স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার খড়িবিলায় শুরু হয়েছে ‘খড়িবিলা প্রিমিয়ার লিগ (কেপিএল) নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন শত শত দর্শক। উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, ওয়ার্ড আমির হাফেজ মাও. নুরুল হক ও সেক্রেটারি মাও. আব্দুর রহিমসহ স্থানীয় ব্যক্তিরা। শর্ট পিস ফরম্যাটের এ টুর্নামেন্টে ব্যতিক্রমী নিয়ম রাখা হয়েছে। কোনো ব্যাটসম্যান ছক্কা মারলে আউট হিসেবে গণ্য হবেন, তবে চার মারলে রান যোগ হবে। উদ্বোধনী ম্যাচে টিম আমিনুর টিম রাদিতকে হারিয়ে জয় পায়। বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এতে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
Blog
-

কালিগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যাচারের অভিযোগ
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খায়রুল বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হাফেজ খায়রুল বাশার বলেন, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মারুফুর রহমান, মিয়ারাজ হোসেন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁকে হেয় করতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মিথ্যাচার করা হয়েছে। তিনি দাবি করেন, ২০১৩ সালে তিনি ওই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন এবং গ্রাহকদের হিসাব বুঝিয়ে দেন। মসজিদ কমিটি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর সুনাম ক্ষুণ্ন করতে এসব অভিযোগ আনা হয়েছে। উঠা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান তিনি।
-

তালায় সেচপাম্প চুরির ঘটনায় আটক, জরিমানা
এস এম মোতাহিরুল হক শাহিন: সাতক্ষীরার তালা বাজারের একটি ইলেকট্রনিকস দোকান থেকে চুরি হওয়া সেচপাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। ভুক্তভোগী জাহিদ মোড়ল বলেন, অসুস্থতার সুযোগে প্রশাদপুর গ্রামের বাবুল মোড়ল তাঁর ইরি ব্লক থেকে সেচপাম্পটি চুরি করে তালা বাজারের একটি দোকানে বিক্রির জন্য রাখেন। পরে খোঁজ করতে গিয়ে তিনি দোকানে নিজের পাম্পটি শনাক্ত করেন এবং অভিযুক্তকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দা রহমত বিশ্বাস ও শ্রীবাস বসুসহ কয়েকজন জানান, সামাজিক মর্যাদা রক্ষায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় কোনো রাজনৈতিক নেতার সম্পৃক্ততা ছিল না।
-

বক্তব্য ভাইরাল: সাতক্ষীরার সকল উন্নয়ন প্রকল্প যেন তাদের মাধ্যমে করা হয়: মন্ত্রীকে আব্দুর রউফ
স্টাফ রিপোটার: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিপুল ভোটে বিএনপির পরাজিত প্রার্থী আলহাজ¦ আব্দুর রউফের একটি বক্তব্য আবারও ভাইরাল হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সাথে সাতক্ষীরা বিএনপির নেতাদের মতবিনিময় সভায় আব্দুর রউফকে বলতে শোনা যায়, সাতক্ষীরায় বিএনপির পরাজিত ৪ এমপির পক্ষে প্রতিমন্ত্রীর কাছে দাবি, সরকারি সকল উন্নয়ন প্রকল্প যেন তাদের মাধ্যমে করা হয় নইলে দল টিকিয়ে রাখা যাবে না। ১ মার্চ বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক, রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদীসহ জেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পরাজিত প্রার্থী আলহাজ¦ আব্দুর রউফের এমন মন্তব্যে পর সোশ্যাল মিডিয়া এক্টিভিস্টরা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। সরদার রহমান লেখেন, “ভালো প্রস্তাব। না হলে নেতা কর্মীরা খাবে কি? গচ তো চাঁদাবাজি করতে দিবে না। প্রকল্প গুলা তাদের হাতে দিলে কাজ হোক বা না হোক পকেট তো ভারি হবে।” ডালিম হোসেন লেখেন, “এদের নূন্যতম লজ্জা নেই, দেড় লাখ ভোটে পরাজিত, আবার ওদের দিয়ে কাজ করাতে হবে। আবার কখন নাক মুখ বাষ্ট করে দেবে।”মুস্তাফিজুর রহমান লেখেন,“ তাহলে নির্বাচন দেয়ার দরকার কি তোমরাই ক্ষমতা নিয়ে নিতে,অপেক্ষা করো সময় হয়ে আসছে।” আব্দুল্লাহ লেখেন, “তাহলে এক কাজ করা হোক যেখানে জামাতের এমপি জিতেছে সেখানে বিএনপির পরাজিত প্রার্থীর হাতে কাজ দেওয়া হোক এবং যেখানে বিএনপি জিতেছে সেখানে পরাজিত জামাতের প্রার্থীর হাতে কাজ দেওয়া হোক।”রাসেল লেখেন, “নির্বাচনে অনেক খরচ হয়েছে ফেল তো করেছি, খরচ তো উঠাইতে হবে উন্নয়ন বাজেট চাই।” মনির লেখেন, “চুরি আর দুর্নীতি করার ধান্দা।”সোহেল লেখেন,“এনসিপি এবং জামাত যে আসনে জয় পেয়েছে সে সব আসনে দুর্নীতি হবার সম্ভাবনা নাই।”
-

