদের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

    ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর- ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুইজন অসহায় বৃদ্ধ ও নয়জন এতিম শিশুসহ মোট ১১টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন সংগঠনের ক্যাশিয়ার ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ ও মাওলানা মহিব্বুল্লাহ। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নতুন পোশাকের পাশাপাশি ডাল, ছোলা, ভোজ্য তেল, আলু, সেমাই, চিনি, বয়লার মুরগি ও খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

  • কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

    কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

    খুলনা ব্যুরো: খুলনা জেলার দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেনÑ মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানায়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেলসহ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। আরও জানা যায়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ঈদ উপলক্ষে বিআরটিএ’র রোড শো

    ঈদ উপলক্ষে বিআরটিএ’র রোড শো

    স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরায় রোড শো ও পরিবহন কাউন্টারে মনিটরিং করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের সঙ্গীতা মোড়ে পুলিশ ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শন করা হয় এবং ঘরমুখো যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমানের নির্দেশনায় কর্মসূচি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশল) উসমান সরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, ট্রাফিক পুলিশের সদস্য ও পরিবহন মালিকদের প্রতিনিধি। রোড শোতে স্থানীয় জনগণ ও পথচারীদের অংশগ্রহণ দেখা যায়।

  • সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    স্টাফ রিপোর্টার: “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” প্রতিপাদকে সামনে নিয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বাজার মনিটরিং সম্পাদক মোঃ মফিজুর রহমান, নারী নেত্রী মহুয়া মঞ্জুরী খোদা, শেখ মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ আসাদুল ইসলাম, প্রভাষক আমিনুর রহমান, মোঃ জুলফিকার আলী প্রমুখ।

  • সামেক হাসপাতালে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

    সামেক হাসপাতালে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে বড় ধরনের অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ৫৪ জন কর্মী নিয়োগের কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে হাসপাতালের এক হিসাবরক্ষকের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিয়ম অনুযায়ী লটারি করার কথা থাকলেও তা না করে বিতর্কিত একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে রেজুলেশন পাঠানো হয়েছে। অনুসন্ধানে জানা যায়, সামেক হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য গত বছরের ১ নভেম্বর প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে আরব সার্ভিস প্রাইভেট লিমিটেড, মাছরাঙা সিকিউরিটি সার্ভিস, পিমা অ্যাসোসিয়েট ও টি ফোর এস ইন্টারন্যাশনাল নামে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। তবে নথিপত্রে ত্রুটি ও অনিয়মের অভিযোগে টি ফোর এস ইন্টারন্যাশনালের আবেদন বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। ১৯ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিনে আগের সেই চারটি প্রতিষ্ঠানই অংশ নেয় এবং সবাই একই দর (রেট) দাখিল করে। সরকারি বিধি অনুযায়ী, একাধিক প্রতিষ্ঠানের দর একই হলে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের কথা থাকলেও তা করা হয়নি। অভিযোগ উঠেছে, হাসপাতালের হিসাবরক্ষক মো. মোস্তাজুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে ‘টি ফোর এস ইন্টারন্যাশনাল’-এর নাম পুনরায় রেজুলেশন করে অনুমোদনের জন্য অধিদপ্তরে পাঠিয়েছেন। দরপত্রে অংশ নেওয়া আরব সার্ভিস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রহমান বলেন, প্রথম দফায় যে প্রতিষ্ঠানটি বাতিল হলো, তাকেই আবার কাজ পাইয়ে দিতে ৫৪ জন প্রার্থীর বিপরীতে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আমরা এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। সংশ্লিষ্ট অন্য একটি সূত্রের দাবি, হিসাবরক্ষক মোস্তাজুল ইসলামের পরিবার খুলনায় টি ফোর এস ইন্টারন্যাশনালের মালিকের বাড়িতে ভাড়া থাকে। সেই ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই এই অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতালের হিসাবরক্ষক মো. মোস্তাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার সাবেক সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাস বলেন, এ ধরনের দুর্নীতি রোধে হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি তথা স্থানীয় সংসদ সদস্যের তদারকি প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজরা আইনের আওতায় আসতে বাধ্য। সনাক সাতক্ষীরার বর্তমান সভাপতি তৈয়ব হাসান বাবু জানান, বিষয়টি নিয়ে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সাতক্ষীরার সচেতন মহল মনে করছে, আউটসোর্সিং নিয়োগে এমন অস্বচ্ছতা হাসপাতালের সেবার মানকে প্রশ্নবিদ্ধ করবে। তারা লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন।

  • জনগণের প্রত্যাশা উপেক্ষা হলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

    জনগণের প্রত্যাশা উপেক্ষা হলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

    ডেস্ক রিপোর্ট: ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। উপদেষ্টাদের একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি অংশ জড়িত ছিল। তারপরও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এই নির্বাচন মেনে নিয়েছি এবং আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, একই দিনে দুটি বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়- একটি জাতীয় সংসদ গঠনের জন্য এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা এবং গেজেট নোটিফিকেশনও সম্পন্ন হয়েছে। তাই জনগণের রায়ের ভিত্তিতে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন এখনো ডাকা হয়নি। অথচ জুলাই সনদ অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ করিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করানো হয়নি। এর মাধ্যমে বোঝা যায়, সংস্কার প্রক্রিয়ার বিষয়ে সরকারের অবস্থানে পরিবর্তন এসেছে। অথচ গণভোটে বিপুল জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাদের এই রায়কে উপেক্ষা করা জাতির সঙ্গে এক ধরনের অবমাননার শামিল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা আমাদের উদ্বিগ্ন করছে। আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয়নি। পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে যদি সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। তিনি বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য আগামী দিনটিকে সরকারের জন্য শেষ সময় হিসেবে বিবেচনা করা হবে। যদি এর মধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ না নেয়, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে চাই- এর দায় সরকারকেই নিতে হবে। তিনি আরও বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশা উপেক্ষা করে, তাহলে সংসদের ভেতরে যেমন আমাদের দায়িত্ব পালন করতে হবে, তেমনি রাজপথেও আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জানান, আগামীকাল পর্যন্ত সরকার যদি এ বিষয়ে উদ্যোগ না নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। খুব শিগগিরই শীর্ষ নেতাদের বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার সঠিক পথে না চললে সংসদ ও রাজপথ- উভয় ক্ষেত্রেই আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ১৪ মার্চ (শনিবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল খান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামত বশির ও লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

  • আশাশুনিতে ‘আপন বাংলা’ নিউজ চ্যানেলের ইফতার মাহফিল

    আশাশুনিতে ‘আপন বাংলা’ নিউজ চ্যানেলের ইফতার মাহফিল

    আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ‘আপন বাংলা’ পরিবারের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে আশাশুনি সরকারি বুদ্ধি প্রতিবন্ধী ও এতিমখানা মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়। আপন বাংলা নিউজ চ্যানেলের চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
    প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা মো. আবু বাক্কার সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বর্তমান সভাপতি এস কে হাসান, সাবেক সভাপতি আহসান হাবীবসহ শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য সুধীজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল্লাহ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী।