কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ডিজেল জব্দ, জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহমেদ অপু। অভিযানে প্রায় ১ হাজার ২০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করার প্রমাণ পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জ্বালানি তেল থানায় জমা দেওয়া হয়। অভিযানকালে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও ভেকু গাড়ি পরিচালনার জন্য তিনি এসব ডিজেল সংরক্ষণ করেছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু বলেন, অনুমোদিত সীমার বাইরে জ্বালানি তেল মজুদ রাখার কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *