হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর এলাকায় অবস্থিত ভাই ভাই ফিলিং স্টেশন-এ দালালচক্রের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ বাইক ও গাড়িচালকরা। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে নির্দিষ্ট কিছু গাড়িকে আগে তেল দেওয়া হচ্ছে, আর সাধারণ চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই এ অনিয়ম চলতে থাকায় ক্ষোভে ফেটে পড়েন চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, ডজনখানেক দালাল সেখানে সক্রিয় রয়েছে। ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে পিছনের সিরিয়াল থেকে গাড়িকে সামনে এনে আগে তেল দেওয়া হচ্ছে। এতে প্রকৃত চালকরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি যাদের নিজস্ব কোনো যানবাহন নেই, তারাও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে- যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নিয়ন্ত্রণে থাকা এ দালালচক্রের দৌরাত্ম্য দমন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়া থাকায় এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চালকদের আরও অভিযোগ, পুলিশের সদস্য ও দায়িত্বরত ট্যাগ অফিসারদের সামনেই এসব অনিয়ম সংঘটিত হলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। চালকদের একাংশ বলেন, “সেনাবাহিনী অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তেল বিতরণ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।” তারা আরও বলেন, তেল নেওয়ার সময় চালক ছাড়া অন্য কাউকে লাইনে দাঁড়াতে না দেওয়ার নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী চালকরা।
