Author: news_admin

  • অবৈধ ডিজেল মজুদে দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

    অবৈধ ডিজেল মজুদে দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার ও শহরের ইটাগাছা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার নুরুন্নবীর ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বুধবার বিকেলে মেসার্স ভাই ভাই, মেসার্স ইউরেকা, মেসার্স এবি খান, মেসার্স আলিপুর, মেসার্স সোনালী ও মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি করেন। এ সময় কোনো ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যায়নি। তবে বিভিন্ন ফিলিং স্টেশনে বিকেল ও বৃহস্পতিবারের মধ্যে তেল পৌঁছাবে বলে জানা যায়। তদারকির সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আরাফাত এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ১৭ লিটার ডিজেলের অবৈধ মজুদ পাওয়া যায়। লাইসেন্সবিহীন অবৈধ মজুদের অপরাধে আরাফাত এন্টারপ্রাইজকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর আওতায় ধারা ৪ ও ২০ অনুযায়ী ৫হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে অভিযান চালিয়ে ১৭০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদ করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ ও ২০ (১১) (ঙ) অনুযায়ী ব্যবসায়ী মোশারফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় ফিলিং স্টেশনে জ্বালানি সংকট, জরিমানা

    সাতক্ষীরায় ফিলিং স্টেশনে জ্বালানি সংকট, জরিমানা

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় একাধিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি করে কোথাও তেল পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেল ও আগামীকালের মধ্যে বিভিন্ন স্টেশনে জ্বালানি তেল সরবরাহ পৌঁছাতে পারে। বুধবার (১৫ এপ্রিল) জেলায় মেসার্স ভাই ভাই, মেসার্স ইউরেকা, মেসার্স এবি খান, মেসার্স আলিপুর, মেসার্স সোনালী ও মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে তদারকি চালানো হয়। এ সময় কোনো স্টেশনেই জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়নি। এদিকে তদারকির সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আরাফাত এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়াই ১৭ লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ ও ২০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার ৩০৪

    সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার ৩০৪

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় ১৭টি কেন্দ্রে মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন। উপজেলাভিত্তিক হিসেবে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে সদর উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৪৭৫ জন পরীক্ষার্থী দেবহাটা উপজেলায়। আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

  • সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ

    সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ

    ফিরোজ হোসেন: সাতক্ষীরা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর পরিচালক মো. হাফেজ আহাম্মাদ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক এস এম ফারুক আহমেদ, সহকারী পরিচালক, অসিম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে তালিকাভূক্ত ২৭ জন শ্রমিকের মাঝে ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, সরকার দূর্ঘটনা কবলিত শ্রমিকদের ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন উক্ত চেক বিতরণ করছেন। এটি সরকারের একটি মহত উদ্যোগ, যার অনুদান পেয়ে শ্রমিকরা উপকৃত হচ্ছে। এই অনুদান পেতে জেলার শ্রমিকরা আবেদন করে স্বাবলম্বী হতে পারবে।

