বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

হাফিজুল ইসলাম: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন তলুইগাছা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে বিজিবির এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সীমান্ত এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *