স্টাফ রিপোর্টার: রমজানের ছুটিতে সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া এলাকায় ১৪৫নং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় পুরাতন পরিত্যক্ত ভবনের জানালার লোহার গ্রিল ভেঙে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়রা দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ রকি পাঠান (২৮) এবং মোঃ আবু বক্কর (৪৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খালিদা খাতুন (৫১) জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১ তলা বিশিষ্ট পুরাতন ভবনের জানালার গ্রিল চুরি করার জন্য আসামীদ্বয় হাতুড়ি ও লোহার কাটারি ব্যবহার করছিল। স্থানীয়রা ঘটনাস্থল দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের হেফাজতে নেয় এবং ধৃতদের কাছ থেকে চুরি করা লোহার কাটারি, হাতুড়ি ও জানালার অংশ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনায়ও আসামীদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। রমজানের ছুটিতে বিদ্যালয়ে চুরি চেষ্টার ঘটনা উদ্বেগজনক, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।”
Category: তালা
-

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক
-

নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান: এমপি ইজ্জত উল্লাহ
তালা ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে নারী শিক্ষার প্রসার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-

দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করা প্রয়োজন: এমপি ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে ‘যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা কবিরুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, নায়েবে আমীর মাস্টার আব্দুল মালেক, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা মাছুম বিল্লাহসহ দলীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামের একটি বিধান মানা আর অন্যটি উপেক্ষা করা ইসলামের শিক্ষা নয়। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী জীবনব্যবস্থা ও কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, যাকাত বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের ওপর যাকাত ফরজ হয়েছে তারা যদি তা আদায় না করেন, তবে তাদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সমাজ থেকে দারিদ্র্য দূর করতে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করা প্রয়োজন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে যাকাতভিত্তিক অর্থনীতির ব্যবস্থা চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালীদের কাছ থেকে যাকাত ও ফিতরা সংগ্রহ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণের আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, যাকাত শুধু ধর্মীয় বিধান নয়; এটি সামাজিক অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা। সেমিনার শেষে উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ তালা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বিকেলে তিনি তালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝিয়াড়া এলাকায় পথসভা ও মতবিনিময় সভায় অংশ নেন। পরে ইসলামকাটী সুজনশাহা ফুটবল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
-

তালায় যুবদল নেতা নুর ইসলামের বিরুদ্ধে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর ইসলামের বিরুদ্ধে। সর্বশেষ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে বাবু গাজী নামে এক যুবককে মারধর করে আহত করার ঘটনা ঘটে। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে কেতন সরদার ও সাংবাদিক জহর হাসান সাগরের ওপর হামলার অভিযোগ ওঠে যুবদল নেতা নুর ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। নুর ইসলামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় সাংবাদিক জহর হাসানের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ২৬ ফেব্রুয়ারি তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত নুর ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর নুর ইসলাম আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। দখল, চাঁদাবাজি, মারপিট ও হত্যার হুমকিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাবেক ইউপি সদস্য আব্দুর রবের পৈতৃক জমি ও দোকানঘর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনার জেরে তাকে দুই দফায় সেনাবাহিনীর হেফাজতেও নেওয়া হয়েছিল বলে জানা গেছে। আহত বাবু গাজী জানান, তার ছেলেকে ঘিরে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ঘটনাস্থলে এসে বিরোধে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। প্রতিবাদ করলে নুর ইসলাম তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাংবাদিক জহর হাসান বলেন, নুর ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মতো নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নেওয়ায় তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। গত বুধবার হাজরাকাটি বাজারে দেখা হলে নুর ইসলাম তর্কের একপর্যায়ে তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রব অভিযোগ করে বলেন, নুর ইসলাম তার পৈতৃক জমি ও দোকান দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি আদালত, সেনাবাহিনী ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত নুর ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, আহত সাংবাদিককে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা দুঃখজনক। ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এজাহারটি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাবু গাজীর ওপর হামলার ঘটনাও তদন্ত করা হচ্ছে।
-

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: তালা উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে কার্পেটিং ও ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সকালে তালা ব্রিজ-সংলগ্ন সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ছাত্রশিবির সভাপতি আল জামালুল বান্না, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ খাতের অর্থায়নে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার কার্পেটিং এবং ৪৮ মিটার ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ সড়ক।
-

গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে নিহত ২: আহত ৬
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত ও পৃথক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হন। আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই ইঞ্জিনভ্যান নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কুমিরার বালিগাদার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হন এবং তিন যাত্রী গুরুতর আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-

একটি নিরাপদ ও শান্তিপ্রিয় তালা-কলারোয়া গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহর নগর ও বালিয়া এবং জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী ও জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। আমি চাই একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে সবার সহযোগিতা।” সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের কর্তৃপক্ষ, ডাক্তার ও সকল স্টাফের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন। এমপি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিকালে তিনি তালা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সহ সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামাত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুন বান্না, তালা কলেজ ছাত্র শিবির সভাপতি মুরাদুল হক, তালা ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন সভাপতি মাঃ আকবর হোসেন, সাবেক ব্যাঙ্ক কর্মকর্তা গাজী হারুনার রশিদ, মাওঃ আঃ রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
-

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের সকল সংযোগ লাইনের তার কেটে নেয়। পরে মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা বৈদ্যুতিক তার খুলে নেওয়ার পাশাপাশি সুইচবোর্ড ভেঙে ফেলে। নতুন ভবনের আর্থিং রড ও বিদ্যুৎ নিরোধক তারও উপড়ে নিয়ে যায় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ জানান, চোরেরা পরিকল্পিতভাবে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে মূল্যবান তার ও সরঞ্জাম নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে পুরো স্কুল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-

পাটকেলঘাটায় চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিক আটক
শেখ মাসুদুর রহমান সুরুজ: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জনতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১২টার দিকে পাটকেলঘাটা বাজারের লাকি বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নিরঞ্জন দাশ জানান, তিনি সম্প্রতি চান্দিনা সম্পত্তির একটি দোকান ক্রয় করেন। দোকানের পুরাতন ও নষ্ট শাটার পরিবর্তনের সময় আলমগীর হোসেন ও রবিউল ইসলাম নামে দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অনুমতির বিষয়ে জানতে চান। সরকারি অফিস বন্ধ থাকায় অনুমতি নিতে না পারার কথা জানালে তারা ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাদের আটক করেন। তবে এ সময় কথিত সাংবাদিক আলমগীর, আতাউর ও গোলাম রব্বানী সুকৌশলে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে আসা রবিউল ইসলাম ও শেখ মাসুদ হোসেন মনি নামে আরও এক ব্যক্তিকে উত্তেজিত জনতা আটক করে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করে। স্থানীয়রা দাবি করেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় চাঁদাবাজি মামলা নং-০৬, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬ রুজু হয়েছে। দুইজন আসামি আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের একটি মোটরসাইকেল উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
-

তালায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত
তালা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। শুরুতে বিগত বৈঠকের রেজুলেশন পাঠ করেন উপজেলা প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বৈঠকে সাম্প্রতিক নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা আমীর তার বক্তব্যে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ইউনিয়ন দায়িত্বশীলরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মসূচি সফল করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে সংগঠনের অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।