Author: news_admin

  • একটি মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগিতা চাইলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

    একটি মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগিতা চাইলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

    আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা ২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আব্দুল খালেক বলেন, “আমি কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। সাতক্ষীরার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে চাই। প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সহানুভূতি ও সহযোগিতা নিয়ে সাতক্ষীরার উন্নয়নে কাজ করতে চাই।” তিনি মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, মাওলানা হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, সাংবাদিক আবু সাইদ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। মাদক নির্মূল করা গেলে চুরি ও অন্যান্য অপরাধ অনেকাংশে কমে আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন করা গেলে প্রায় ৫ হাজার হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। এছাড়া সভায় জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ঘুষ ও দুর্নীতি বন্ধ, টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

  • দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে চাই: এমপি রবিউল বাশার

    দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে চাই: এমপি রবিউল বাশার

    কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রবিউল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনের সর্বস্তরে জনবান্ধব ও আন্তরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার, গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিরোধ, মাদক কারবার দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার ও ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ শুকনা গাছ অপসারণ, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং হাসপাতাল ও জনসমাগমস্থলের পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, কালিগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নে সকলকে পাশে থাকার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্রনেতা এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

  • জামায়াত হারেনি-হারানো হয়েছে : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    জামায়াত হারেনি-হারানো হয়েছে : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মোজাফফর গার্ডেনে “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সকলেই একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভালো হলেও ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ, যে আবেগ ও উচ্ছ্বাস আমরা এই গণজোয়ারে দেখেছি, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা আল্লাহ দান করবেন। আমরা যেন পার্লামেন্টে যথাযথ দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই।” এছাড়া তিনি রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, “রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতির চর্চার মাস।” তিনি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন এবং উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল বারী, মাওঃ শাহাদাত হোসেন, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম,সদর জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, অধ্যাপক শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

  • একটি নিরাপদ ও শান্তিপ্রিয় তালা-কলারোয়া গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ

    একটি নিরাপদ ও শান্তিপ্রিয় তালা-কলারোয়া গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ

    তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহর নগর ও বালিয়া এবং জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী ও জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। আমি চাই একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে সবার সহযোগিতা।” সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের কর্তৃপক্ষ, ডাক্তার ও সকল স্টাফের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন। এমপি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিকালে তিনি তালা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সহ সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামাত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুন বান্না, তালা কলেজ ছাত্র শিবির সভাপতি মুরাদুল হক, তালা ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন সভাপতি মাঃ আকবর হোসেন, সাবেক ব্যাঙ্ক কর্মকর্তা গাজী হারুনার রশিদ, মাওঃ আঃ রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • নলতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

    নলতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

    স্টাফ রিপোর্টার: নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক-কে সাময়িক বরখাস্ত করেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকুরি আইন ২০১৮-এর ৩৯(২) ধারার ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরখাস্তকালে আনোয়ারুল হক বিধিমতো খোরপোষ ভাতা পাবেন, তবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যত্র অবস্থান করতে পারবেন না এবং উপজেলা শিক্ষা অফিস, কালিগঞ্জে নিয়মিত হাজিরা প্রদান করতে হবে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ০৯ (তারিখ ১৩-০৬-২০২৫) ও ক্রিমিনাল মিস-২৪/২০২৬, জিআর ৯৬/২০২৫ সম্পর্কিত ঘটনায় ১৭/১২/২০২৫ তারিখে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন এবং জেল হাজতে প্রেরণ হন। বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হয়েছে।

  • শ্যামনগরে সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিল

    শ্যামনগরে সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিল

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে সাংবাদিক কর্মশালা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কলাকৌশল, বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং মাঠ পর্যায়ে দায়িত্বশীল রিপোর্টিং নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার শ্যামনগর উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, যিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ, সাংবাদিকদের উচিত সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে কাজ করা।” দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, তিনি বলেন, “উন্নয়নের অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা দ্বারা সাংবাদিকরা উন্নয়নের সহযাত্রী হোন।” অনুষ্ঠানে উপকূল রক্ষা, শিক্ষা উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও উপজেলা জামায়াত ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষ হয় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে।

  • জনগণের সাথে এমপি ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময়

    জনগণের সাথে এমপি ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময়

    কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। তিনি কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও কেরালকাতা ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি নির্বাচনে সমর্থন ও ভালোবাসার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।” তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিক কার্যকর করা, শিক্ষাখাত উন্নয়ন ও সরকারি প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সফরকালে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। এদিন তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতা।

  • ইউএনও’র হস্তক্ষেপে বিদ্যুতের খুঁটি অপসারণ

    ইউএনও’র হস্তক্ষেপে বিদ্যুতের খুঁটি অপসারণ

    হুসাইন বিন আফতাব: শ্যামনগরে নির্মাণাধীন সড়কের মধ্যভাগে থাকা বিদ্যুতের একটি খুঁটি অপসারণ করা হয়েছে। সোমবার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পোড়াকাটলা-নীলডুমুর সংযোগ সড়কের মধ্যভাগ থেকে খুঁটিটি সরিয়ে নেয়। এর আগে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং কাজ এগিয়ে নেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জানা গেছে, উপজেলার নীলডুমুর খেয়াঘাট থেকে পোড়াকাটলা পর্যন্ত বিস্তৃত এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন অবহেলিত এ সড়কে সম্প্রতি কার্পেটিং কাজ শুরু হলেও বিদ্যুতের খুঁটি মাঝখানে থাকায় চলাচলে ঝুঁকি ও জনদুর্ভোগের আশঙ্কা দেখা দেয়। স্থানীয় বাসিন্দা নীলকান্ত রপ্তান বলেন, “সড়ক নির্মাণের দায়িত্বে থাকা এলজিইডি ও পল্লী বিদ্যুৎ বিভাগ প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। তবে ইউএনও’র দ্রুত হস্তক্ষেপে এখন রাস্তা পুরোপুরি চলাচলের উপযোগী হয়েছে।” অন্যদিকে নীলডুমুর গ্রামের আব্দুল খালেক জানান, “রাস্তার মাঝখানে খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। খুঁটি অপসারণের ফলে এখন মানুষ ও যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জানার পর তিনি এলজিইডি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রশাসনের সমন্বিত উদ্যোগে খুঁটিটি অপসারণ করা সম্ভব হয়েছে। খুঁটি অপসারণের ফলে সড়কটি এখন সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • সাংবাদিকদের যুক্তিনির্ভর সমালোচনা উন্নয়নের পথকে সুগম করে: এমপি গাজী নজরুল ইসলাম

    সাংবাদিকদের যুক্তিনির্ভর সমালোচনা উন্নয়নের পথকে সুগম করে: এমপি গাজী নজরুল ইসলাম

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এখানকার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করছেন। তিনি উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদে জোরালো দাবি উত্থাপনের আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, বরং টেকসই অবকাঠামোই শ্যামনগরবাসীর প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ সমালোচনা উন্নয়নের পথকে সুগম করে। উপজেলাকে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সড়ক যোগাযোগের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন এবং কৃষি ও মৎস্যখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন-এর পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।