Blog

  • অনিয়মের অভিযোগ পেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমপি ইজ্জত উল্লাহ

    অনিয়মের অভিযোগ পেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমপি ইজ্জত উল্লাহ

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “সুদ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি দূর করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় কলারোয়াকে শান্তি-শৃঙ্খলার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। অনিয়মের অভিযোগ পেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস হবে না বলে সতর্ক করে বলেন, অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, পুলিশের এএসপি মো. ইমরান, কলারোয়া থানার ওসি এইচ. এম. শাহিন, নির্বাচন অফিসার অনুজ গাইন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মনিটরিংসহ নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

  • জনসমাগমস্থল পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য: এমপি গাজী নজরুল ইসলাম

    জনসমাগমস্থল পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য: এমপি গাজী নজরুল ইসলাম

    হুসাইন বিন আফতাব, শ্যামনগর: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু দিয়ে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা সামাজিক দায়িত্বের অংশ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থল পরিষ্কার রাখা সবার কর্তব্য। তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও সড়ক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য শ্যামনগর থানা এবং নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

  • সরকারী দপ্তরে হয়রাণী ছাড়া সেবা নিশ্চিত করতে হবে: মুহাদ্দিস রবিউল বাশার এমপি

    সরকারী দপ্তরে হয়রাণী ছাড়া সেবা নিশ্চিত করতে হবে: মুহাদ্দিস রবিউল বাশার এমপি

    আলমগীর কবির, কালিগঞ্জ: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার দিনব্যাপী সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধাসমূহ ঘুরে দেখেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলামের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি সাব-রেজিস্ট্রার অফিস এবং উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা নাজিমগঞ্জ বাজার ও পশ্চিম কালিগঞ্জের মধ্যে একটি সেতু নির্মাণ, বাজারে সিসিটিভি স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া সরকারী সকল দপ্তরে হয়রাণী ছাড়া সেবা নিশ্চিত করতে হবে। এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং উপজেলার ১২টি ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ।

  • ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

    আবু সাইদ বিশ্বাস: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন। তাই যাদের সম্পদে নিসাব পরিমাণ রয়েছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে এবং তা যথাযথভাবে বণ্টন নিশ্চিত করতে হবে। সোমবার (২৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার উদ্যোগে আয়োজিত “সিয়াম ও যাকাত” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের কাছেই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে এবং সরকারই সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা পরিচালনা করবে। তখন প্রকৃত পাওনাদাররা তাদের প্রাপ্য বুঝে পাবেন। তিনি রমজানের শুরুতেই ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান। মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, যাকাত কোনো অনুগ্রহ নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যাকাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ধনীদের কাছ থেকে তা আদায় করে অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করতে হবে। বিত্তবানদের এই হক যথাযথভাবে আদায় করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্তমানবতার অর্থনৈতিক মুক্তি নিহিত রয়েছে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, যাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব-দুঃখীদের ন্যায্য অধিকার। পবিত্র কুরআনে সালাতের পাশাপাশি যাকাতের কথাও বারবার উল্লেখ করা হয়েছে। যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে সরকারি বা সাংগঠনিকভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। সদর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং সদর জামায়াতের সাবেক আমীর মাওলানা শাহাদাৎ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

    পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের সকল সংযোগ লাইনের তার কেটে নেয়। পরে মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা বৈদ্যুতিক তার খুলে নেওয়ার পাশাপাশি সুইচবোর্ড ভেঙে ফেলে। নতুন ভবনের আর্থিং রড ও বিদ্যুৎ নিরোধক তারও উপড়ে নিয়ে যায় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ জানান, চোরেরা পরিকল্পিতভাবে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে মূল্যবান তার ও সরঞ্জাম নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে পুরো স্কুল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাতক্ষীরায় ক্রেতারদের নাভিশ্বাস

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাতক্ষীরায় ক্রেতারদের নাভিশ্বাস

    স্টাফ রিপোর্টার: রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাতক্ষীরার সাধারণ ক্রেতারদের নাভিশ্বাস উঠছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পেঁয়াজ, রসুন, খেজুর, ডাল, মশলা ও সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে খিরা, শসা, গাজর, লেবুর দাম কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সরেজমিনে সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজের কেজি ৬০ থেকে ৭০ টাকা, নতুন রসুন ১০০ থেকে ১৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০ থেকে ২০০ টাকা এবং ভালো মানের টমেটো বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। ব্রয়লার মুরগি কেজিতে ২০০-২২০ টাকা, দেশি মুরগি ৬২০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা, এবং ডিমের দাম আগের মতোই প্রতি ডজন ১১০ টাকা। বাজার পর্যবেক্ষকরা অভিযোগ করছেন, সরকারি সংস্থার তদারকির অভাবে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করছেন। রমজানের পূর্বে চিনি, ডাল ও ছোলা আমদানির পরিমাণ গত বছরের তুলনায় যথেষ্ট বেড়েছে। কারসাজি রুখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হলেও বাজারে এর তেমন কোন কোন প্রভাব পড়ছে না। রবিবার (২২ ফেব্রয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে কদমতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় এবং মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে বিক্রির অভিযোগে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সাতক্ষীরা সদরের কাথন্ডা ও বাদামতলা বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামীম ও সাইফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি মামলায় জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়। এদিকে একই দিনে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারেও ফল ও মুদি দোকানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা যায়।
    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানিয়েছেন, রমজান জুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎপর থাকবেন প্রশাসন।

  • রমজান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা

    রমজান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা

    হাফিজুল ইসলাম: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরা সদরের কাথন্ডা ও বাদামতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামীম ও সাইফুল ইসলাম। অভিযানের সময় বিভিন্ন মুদিদোকান ও গোডাউন পরিদর্শন করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি মামলায় জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়। এদিকে একই দিনে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারেও ফল ও মুদি দোকানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা যায়।

  • ধুলিহরে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

    ধুলিহরে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

    সাইদুল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বড় ভাইয়েরও ইন্তেকালের হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) গভীর শোকে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। একই পরিবারের আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা আলমগীর কবীর বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” মৃত্যুকালে তারা অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। এলাকাবাসী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

  • বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ

    বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ

    হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১২ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদি জব্দ করে। এ দুই অভিযানে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য হুমকি এবং সরকারের রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।