সাতক্ষীরায় জ্বালানি তেল সংকটে হুমকির মুখে প্রাণিসেবা কার্যক্রম
মুহা: জিললুর রহমান: সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে প্রাণিসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃত্রিম প্রজনন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং জরুরি পশু চিকিৎসা সেবা সময়মতো পৌঁছে দিতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন খামারিরা। জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত পল্লী প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত জ্বালানি না থাকায় দূরবর্তী গ্রামাঞ্চলে গিয়ে কৃত্রিম প্রজননসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে গবাদিপশুর উৎপাদনশীলতা ও প্রজনন ব্যবস্থায় দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। এদিকে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অসুস্থ গরু, ছাগল ও হাঁস-মুরগির মৃত্যুঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় খামারিরা। জরুরি চিকিৎসার জন্য ডাক পেলেও যানবাহনে জ্বালানি সংকটের কারণে অনেক সময় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে, এতে রোগাক্রান্ত পশুর অবস্থা আরও জটিল হয়ে পড়ছে। খামারিদের অভিযোগ, নিয়মিত কৃত্রিম প্রজনন ও চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় দুধ, মাংসসহ প্রাণিসম্পদভিত্তিক উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। প্রাণী চিকিৎসকরা বলছেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে জেলার সামগ্রিক প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন প্রদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও ব্যহত হচ্ছে। সংশ্লিষ্টরা দ্রুত প্রাণী চিকিৎসকদের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে জরুরি চিকিৎসা ও কৃত্রিম প্রজননসহ সব সেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়।
-

