Author: news_admin

  • ঈদ উপলক্ষে বিআরটিএ’র রোড শো

    ঈদ উপলক্ষে বিআরটিএ’র রোড শো

    স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরায় রোড শো ও পরিবহন কাউন্টারে মনিটরিং করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের সঙ্গীতা মোড়ে পুলিশ ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শন করা হয় এবং ঘরমুখো যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমানের নির্দেশনায় কর্মসূচি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশল) উসমান সরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, ট্রাফিক পুলিশের সদস্য ও পরিবহন মালিকদের প্রতিনিধি। রোড শোতে স্থানীয় জনগণ ও পথচারীদের অংশগ্রহণ দেখা যায়।

  • সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    স্টাফ রিপোর্টার: “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” প্রতিপাদকে সামনে নিয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বাজার মনিটরিং সম্পাদক মোঃ মফিজুর রহমান, নারী নেত্রী মহুয়া মঞ্জুরী খোদা, শেখ মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ আসাদুল ইসলাম, প্রভাষক আমিনুর রহমান, মোঃ জুলফিকার আলী প্রমুখ।

  • সামেক হাসপাতালে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

    সামেক হাসপাতালে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে বড় ধরনের অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ৫৪ জন কর্মী নিয়োগের কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে হাসপাতালের এক হিসাবরক্ষকের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিয়ম অনুযায়ী লটারি করার কথা থাকলেও তা না করে বিতর্কিত একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে রেজুলেশন পাঠানো হয়েছে। অনুসন্ধানে জানা যায়, সামেক হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য গত বছরের ১ নভেম্বর প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে আরব সার্ভিস প্রাইভেট লিমিটেড, মাছরাঙা সিকিউরিটি সার্ভিস, পিমা অ্যাসোসিয়েট ও টি ফোর এস ইন্টারন্যাশনাল নামে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। তবে নথিপত্রে ত্রুটি ও অনিয়মের অভিযোগে টি ফোর এস ইন্টারন্যাশনালের আবেদন বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। ১৯ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিনে আগের সেই চারটি প্রতিষ্ঠানই অংশ নেয় এবং সবাই একই দর (রেট) দাখিল করে। সরকারি বিধি অনুযায়ী, একাধিক প্রতিষ্ঠানের দর একই হলে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের কথা থাকলেও তা করা হয়নি। অভিযোগ উঠেছে, হাসপাতালের হিসাবরক্ষক মো. মোস্তাজুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে ‘টি ফোর এস ইন্টারন্যাশনাল’-এর নাম পুনরায় রেজুলেশন করে অনুমোদনের জন্য অধিদপ্তরে পাঠিয়েছেন। দরপত্রে অংশ নেওয়া আরব সার্ভিস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রহমান বলেন, প্রথম দফায় যে প্রতিষ্ঠানটি বাতিল হলো, তাকেই আবার কাজ পাইয়ে দিতে ৫৪ জন প্রার্থীর বিপরীতে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আমরা এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। সংশ্লিষ্ট অন্য একটি সূত্রের দাবি, হিসাবরক্ষক মোস্তাজুল ইসলামের পরিবার খুলনায় টি ফোর এস ইন্টারন্যাশনালের মালিকের বাড়িতে ভাড়া থাকে। সেই ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই এই অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতালের হিসাবরক্ষক মো. মোস্তাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার সাবেক সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাস বলেন, এ ধরনের দুর্নীতি রোধে হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি তথা স্থানীয় সংসদ সদস্যের তদারকি প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজরা আইনের আওতায় আসতে বাধ্য। সনাক সাতক্ষীরার বর্তমান সভাপতি তৈয়ব হাসান বাবু জানান, বিষয়টি নিয়ে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সাতক্ষীরার সচেতন মহল মনে করছে, আউটসোর্সিং নিয়োগে এমন অস্বচ্ছতা হাসপাতালের সেবার মানকে প্রশ্নবিদ্ধ করবে। তারা লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন।

  • জনগণের প্রত্যাশা উপেক্ষা হলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

