স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় ১৭টি কেন্দ্রে মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন। উপজেলাভিত্তিক হিসেবে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে সদর উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৪৭৫ জন পরীক্ষার্থী দেবহাটা উপজেলায়। আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।
