Author: news_admin

  • সাতক্ষীরা এলজিইডি অফিসে ঠিকাদারকে কক্ষে আটকে রাখার অভিযোগ

    সাতক্ষীরা এলজিইডি অফিসে ঠিকাদারকে কক্ষে আটকে রাখার অভিযোগ

    স্টাফ রিপোর্টার: অতিরিক্ত ৬০০ টাকা দাবি করায় সাতক্ষীরায় এলজিইডি কার্যালয়ে এক ঠিকাদারকে প্রায় এক ঘণ্টা কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার ও তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, একটি টেন্ডারের জামানত হিসেবে জমা রাখা ১ লাখ ৪২ হাজার টাকা ছাড় করতে গেলে উপ-সহকারী প্রকৌশলী (এসও) আলামিন হোসেন তার কাছে দেড় হাজার টাকা দাবি করেন। তিনি এক হাজার টাকা দেওয়ার পরও বৃহস্পতিবার পুনরায় ফাইল ছাড় করাতে গেলে আরও ৫০০ টাকা এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করা হয়। দাবি করা অতিরিক্ত ৬০০ টাকা না দেওয়ায় বাকবিতণ্ডা শুরু হয়। জাহাঙ্গীর হোসেনের দাবি, পরিস্থিতির একপর্যায়ে উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী তাকে একটি কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। প্রায় এক ঘণ্টা পর অন্য ঠিকাদাররা এসে তাকে বের করেন। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন ঘটনাটি ফেসবুক লাইভে প্রচার করেন। অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন বলেন, ঘুষ দাবির অভিযোগ সঠিক নয়। ঠিকাদার তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে উত্তেজিত আচরণ করেন। উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, জাহাঙ্গীর হোসেন একপর্যায়ে এসও আলামিনকে মারতে উদ্যত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে একটি কক্ষে রাখা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • শ্যামনগরে তিন ভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

    শ্যামনগরে তিন ভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন করায় তিনটি ভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট- এর নেতৃত্বে ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জানা যায়, শ্যামনগর উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিকস, নাটুয়ারবে-এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস ও ইসমাইলপুর এলাকার মেসার্স এবি ব্রিকস এর মালিকগণ তাদের ভাটায় ইট বানানোর জন্য পার্শ্ববর্তী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলো। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামীম উল্লিখিত তিনটি ভাটায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৭(ক) এবং ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স মোস্তফা ব্রিকস ও মেসার্স আশা ব্রিকস এর মালিকের প্রত্যেককে ৪ লাখ করে মোট ৮ লাখ ও মেসার্স এবি ব্রিকস এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামীমের সাথে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
    পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীদের ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতাল প্রাঙ্গণে পার্কিং-এর নির্ধারিত স্থানের বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে জনদূভোগ সৃষ্টির জন্য ৩ জন চালককে এবং রোগীদের প্রাইভেট ক্লিনিকে মেডিকেল টেস্ট করতে যেতে বলায় এক জন দালালকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়।

  • গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

    গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট: গুণীজনদের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানী-গুণীদের সম্মানিত করে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। একুশ আমাদের অবিনাশী চেতনা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজনরাই প্রকৃত দিকনির্দেশকের ভূমিকা পালন করেন। তাদের মেধা ও সৃষ্টিশীলতা সমাজকে সমৃদ্ধ করে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ, প্রতিটি ঐতিহাসিক অর্জনে আমাদের বিজ্ঞজনদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, আমরা এবার ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ করছি। একুশ আমাদের অবিনাশী চেতনা এবং স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। একটি উদার ও মানবিক রাষ্ট্র গঠনের যাত্রায় আমরা দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের রাষ্ট্রসত্তা তিনটি ঐতিহাসিক আলোকধারায় নির্মিত ২১, ৭১ এবং জুলাই (গণঅভ্যুত্থান)। তিনি বলেন, ২১ শিখিয়েছে অস্তিত্ব, ৭১ শিখিয়েছে মর্যাদা আর জুলাই শিখিয়েছে রাষ্ট্রকে ন্যায় ও জবাবদিহিতার আলোয় পুনর্গঠন করতে হয়। সংস্কৃতিই জাতির আত্মাকে রক্ষা করে। বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, একুশে পদক কেবল একটি পুরস্কার নয়, এটি একটি আদর্শ ও দায়বদ্ধতার স্মারক। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৯ জন গুণী ব্যক্তিকে পদক প্রদানের মাধ্যমে এই যাত্রার সূচনা করেছিলেন। ১৯৭৬ থেকে ২০২৬ পর্যন্ত এ পর্যন্ত ৬০৫ জন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৬ সালের একুশে পদকপ্রপ্তরা হলেন- অভিনয় ক্যাটাগরিতে রয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আইয়ুব বাচ্চু। নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া সাংবাদিকতায় ‘একুশে পদক ২০২৬’ পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। সেই সঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এই পদক দেয়া হচ্ছে। পুরস্কার হিসেবে মনোনীত প্রত্যেকে একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ এবং নির্দিষ্ট অংকের অর্থ পেয়ে থাকেন। শিক্ষা, শিল্পকলা, সমাজসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছেন, তাদের কাজের মূল্যায়ন হিসেবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়।

  • উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

    উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সকল দপ্তর প্রধানদের সাথে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় ও দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন-সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। সভায় উপজেলা কৃষি অফিসার শুভ্রাংস শেখর দাশ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল সালাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, একাডেমীক সুপার ভাইজার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

    গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

    তালা প্রতিনিধি: তালা উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে কার্পেটিং ও ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সকালে তালা ব্রিজ-সংলগ্ন সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ছাত্রশিবির সভাপতি আল জামালুল বান্না, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ খাতের অর্থায়নে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার কার্পেটিং এবং ৪৮ মিটার ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ সড়ক।

  • গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে নিহত ২: আহত ৬

    গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে নিহত ২: আহত ৬

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত ও পৃথক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হন। আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই ইঞ্জিনভ্যান নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কুমিরার বালিগাদার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হন এবং তিন যাত্রী গুরুতর আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্লাস্টিক-মেটালের দাপটে বিলুপ্তির পথে কাঠের হাতলের ছাতা

    প্লাস্টিক-মেটালের দাপটে বিলুপ্তির পথে কাঠের হাতলের ছাতা

    খুলনা ব্যুরো: একসময় গ্রামজুড়ে কাঠ কেটে ছাতার বাঁট বা হাতল তৈরির কাজ চলত। সেই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। আধুনিক প্লাস্টিক ও মেটালের ছাতার দাপটে কমে গেছে কাঠের বাঁটের চাহিদা। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই শিল্পের কারখানাগুলো। খুলনা জেলার রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মিস্ত্রিপাড়ায় এখনও কয়েকটি কারখানা টিকে আছে, তবে সেগুলোও টিকে থাকার লড়াই করছে। ছাতার বাঁট তৈরি করে জীবিকা নির্বাহ করেন অশোক দাস। প্রায় ২৫ বছর ধরে তিনি এ পেশায় যুক্ত। তিনি বলেন, “বংশপরম্পরায় এই কাজ করছি। আগে কাজ বেশি ছিল, এখন নেই। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হয়, তা দিয়ে কষ্টে সংসার চালাতে হয়।” তিনি জানান, আগে ২৫০-৩০০ শ্রমিক এই পেশায় যুক্ত থাকলেও বর্তমানে সংখ্যা অনেক কমে গেছে। এখন মাত্র ৩-৪টি কারখানা চালু রয়েছে। মিস্ত্রি মো. ইব্রাহীম শেখ বলেন, কাঠের বাঁটের চাহিদা কমে যাওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করেছেন। কেউ ভ্যান চালাচ্ছেন, কেউ অন্য কাজ করছেন। স্থানীয় ব্যবসায়ী বাপ্পি কুমার দাস বলেন, কাঠের বাঁট দীর্ঘস্থায়ী হলেও আধুনিকতার কারণে এর ব্যবহার কমেছে। প্রতি পিস বাঁট তৈরিতে খরচ হয় ১৬ টাকা, বিক্রি হয় ২০ টাকায়। প্রতিদিন ৫০-৬০ ডজন বাঁট তৈরি করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তিনি আরও বলেন, সরকারি সহায়তা না থাকায় অনেকেই ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন। স্বল্প সুদে ঋণ পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব। কারখানার মালিক পিন্টু দাস বলেন, বিদেশি ছাতার কারণে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে। ফলে ঐতিহ্যবাহী এই শিল্প বিলুপ্তির পথে।

  • সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা

    সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা

    আবু সাইদ বিশ্বাস: চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা জেলায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। পবিত্র রমজানকে কেন্দ্র করে যখন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এই দরপতনে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো এতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছে। তবে হঠাৎ দরপতনে লোকসানের মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে শহরের সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতে দেশি মুড়িকাটা পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০ থেকে ৩২ টাকায় নেমে এসেছে। মুড়িকাটা মোটা জাতের পেঁয়াজ পাইকারিতে ২৮ টাকায়ও বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজ কিনতে আসা পলাশপোল এলাকার ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, “রমজান শুরুর আগে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছিল। প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কিনতে পারিনি। এখন দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা কমায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রোজার সময় পেঁয়াজের চাহিদা বেশি থাকে, তাই এই মূল্যহ্রাস সাধারণ মানুষের জন্য ইতিবাচক।” খুচরা বিক্রেতা আনোয়ার হোসেন জানান, নির্বাচনি ব্যস্ততার কারণে অনেক কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন। একই সময়ে রমজানের বাড়তি চাহিদার কারণে মোকাম পর্যায়ে দাম বেড়ে যায়। বর্তমানে কৃষকরা বেশি পরিমাণে পেঁয়াজ উত্তোলন করায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে। পাইকারি বিক্রেতা তাপস ঘোষ বলেন, “রমজান শুরুর কয়েকদিন পর থেকে পেঁয়াজের ক্রেতা কমে যায়। এদিকে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে গেছে। সকালে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করে ১ হাজার ৪১০ টাকা লোকসান হয়েছে। এভাবে দাম কমতে থাকলে বড় ধরনের লোকসান গুনতে হবে।” সুলতানপুর বড়বাজারের মেসার্স মোল্যা ভাণ্ডারের মালিক আব্দুল আজিজ মোল্যা জানান, রমজানে বেশি দামের আশায় অনেক কৃষক পেঁয়াজ উত্তোলন বন্ধ রাখায় আগে সরবরাহ কমে যায় এবং দাম বাড়ে। বর্তমানে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা তুলনামূলক কম। ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা কমেছে। এতে ব্যবসায়ীরা লোকসানে পড়লেও দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

  • ভাল কাজে সহযোগিতা ও অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করার আহবান এমপি রবিউল বাশারের

    ভাল কাজে সহযোগিতা ও অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করার আহবান এমপি রবিউল বাশারের

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, এস এম হোসেনুজ্জামান হোসেন, ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, পানি উন্নয়ন বোর্ডের এসও রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জামায়াত নেতা এবিএম আলমগীর পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় এমপি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আইন শৃংখলা লঙ্ঘনে সমস্যা চিহ্নিত করে সমাধানে দায়িত্বশীলদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। মাদকতা যুবক ও সমাজকে ধ্বংস করে দেয়। গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে যৌথ ভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে,ঘের ও বাড়ি দখল রোধে আইনগত পদক্ষেপ গ্রহন করা দরকার। তিনি বলেন, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে ভোটের পর দ্বন্দ্ব বেশী দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা নিরসন করতে হবে। আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই। সকল অন্যায়-অপকর্ম দূর করতে হবে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি ভাল কাজ ও ন্যায় কাজে সহযোগিতা ও অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করতে আহবান জানান। সভায় বুধহাটা বাজার কমিটি গঠন, মাদক-জুয়া প্রতিরোধ, ঘেরের পানির আঘাতে রাস্তা নষ্ট, ঘেরের মাছ চুরি, জনৈক রমজানের দৌরাত্মসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।