Author: news_admin

  • শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

    শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

    রাজনৈতিক নেতাদের ফেরানোর বন্দোবস্ত: সারর্জিস
    স্টাফ রিপোটার: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও রাজনৈতিক নেতাদের ফেরানোর বন্দোবস্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিল করার সিন্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের প্রবিধানমালা সংশোধন করে কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। এতে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আগের নিয়মে ফেরানো হচ্ছে। অর্থাৎ, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎ শাহী সদস্য, দাতা সদস্য, শিক্ষানুরাগী ব্যক্তিদের যুক্ত করার বিষয়ে নির্দেশনা এসেছে। এ পদগুলোতে মূলত স্থানীয় রাজনৈতিক নেতা কিংবা তাদের অনুসারীরাই থাকেন। ফলে অঘোষিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও রাজনৈতিক নেতাদের বসানোর নির্দেশনা এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সভাপতি হওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।’শিগগির এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও জানা গেছে। ম্যানেজিং কমিটি নিয়োগে সংসদ সদস্যদের ক্ষমতাও আর থাকছে না। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, ডিসি, বিভাগীয় কমিশনার হয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের কাছে যাবে তিনজনের নামের তালিকা। সেখান থেকে একজন হবেন কমিটির প্রধান বা সভাপতি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষাবোর্ড। ২০২৪ সালের মে মাসের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতো না। তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে। ওই প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা বিষয়ে বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না। এরপর উচ্চ আদালতের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালা সংশোধন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করে। সেই নিয়ম বাতিল করে ২০২৪ সালের আগের নিয়মে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ঝুঁকিতে ফেলা হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে অন্তত স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে। কিন্তু পরে সেই শর্ত বাতিল করে সভাপতির পদে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতার মানদণ্ড তুলে দেওয়া হলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। অতীতে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থার মান ও গুণগত মান নষ্ট করে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে এনসিপির এই নেতা বলেন, একই ধরনের পথে হাঁটলে জনগণ ভবিষ্যতে তাদের প্রত্যাখ্যান করবে। মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বলা হলেও বাস্তবে যোগ্যতা ও মানের প্রশ্ন উপেক্ষা করা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, প্রয়োজনে যোগ্য ও দক্ষ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে অথবা দলের কর্মীদেরই যোগ্য করে তুলতে হবে। তবে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কৌশল বা অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • আল মুজাহীদের মৃত্যুতে জামায়াতের শোক

    আল মুজাহীদের মৃত্যুতে জামায়াতের শোক

    স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে ১৪নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আল-মুজাহিদ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
    মঙ্গলবার (১০ মার্চ) এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল-মুজাহিদ ভাই ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ শপথের কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কাজ করে গেছেন। তারা বলেন, তার অকাল ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন ত্যাগী কর্মীকে হারাল। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

  • পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক

    পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক

    স্টাফ রিপোর্টার: রমজানের ছুটিতে সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া এলাকায় ১৪৫নং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় পুরাতন পরিত্যক্ত ভবনের জানালার লোহার গ্রিল ভেঙে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়রা দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ রকি পাঠান (২৮) এবং মোঃ আবু বক্কর (৪৫)।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খালিদা খাতুন (৫১) জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১ তলা বিশিষ্ট পুরাতন ভবনের জানালার গ্রিল চুরি করার জন্য আসামীদ্বয় হাতুড়ি ও লোহার কাটারি ব্যবহার করছিল। স্থানীয়রা ঘটনাস্থল দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের হেফাজতে নেয় এবং ধৃতদের কাছ থেকে চুরি করা লোহার কাটারি, হাতুড়ি ও জানালার অংশ উদ্ধার করে।
    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনায়ও আসামীদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। রমজানের ছুটিতে বিদ্যালয়ে চুরি চেষ্টার ঘটনা উদ্বেগজনক, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।”

  • সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভাপতিত্বে অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শাহানাজ বেগম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তা। অগ্নি মহড়া ও আলোচনা শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগাম প্রস্তুতির গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্বারোপ করেন।

  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

    পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

    মোঃ হারুন উর রশীদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে দারিদ্র্য বিমোচন ও সামাজিক সহায়তার কার্যক্রম জোরদার করতে ‘যাকাত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি তার প্রবন্ধে যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের বাস্তবসম্মত দিক ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতে নায়েবে আমীর নাসির ও বাইতুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী। সেমিনারে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা যাকাত ব্যবস্থাপনার গুরুত্ব ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাসে সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

  • মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

    মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

    মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর উত্তর থানা শাখার উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫ টায় সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালে সভাপতিত্বে এবং সেক্রেটারি তাইফুল ইসলামের এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোঃ মাসুদুজ্জামান ও ১নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মো. আমিনুর রহমান। প্রধান অতিথি মাসুদ রানা বলেন, বদর সত্য ও মিথ্যার মধ্যে একটি ঐতিহাসিক ফয়সালা ছিল। এই যুদ্ধের মাধ্যমে ইসলাম একটি শক্তিশালী অবস্থান লাভ করে।বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করে এবং ইসলামের দাওয়াতকে নতুন গতি দেয়। এই যুদ্ধ আমাদের শেখায় যে, সংখ্যায় কম হলেও যদি ঈমান দৃঢ় থাকে এবং লক্ষ্য সৎ হয়, তাহলে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন সম্ভব। এই দিনে আমাদের জন্য শিক্ষা হলো—আমাদের জীবনেও সত্য, ন্যায় এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য দৃঢ়তা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। বদরের চেতনা আমাদেরকে সাহস, আত্মত্যাগ এবং আদর্শিক দৃঢ়তার শিক্ষা। এছাড়া সুন্দর মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করার জন্য পৌর উত্তর থানা শাখা কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বশেষ হাফেজ বাদশা ফয়সাল এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি: এমপি গাজী নজরুল ইসলাম

