ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোমরায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উপদেষ্টা ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম বাবলা ও অ্যাডভোকেট এ বি এম সেলিম, দুজনই প্রেসক্লাবের উপদেষ্টা। ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্বাস উদ্দিন।
Category: সাতক্ষীরা সদর
-

ন্যাশনাল ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল
আরিফ হোসেন রনি: সাতক্ষীরা শহরের ইটাগাছায় অবস্থিত সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ন্যাশনাল ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে হাসপাতালের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা গাজী আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ওয়াপদা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন। বক্তব্যে মাওলানা মহিউদ্দীন বলেন, পবিত্র রমজান ধৈর্য, সংযম ও সহমর্মিতার মাস। ইফতারের সময় আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মইন সিকদার, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম, জামিলুর বাশার জামিল, আবু বক্কর সিদ্দিক, এবাদুল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম ও আব্দুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন।
-

আল মুজাহীদের মৃত্যুতে জামায়াতের শোক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে ১৪নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আল-মুজাহিদ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল-মুজাহিদ ভাই ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ শপথের কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কাজ করে গেছেন। তারা বলেন, তার অকাল ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন ত্যাগী কর্মীকে হারাল। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন। -

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভাপতিত্বে অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শাহানাজ বেগম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তা। অগ্নি মহড়া ও আলোচনা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগাম প্রস্তুতির গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্বারোপ করেন।
-

মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর উত্তর থানা শাখার উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫ টায় সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালে সভাপতিত্বে এবং সেক্রেটারি তাইফুল ইসলামের এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোঃ মাসুদুজ্জামান ও ১নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মো. আমিনুর রহমান। প্রধান অতিথি মাসুদ রানা বলেন, বদর সত্য ও মিথ্যার মধ্যে একটি ঐতিহাসিক ফয়সালা ছিল। এই যুদ্ধের মাধ্যমে ইসলাম একটি শক্তিশালী অবস্থান লাভ করে।বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করে এবং ইসলামের দাওয়াতকে নতুন গতি দেয়। এই যুদ্ধ আমাদের শেখায় যে, সংখ্যায় কম হলেও যদি ঈমান দৃঢ় থাকে এবং লক্ষ্য সৎ হয়, তাহলে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন সম্ভব। এই দিনে আমাদের জন্য শিক্ষা হলো—আমাদের জীবনেও সত্য, ন্যায় এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য দৃঢ়তা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। বদরের চেতনা আমাদেরকে সাহস, আত্মত্যাগ এবং আদর্শিক দৃঢ়তার শিক্ষা। এছাড়া সুন্দর মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করার জন্য পৌর উত্তর থানা শাখা কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বশেষ হাফেজ বাদশা ফয়সাল এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
-

মশার উপদ্রের প্রতিকার চেয়ে পৌর ছাত্রদলের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার ভয়াবহ উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাতক্ষীরা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশেষ করে ১নং ওয়ার্ডের কাটিয়া টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, মুনজিতপুর, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, ৫নং ওয়ার্ডের চালতেতলা, ৬নং ওয়ার্ডের কুখরালী, ৭নং ওয়ার্ডের ইটাগাছা, ৮নং ওয়ার্ডের কামালনগর এবং ৯নং ওয়ার্ডের রসুলপুর ও চৌরঙ্গী মোড়সহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সম্প্রতি তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন মশার এই উপদ্রব মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী। শহর ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে অনতিবিলম্বে পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন ও কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহর ছাত্রদল নেতা জুবায়ের, সরকারি কলেজ ছাত্রদল নেতা শেখ ইমরান আহমেদ, ফাহিম হোসেন ও এবং সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পৌর কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শহর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
-

জমিজমা সংক্রান্ত বিরোধের ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর পিতা গোলাম রসুল মোড়লের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হামেজউদ্দীন গাজীর ছেলে আব্দুর রহমান গাজী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছে। কবির হোসেনের অভিযোগ, তাঁদের পৈত্রিক সম্পত্তির প্রায় সাড়ে পাঁচ শতক জমি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে ২০২০ সালের ১৪ অক্টোবর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময় তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এসব ঘটনায় তাঁর মা হোসনেয়ারা খাতুন ও ভাবি রেবেকা খাতুন আহত হন। পরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলাও করা হয়েছে। কবির হোসেন জানান, ২০২১ সালে প্রতিপক্ষরা তাঁদের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দিলে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে সমঝোতা হয়। সে অনুযায়ী জমি বিনিময়ের মাধ্যমে রাস্তার ব্যবস্থা করা হয়। তবে এরপরও বিরোধ থামেনি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ৮ আগস্ট প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া চলমান মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর ভাইকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে কবির হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
-

ঈদে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভা সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. মশিউর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের প্রতিনিধি মো. মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আবু বকর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার শেখ হুমায়ূন কবির বক্তব্য দেন। সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। ঢাকাগামী পরিবহনগুলোকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনাও দেওয়া হয়। এ ছাড়া পৌর এলাকার নিবন্ধিত ইজিবাইক চলাচল অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর এলাকায় অবৈধ যান চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ার পর সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়ে, সাতক্ষীরা-আশাশুনি রুটের মিনিবাস উপজেলার মোড়ে, সাতক্ষীরা-খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে এবং সাতক্ষীরা-যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে নির্ধারিতভাবে দাঁড়াবে। অনুষ্ঠানে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
-

সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত
স্টাফ রিপোর্টার: বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ পাঁচ শতাধিক রোজাদার অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানেন সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জমিয়েতে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদীস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতা। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তরা আরো বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলার শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত। সমাজের অন্যায় দূর করতে হলে তাকওয়াবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মুসলিম উম্মাহ’র ঐক্যবদ্ধ শান্তি ও সমৃদ্ধিসহ বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের অন্যতম নেতা মাওলানা আব্দুল বারী।
-

আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ৪ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জনই নতুন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সহ সভাপতি, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জেলায় সম্প্রতি বিভিন্ন ধরনের অপরাধ ও নাশকতামূলক কার্যক্রমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে জনগণ ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অপরিহার্য। তিনি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রমের পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ, চোরাচালান মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, স্কুল-কলেজ শিক্ষক ও সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য একত্রিত প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় নবনির্বাচিত ৪ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জনই ছিলেন নতুন।