    জনগণের প্রত্যাশা উপেক্ষা হলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

    ডেস্ক রিপোর্ট: ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। উপদেষ্টাদের একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি অংশ জড়িত ছিল। তারপরও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এই নির্বাচন মেনে নিয়েছি এবং আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, একই দিনে দুটি বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়- একটি জাতীয় সংসদ গঠনের জন্য এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা এবং গেজেট নোটিফিকেশনও সম্পন্ন হয়েছে। তাই জনগণের রায়ের ভিত্তিতে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন এখনো ডাকা হয়নি। অথচ জুলাই সনদ অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ করিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করানো হয়নি। এর মাধ্যমে বোঝা যায়, সংস্কার প্রক্রিয়ার বিষয়ে সরকারের অবস্থানে পরিবর্তন এসেছে। অথচ গণভোটে বিপুল জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাদের এই রায়কে উপেক্ষা করা জাতির সঙ্গে এক ধরনের অবমাননার শামিল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা আমাদের উদ্বিগ্ন করছে। আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয়নি। পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে যদি সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। তিনি বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য আগামী দিনটিকে সরকারের জন্য শেষ সময় হিসেবে বিবেচনা করা হবে। যদি এর মধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ না নেয়, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে চাই- এর দায় সরকারকেই নিতে হবে। তিনি আরও বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশা উপেক্ষা করে, তাহলে সংসদের ভেতরে যেমন আমাদের দায়িত্ব পালন করতে হবে, তেমনি রাজপথেও আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জানান, আগামীকাল পর্যন্ত সরকার যদি এ বিষয়ে উদ্যোগ না নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। খুব শিগগিরই শীর্ষ নেতাদের বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার সঠিক পথে না চললে সংসদ ও রাজপথ- উভয় ক্ষেত্রেই আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ১৪ মার্চ (শনিবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল খান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামত বশির ও লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

  • আশাশুনিতে ‘আপন বাংলা’ নিউজ চ্যানেলের ইফতার মাহফিল

    আশাশুনিতে ‘আপন বাংলা’ নিউজ চ্যানেলের ইফতার মাহফিল

    আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ‘আপন বাংলা’ পরিবারের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে আশাশুনি সরকারি বুদ্ধি প্রতিবন্ধী ও এতিমখানা মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়। আপন বাংলা নিউজ চ্যানেলের চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
    প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা মো. আবু বাক্কার সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বর্তমান সভাপতি এস কে হাসান, সাবেক সভাপতি আহসান হাবীবসহ শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য সুধীজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল্লাহ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী।

  • প্রতিবন্ধী সাইদুরের জন্য জামায়াতের দেওয়া দোকান উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

    প্রতিবন্ধী সাইদুরের জন্য জামায়াতের দেওয়া দোকান উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

    কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কোমর থেকে শরীরের নিম্নাংশ প্যারালাইজ হওয়া সাইদুর রহমানের জীবিকা নির্বাহের জন্য একটি মুদির ও চায়ের দোকান নির্মাণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোকিত কলারোয়া’র অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দোকানটি উদ্বোধন করেন তালা–কলারোয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, মানবকল্যাণে সবাই এভাবে এগিয়ে এলে অসহায় ও দুস্থ পরিবার স্বাবলম্বী হতে পারে। এছাড়া ‘আলোকিত কলারোয়া’র নিবন্ধন প্রক্রিয়া এবং সাইদুরের জন্য সরকারি সহায়তার বিষয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের এসপি মো. আবুল হোসেন, ঢাকা কার্যালয়ের মো. আব্দুর রকিব, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী, মো. কুরবান আলী, মাওলানা আব্দুর রকিব, মৌলবী একেএম আজিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্রামের নারী-পুরুষও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘আলোকিত কলারোয়া’র সভাপতি মো. শামসুল আলম।

  • কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

    কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

    হারুন উর রশীদ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী সভাপতিত্ব করেন এবং ডা. সাইদুর রহমান সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রুপা রানী পাল, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট শেখ মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি ও সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

  • বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষার দাবীতে মানববন্ধন

    বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষার দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সম্মুখ সড়কে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটির আয়োজনায় এ মানববন্ধন হয়। সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু ও সদস্য আব্দুস ছামাদ। সংহতি প্রকাশ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল এবং বিডি ক্লিন সাতক্ষীরার উপ-সমন্বয়ক মো. ফাতিন। উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, ট্রেজারার নাজমুল হাসান, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় খননের পরও বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা কৃষি, মৎস্য ও মানুষের জীবন-জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট তীব্র হচ্ছে।

  • ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

    ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

    স্টাফ রিপোর্টার: পবিত্র রমজানের মহিমা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ব্যতিক্রমী আয়োজন ‘ইফতার ফর অল’। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে শহরের লেকভিউ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ভ্রাতৃত্ব, সংহতি ও মানবতার মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে লেকভিউ এলাকা। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই ভিবিডি সাতক্ষীরা জেলা প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে। ভিবিডি সাতক্ষীরা জেলার সভাপতি এস এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, তৌহিদুজ্জামান, হাবিবুর সোহাগ, মিলন বিশ্বাস, ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, কোষাধ্যক্ষ নাজমুল হাসান এবং জনসংযোগ কর্মকর্তা নাজমুল সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, এটি কেবল একটি ইফতার মাহফিল নয়; সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ইফতারের টেবিলে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে বসে, তখনই রমজানের প্রকৃত শিক্ষা প্রতিফলিত হয়।