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি: এমপি গাজী নজরুল ইসলাম

    সাইফুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন অনুষ্ঠান উপস্থাপনা করেন। প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরায় উপকূলীয় বোর্ড স্থাপন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী তৈরী, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে কাম সাইক্লোন শেল্টার নির্মাণ, নদী ড্রেজিং ও খাল খননের মাধ্যমে মিষ্টি পানির আধার তৈরি, দুর্যোগসহ কর্মসূজন প্রকল্প ও দরিদ্র পরিবারের জন্য ঘর বরাদ্দ প্রকল্প পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবির, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান এবং ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা ফায়ার সার্ভিসের চৌকস সদস্যদের পরিচালনায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

  • মশার উপদ্রের প্রতিকার চেয়ে পৌর ছাত্রদলের স্মারকলিপি

    মশার উপদ্রের প্রতিকার চেয়ে পৌর ছাত্রদলের স্মারকলিপি

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার ভয়াবহ উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাতক্ষীরা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশেষ করে ১নং ওয়ার্ডের কাটিয়া টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, মুনজিতপুর, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, ৫নং ওয়ার্ডের চালতেতলা, ৬নং ওয়ার্ডের কুখরালী, ৭নং ওয়ার্ডের ইটাগাছা, ৮নং ওয়ার্ডের কামালনগর এবং ৯নং ওয়ার্ডের রসুলপুর ও চৌরঙ্গী মোড়সহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সম্প্রতি তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন মশার এই উপদ্রব মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী। শহর ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে অনতিবিলম্বে পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন ও কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহর ছাত্রদল নেতা জুবায়ের, সরকারি কলেজ ছাত্রদল নেতা শেখ ইমরান আহমেদ, ফাহিম হোসেন ও এবং সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পৌর কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শহর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

  • শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

    শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মাসখানেক আগে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগরের ফুলতলা মাজাট এলাকার মো. মোদাচ্ছের আলম লিটনের বাড়িতে চোরচক্র হানা দেয়। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণের রুলি, নেকলেস, চেইন, কানের দুল ও রুপার বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শ্যামনগর থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। গত ৮ মার্চ রাতে ঢাকা জেলার আশুলিয়ার নলাম বাগবাড়ি এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি শ্যামনগরের ফুলতলা মাজাট গ্রামের বাসিন্দা। সাইফুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার ভাই শেখ শিমুল হোসেনকে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে আটক করা হয়। শিমুল জানান, স্বর্ণালংকারগুলো তিনি তার বোন জাকিয়া সুলতানার কাছে গচ্ছিত রেখেছিলেন। পরে মানিকগঞ্জ সদরের জায়গির ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি স্টিলের বাক্সে রাখা লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা গেছে, চুরি হওয়া কিছু অলংকার ইতোমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের একটি স্বর্ণের দোকানে গলিয়ে ফেলা হয়েছিল। পুলিশ সেখান থেকেও গলিত স্বর্ণ উদ্ধার করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার আরেক আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছিল। শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খোয়া যাওয়া সম্পদের বড় অংশ উদ্ধার হওয়ায় ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।

  • বৃষ্টিহীনতায় ইরি ধান ও তরমুজের ক্ষতির শঙ্কা

    বৃষ্টিহীনতায় ইরি ধান ও তরমুজের ক্ষতির শঙ্কা

    গাজী নূরুল আমিন, কৈখালী: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে ইরি (বোরো) ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার কৈখালী ইউনিয়নে পরিস্থিতি নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কৃষক সোহরাব আলী, আতিয়ার সরদার, মিজানুর রহমান, সিদ্দিক মোড়ল, নজরুল ইসলাম, আব্দুস সামাদ ও ইব্রাহিম তরফদার জানান, কয়েক মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি নেই। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক জমির মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং ধানের গাছ হলুদ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। কৃষকদের ভাষ্য, কৈখালী ইউনিয়নে পাতালের পানিও লবণাক্ত। ফলে সেই পানি দিয়ে সেচ দিলে ধানের ক্ষতির আশঙ্কা থাকে। এ কারণে অনেক কৃষক সেচ দিতে পারছেন না, আবার কেউ কেউ বাধ্য হয়ে সেচ দিলেও ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন। এদিকে এই ইউনিয়নে ধানের পাশাপাশি তরমুজ, সরিষা ও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। কৈখালীর তরমুজ দেশের বিভিন্ন জেলা ও শহরে সরবরাহ করা হয় এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজ চাষি মোস্তফা জাহান, আব্দুল আজিজ মোড়ল ও ফজের আলীসহ কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং সেচের পানিতে লবণাক্ততা থাকার কারণে তরমুজসহ অন্যান্য ফসলের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এ সময়ে বৃষ্টি হলে ধান ও তরমুজের ফলন ভালো হতো। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক কৃষক পাম্পের মাধ্যমে পানি তুলে জমিতে সেচ দিচ্ছেন। তবে সেই পানিতেও লবণাক্ততা থাকায় ধান, তরমুজ ও অন্যান্য ফসল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা বাড়ছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, দ্রুত বৃষ্টি না হলে শ্যামনগরের বিভিন্ন এলাকার পাশাপাশি কৈখালী ইউনিয়নের বিস্তীর্ণ জমির ইরি ধান, তরমুজ, সরিষা ও সবজি চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কৃষকরা দ্রুত বৃষ্টির আশায় দিন গুনছেন এবং কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ কামনা করছেন।