তালা প্রতিনিধি: তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগেই এলাকার উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় তালা উপজেলা জামায়াতের আয়োজনে তালা শিল্পকলা একাডেমির হলরুমে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি চায়। আমরা সবাই মিলে তালাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।” তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই। তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠ থাকতে হবে। অসত্য, অতিরঞ্জিত বা ভিত্তিহীন তথ্য প্রকাশে নিরুৎসাহিত করে তিনি বলেন, “আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারবেন, তবে আমার বক্তব্যটিও নেবেন। এতে আমিও সংশোধনের সুযোগ পাব।” তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এর আগে একই স্থানে সংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস। বিকেলে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
Category: কলারোয়া
-

কুরআন বুঝে পড়ে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে: এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা মো. ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের, জাবিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “রমজান কুরআন নাজিলের মাস এবং ইসলামের বিজয়ের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও ঈমানি শক্তি সঞ্চয়ের মাস। কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মর্মবাণী অনুধাবন করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম সম্ভব।” তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও অন্যায় পরিহার এবং ইসলামী আদর্শে পরিচালিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
-

বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
হাফিজুল ইসলাম: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন তলুইগাছা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সীমান্ত এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
-

উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় কলারোয়া
কলারোয়া ব্যুরো: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। একই সঙ্গে উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এলাকায় সুনাম অর্জন করেছে। মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মো. আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক। পাশাপাশি তিনি কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার মা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমির একজন শিক্ষিকা। নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মুত্তাকী জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন বিজ্ঞ আলেম হতে চায় সে। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সবার কাছে দোয়া প্রার্থী।
এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে মুত্তাকী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূরণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।”
-

বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
হাফিজুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩/৩-এর ৮ আরবি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ওষুধ পাচারের চেষ্টা করছিল। চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত ওষুধ সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের চোরাচালানবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা এ অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
-

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবার মডেল হিসেবে গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের আস্থার প্রতীক ও উন্নত চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তোলা হবে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেটি নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসাসেবা নিয়ে সরাসরি মতামত গ্রহণ করেন। এ সময় চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং রোগীদের জন্য খাবারের মান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রোগীদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বস্ত করে বলেন, সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বা সেবায় অবহেলা সহ্য করা হবে না। পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “চিকিৎসক ও নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে পারে।” তিনি হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বন্ধ থাকা অপারেশন কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। হাসপাতাল পরিদর্শনের আগে সংসদ সদস্য কলারোয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-

জনগণের সাথে এমপি ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময়
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। তিনি কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও কেরালকাতা ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি নির্বাচনে সমর্থন ও ভালোবাসার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।” তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিক কার্যকর করা, শিক্ষাখাত উন্নয়ন ও সরকারি প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সফরকালে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। এদিন তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতা।
-

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
স্টাফ রিপোর্টার: কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেবুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইজ্জত উল্লাহ। ত্রৈমাসিক সভায় ইউনিয়নভিত্তিক গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কলারোয়া থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নেরুন নাহার আক্তার, দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগমসহ কমিটির সদস্যবৃন্দ। এছাড়া গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচারিক সেবা নিশ্চিত করা যায়।
-

গণসংবর্ধনায় দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। তিনি দলের বা রাজনৈতিক মতের ঊর্ধ্বে থেকে সমন্বিত উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কলারোয়ার সব কার্যক্রম সিস্টেমেটিক পদ্ধতিতে পরিচালিত হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। উন্নয়ন, নাগরিক অধিকার ও জনসেবাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আমীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। এমপি ইজ্জত উল্লাহ জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেবেন বলে জানান। পাশাপাশি তিনি মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সামাজিক ও প্রশাসনিক সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। গণসংবর্ধনা শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, কলারোয়ার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন।
-

অনিয়মের অভিযোগ পেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমপি ইজ্জত উল্লাহ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “সুদ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি দূর করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় কলারোয়াকে শান্তি-শৃঙ্খলার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। অনিয়মের অভিযোগ পেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস হবে না বলে সতর্ক করে বলেন, অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, পুলিশের এএসপি মো. ইমরান, কলারোয়া থানার ওসি এইচ. এম. শাহিন, নির্বাচন অফিসার অনুজ গাইন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মনিটরিংসহ নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