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে বিপাকে গ্রাহক
স্টাফ রিপোর্টার: ভোক্তাপর্যায়ে দাম নির্ধারণের একদিন আগে থেকেই সাতক্ষীরায় ১ হাজার ৯০০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি শুরু হয়েছে ১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার। হঠাৎ করে এক লাফে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত বাড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। জানা যায়, এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) যা এদিন সন্ধ্যা থেকে কার্যকর হওয়ার কথা। এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। এদিকে বিইআরসি কর্তৃক এপ্রিল মাসে গ্যাসের মূল্য নির্ধারণ করার আগেই বুধবার (১এপ্রিল) বিকাল থেকে সাতক্ষীরা শহরের প্রায় সবগুলো ডিলার পয়েন্টে দাম বৃদ্ধির ঘোষনা দেওয়া হয়। সে অনুযায়ি ৩১ মার্চে বিক্রি হওয়া ১৪৫০ টাকার সিলিন্ডার বুধবার বিকাল থেকে বিক্রি হয় সাড়ে ১৮ শ’ টাকা থেকে ১৯০০ টাকায়। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে নতুন মূল্য নির্ধারণের পর তা বেড়ে গিয়ে দাড়ায় ১ হাজার ৯০০ টাকা থেকে ২ হাজার টাকায়। তবে ডিলারদের দাবি নির্ধারিত মূল্যের চেয়ে কোম্পানি দাম বাড়িয়ে দেওয়ায় তাদেরকেও বেশি দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে। জেলা নাগরিক কমিটির নেতা আলী নুর খান বাবুল জানান, বিইআরসি সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও সাতক্ষীরার বাজারে বরাবরই নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার। কিন্তু গত দুই মাসের বেশি সময় ধরে এলপিজির সরবরাহ কিছুটা সংকট চলছে। এই অজুহাতে প্রতি সিলিন্ডারে ২৭২ থেকে ৩০০ টাকা বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা। কোন কারণ ছাড়া হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। তিনি বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান। সাতক্ষীরা শহরের সুলতানপুর একটি ডিলার পয়েন্টে গ্যাস সিলিন্ডার কিনতে আসা সদর উপজেলার লবসা গ্রামের এক গৃহিণী আসমা আক্তার বলেন, প্রতি মাসে গ্যাস কিনতে এখন হিমশিম খেতে হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা ৩০০ টাকা বেশি দরে গ্যাস কিনতে হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়। আরেক ভোক্তা সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দাম বাড়ানোর আগেই ডিলাররা মিলে সিন্ডিকেট করে প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত মূল্য অপেক্ষা প্রায় ৩০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় তারা ভোক্তাদের কাছ থেকে ইচ্ছামতো দাম নিচ্ছে। শহরের মুনজিতপুর এলাকার গৃহবধূ শারিমন একরাম বলেন, আজ সকালেও ১৯০০ টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার কিনেছি। গত মাসে ১৪৫০ টাকা দিয়ে কিনেছিলাম। সরকার নির্ধারিত দামে কোনোদিন সিলিন্ডার কিনতে পারি না। সব সময় আড়াই’শ থেকে ৩শ’ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়। তাহলে সরকারিভাবে দাম নির্ধারণের দরকার কী! যুমনা কোম্পানির ডিলার মো. রাশেদুজ্জামান জানান, সংশ্লিষ্ট কোম্পানি এরই মধ্যে দুই দফায় গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছে। বুধবার কোম্পানি থেকে প্রতিটি সিলিন্ডার ১৭৮৫ টাকা দুরে কিনতে হবে বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক টাকা পাঠিয়ে আমাদেরকে সিলিন্ডার বুকিং দিতে হচ্ছে। এর সাথে আছে পরিবহন ও লেবারসহ অন্যান্য খরচ। কাজেই বৃহস্পতিবার থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডার ২০ থেকে ৩০ টাকা লাভে ১৯০০ টাকা দরে বিক্রি করা ছাড়া আমাদের কোন উপায় নেই। তবে খুচরা এই দাম আরো বেশি হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে একাধিক খুচরা বিক্রেতা জানান, তারা ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনছেন। ফলে বাধ্য হয়েই তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি সমন্বয়হীনতা ও নজরদারি ঘাটতির ফল। অভিযোগ রয়েছে, অনেক ডিলার গ্যাস মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনছেন। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করার ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় ভোক্তাদের দুর্ভোগ কমছে না। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করা এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
-

মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার মধ্য মাছখোলা গ্রামের বাসিন্দা মোঃ শামালী সরদার (৬৮) আর নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৬টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ একই দিন আসর নামাজের পর মধ্য মাছখোলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জানাজা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “শামালী সরদার একজন সৎ, পরোপকারী ও সমাজসেবামূলক কাজে নিবেদিত মানুষ ছিলেন। তার মৃত্যু এলাকায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।” এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক সহিদুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং মরহুমের ছোট ভাই মোঃ রুহুল কুদ্দুছ। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রওশন আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা শাহিনুর রহমান, অ্যাডভোকেট শামীম রেজা, অধ্যাপক আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ সাইফুল ইসলাম। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
-

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে: এমপি গাজী নজরুল
স্টাফ রিপোর্টার: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে এক কিলোমিটার দীর্ঘ হেরিংবোন সড়কের উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসরাফিল সাহেবের মোড় থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটির উদ্বোধনকালে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য এই অঞ্চলের মানুষের যাতায়াত ও যোগাযোগের মান উন্নত করা। এই সড়ক এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের জন্য সহজ চলাচলের সুযোগ তৈরি করবে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