  • কাঁচা আমে চাঙ্গা সাতক্ষীরার বাজার

    কাঁচা আমে চাঙ্গা সাতক্ষীরার বাজার

    আবু সাইদ বিশ্বাস: কাঁচায় দাম বেশি পাকলে কম। তাই বেশি দাম পাওয়ার আশায় সাতক্ষীরার বাজারে এখন হরদম বিক্রি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন কাঁচা আম। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন শত মণ কাঁচা আম যাচ্ছে রাজধানী ঢাকাতে। ব্যবসায়ীরা বলছেন, এসব আম পাকলে দাম পাওয়া যায় না। তবে কাঁচা আমের চাহিদা রয়েছে ব্যাপক। কাঁচা আম দিয়ে মূলত বিভিন্ন কোম্পানি আচার, জেলি ও জুস তৈরি হয়। তবে গত বছরের থেকে তুলনামূলক এ বছর বাজারে আম কম আসছে। কারণ হিসেবে চাষিরা বলছেন, এ বছর গাছে আম কম হয়েছে। পুষ্টি বিশেজ্ঞরা বলছেন, কাঁচা আমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। বিশেষ করে, ওজন কমাতে, বমি ভাব দূর করতে, ডায়াবেটিস প্রতিরোধে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, চুল ও ত্বক উজ্জ্বল করতে। এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই ও একাধিক অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শ্বেত রক্তকণিকার কার‌্যকারিতা বৃদ্ধি করতে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এদিকে তীব্র দাবদাহে গোটা জেলার মানুষ যেমন বিপর্যস্ত তেমনি ঝড় বৃষ্টি ও প্রচন্ড গরমে আম ঝরে পড়ার পারিমান বাড়ছে। আম চাষিরা বলছেন, কালবৈশাখীসহ উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা বেশী। তারা যেন লোকসানের মুখে না পড়ে তাই কাঁচা আম বিক্রি করে কিছুটা পুশিয়ে নিচ্ছে। এবারও সাতক্ষীরার আম দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা যাবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানান, মাটি, বাতাস ও আবহাওয়া ভালো হওয়ায় গত কয়েক বছর ধরে জেলায় হিমসাগর, ল্যাংড়া, আম্রোপালি, মল্লিকা, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোপালখাসসহ অন্যান্য জাতের প্রচুর আম উৎপাদন হয়। এবার বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদন এবং রপ্তানির জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে এ কৃষি কর্মকর্তা বলেন, “সবকিছু ঠিক থাকলে এবার ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি ও ইংল্যান্ডের শপগুলোতে যাবে সাতক্ষীরার আম।” গতকাল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে সরেজমিনে দেখা গিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আম কিনছেন। যে আমগুলি কাঁচায় টক, পাকলেও টক, সে আমগুলি বাজারজাত করছেন আম চাষিরা। যেকারণে দামও পাচ্ছেন বেশি। সুলতানপুর বড় বাজারে কাঁচা টক আম মণপ্রতি ১০০০ থেকে ২০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম আম ভাঙ্গা ও বাজারজাত করা বিষয়ে সাতক্ষীরার আম চাষি আব্দুল হাকিম গাজী, লিয়াকত হোসেন জানান, যে আম কাঁচায় টক এবং পাকলেও টক, সেই আমগুলি আমরা পাড়তে শুরু করেছি, এই আম বিক্রি করে আমরা অনেক লাভবান হচ্ছি। সাতক্ষীরা শহরের বড় বাজারের কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী খাঁ জানান, এখন বাজারে আসছে কাঁচা টক আম। এই আম পাকা খাওয়া যায় না, টক লাগে। কাঁচা আম ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, চলতি বছর সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। জেলায় সাড়ে ৫ হাজার টি আমবাগান ও ১৩ হাজার আমচাষি রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আম চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন, ১০০ গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে ৪৪ ক্যালরি। এ ছাড়া ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি ও ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। তবে অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে।

  • সাতক্ষীরায় এক লাখ ৭৭ হাজারের বেশি শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

    সাতক্ষীরায় এক লাখ ৭৭ হাজারের বেশি শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

    স্টাফ রিপোর্টার: সংক্রমণ রোধে সাতক্ষীরায় এক লাখ ৭৭ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলার (এমআর) টিকা দেবে জেলার স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ দিনব্যাপী চলবে এ টিকাদান ক্যাম্পেইন। টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু পাবে এ টিকা। জেলার প্রাক-প্রাথমিক ও এর সমমান শ্রেণির ছাত্র-ছাত্রীদের এবং কমিউনিটি ক্লিনিকে এমআর টিকার প্রথম ডোজ দেয়া হবে শিশুদের। বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এমআর (হাম-রুবেলা) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ এর জেলা সমন্বয় সভায় সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি জানান, জেলার ৭টি উপজেলায় অস্থায়ী এবং স্থায়ী কেন্দ্রে মোট ১ লাখ ৭৭ হাজার ১৫২ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। প্রথম আট দিন কমিউনিটি পর্যায় এবং শেষে তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া হবে। ১১ দিনের এ ক্যাম্পেইনে যাতে কোনো শিশু বাদ না পড়ে, সেজন্য সকলের সহযোগিতার পাশাপাশি মাইকিং ও ওয়ার্ডভিত্তিক প্রচারণা চালানো হবে। সিভিল সার্জন ডা: আব্দুস সালামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশনারা জামান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: ফরহাদ জামিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: রাশেদ উদ্দিন মৃধা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আবদুল বাকি প্রমূখ। অনুষ্ঠানে সকল অভিভাবকদেরকে তাদের শিশুকে ইপিআই অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। আগামী ২০ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন পরিষদ চত্বর কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

  • ১৭ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, প্রস্তুত সাতক্ষীরা

    ১৭ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, প্রস্তুত সাতক্ষীরা

    সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে আজ। জেলার সাতটি উপজেলায় মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে ১৭টি কেন্দ্র। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন। উপজেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে সদর উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৪৭৫ জন পরীক্ষার্থী দেবহাটায়। আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

    জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।