Blog

  • আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ৪ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জনই নতুন

    আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ৪ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জনই নতুন

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
    এসময় অন্যান্যদের মধ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সহ সভাপতি, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জেলায় সম্প্রতি বিভিন্ন ধরনের অপরাধ ও নাশকতামূলক কার্যক্রমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে জনগণ ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অপরিহার্য। তিনি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
    সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রমের পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ, চোরাচালান মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, স্কুল-কলেজ শিক্ষক ও সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য একত্রিত প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় নবনির্বাচিত ৪ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জনই ছিলেন নতুন।

  • আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কর্মশালা ও ইফতার মাহফিল

    আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কর্মশালা ও ইফতার মাহফিল

    রফিকুল ইসলাম: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) দুপুর ২টায় মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আব্দুস সবুর। সভায় সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষকদের নৈতিক মানউন্নয়ন ও শিক্ষাথীদের পাঠদানের ক্ষেত্রে শীক্ষানীতি অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় কোরআনের আলোকে আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, শিক্ষার মান উন্নয়নে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অতীত, বর্তমান ও ভবিষ্যত বিষয় তুলে ধরেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কর্মশালায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

  • দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

    দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

    মাসুদ রানা, চন্দনপুর: সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, “মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। রমজানের এই পবিত্র শিক্ষাকে ধারণ করে আমরা চন্দনপুরসহ পুরো এলাকাকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দেওয়া।” রবিবার (৮ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরস্থ চান্দুড়িয়া বাজারের কে সি জি ঈদগাহ ময়দানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, “সিয়াম সাধনা আমাদের লোভ-লালসা পরিহার করতে শেখায়। একজন মুমিন কখনো অন্যের হক নষ্ট করতে পারে না বা দুর্নীতি করতে পারে না। আমি এমপি হিসেবে আপনাদের আশ্বস্ত করছি—এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা জুলুমবাজের স্থান হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, ভয়হীন ও শান্তিময় এক নতুন সাতক্ষীরা আমরা উপহার দেব।” ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আখতার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, সূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য জাহিদ হাসান মিঠু, মাস্টার আব্দুল করিমসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই

    কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামের এক বিকাশ এজেন্টের ওপর হামলা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও পরে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কালিগঞ্জের মৌতলা গ্রামের বাসিন্দা। মোকলেছুর রহমান জানান, তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট। তার কৃষ্ণনগর বাজারে একটি দোকান রয়েছে। রোববার দুপুর আনুমানিক ৩ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার থেকে ১কি:মি: আগে বাশতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

  • আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান: এমপি আব্দুল খালেক

    আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান: এমপি আব্দুল খালেক

    জাকিরুল ইসলাম শরীফ: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলিপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় গাংনীয়া ফুটবল মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর ও দেবহাটা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহামুদুর নবী সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল রকিব ও আলিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল রহমান, থানা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, থানা শুরা সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা শুরা সদস্য ও আলিপুর ইউনিয়নের দায়িত্বশীল ডঃ শফিকুর রহমান, আলিপুর ইউনিয়ন যুব ও ছাত্র শিবিরের সভাপতি, স্থানীয় নেতৃবৃন্দ এবং মুসল্লিরা। ইফতারি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান: এমপি ইজ্জত উল্লাহ

    নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান: এমপি ইজ্জত উল্লাহ

    তালা ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে নারী শিক্ষার প্রসার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব: মাওলানা অলিউল ইসলাম

    সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব: মাওলানা অলিউল ইসলাম

    আবু বক্কার সিদ্দিক: সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। সমাজের সত্য ঘটনা তুলে ধরা, মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যকে প্রকাশ করা-এই মহান কাজটি সাংবাদিকরাই করে থাকেন। বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে সংবাদ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যতা, নিরপেক্ষতা এবং দায়িত্ববোধ। একজন প্রকৃত সাংবাদিক সব সময় যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশ করেন। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা আশা করি অংশগ্রহণকারীরা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের পদ্ধতি, প্রতিবেদন লেখা এবং আধুনিক গণমাধ্যম ব্যবহারের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করবেন। একজন ভালো সাংবাদিক হতে হলে সততা, সাহস, ধৈর্য এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। আমরা যদি এই গুণগুলো ধারণ করতে পারি, তাহলে সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিসে দেবহাটা উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. সোলায়মান হোসাইন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতরে আমীর সোহারাব হোসেন, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রত্রিকার দেবহাটা উপজেলা সংবাদদাতা আবু বক্কার সিদ্দিক, দৈনিক আলোর পরশ প্রত্রিকার দেবহাটা প্রতিনিধি মো. তাসনিম আলম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

  • কালিগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

    কালিগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

    কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতারা। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার ৬৩নং বেনাদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীন (আলো)-এর ওপর একই বিদ্যালয়ের ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) শারীরিক নির্যাতন, সরকারি কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ মে ২০২৫ তারিখে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির চারুকারু বিষয়ে প্রান্তিক মূল্যায়ন চলাকালে অভিযুক্ত আরিফুল ইসলাম আকস্মিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার হুমকি দেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। পরদিন ৭ মে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাধা সৃষ্টি ও ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। পরে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২১৬৮ নং স্মারক আদেশে শিক্ষক আছিয়া পারভীনকে একই উপজেলার ১১৭ নং পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। এতে তিনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন শিক্ষক নেতারা। বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজের জন্যই নয়, সমগ্র জাতির জন্য লজ্জাজনক। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। মানববন্ধনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা, ২১৬৮ নং স্মারক আদেশ প্রত্যাহার করে শিক্ষক আছিয়া পারভীনকে পূর্বের বিদ্যালয়ে পুনর্বহাল করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকদের সুরক্ষায় পৃথক শিক্ষা সুরক্ষা আইন প্রণয়ন করা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস এম গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, শিক্ষক নেতা জাকিয়া সুলতানা, শহিদুল ইমরান, দেবদাস মন্ডল, দেবাশিষ অধিকারী, সহকারী শিক্ষক আবু আসলাম, গোলাম মোস্তফা প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

  • কলারোয়ায় সূর্যমুখী চাষে বাড়ছে সম্ভাবনা, লাভবান কৃষক

    কলারোয়ায় সূর্যমুখী চাষে বাড়ছে সম্ভাবনা, লাভবান কৃষক

    কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। স্বল্প খরচে কম সময়ে ভালো ফলন হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই চাষে। স্থানীয়দের ভোজ্যতেলের চাহিদা মেটানোর পাশাপাশি সূর্যমুখী চাষে তৈরি হয়েছে বাণিজ্যিক সম্ভাবনাও। দিগন্তজুড়ে সবুজ মাঠে হলুদ রঙের সূর্যমুখী ফুলের সমারোহ এখন কলারোয়ার গ্রামীণ জনপদের নতুন দৃশ্য। গ্রামীণ পথ ধরে এগোলে চোখে পড়ে অসংখ্য সূর্যমুখী ফুলের ক্ষেত। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন। উপজেলার কয়লা, যুগিখালী, মুরারীকাঠি ও কুশোডাঙ্গা গ্রামে এ বছর তুলনামূলক বেশি সূর্যমুখীর আবাদ হয়েছে। কৃষকেরা জানান, এ বছর এসিআই হাইসা-৩৬ (ইন্ডিয়ান) জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে। প্রতি বিঘায় প্রায় ৯ মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। হামিদপুর গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, “এবার সূর্যমুখীর ফলন খুব ভালো হয়েছে।” যুগিখালী গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, “এই বীজটি খুব ভালো। ফলন বেশি হওয়ায় আমরা লাভবান হতে পারছি।”
    সূর্যমুখী ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক দর্শনার্থীও মাঠে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করছেন। দর্শনার্থীরা জানান, কৃষকের আয়ের পাশাপাশি সূর্যমুখী ফুলের ক্ষেত এখন পর্যটনের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। কোলেস্টেরলমুক্ত সূর্যমুখী তেলে প্রচুর পুষ্টিগুণ থাকায় দেশে এ তেলের চাহিদা দিন দিন বাড়ছে। উচ্চফলনশীল বিভিন্ন জাতের বীজ থেকে প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত তেল পাওয়া যায়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি বিভাগ উপজেলার প্রায় দুই শতাধিক কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ ও চাষে উদ্বুদ্ধ করছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “সূর্যমুখী চাষে তিনবার সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। সঠিক পরিচর্যা করলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।”
    এ বছর কলারোয়া উপজেলায় প্রায় ২১ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। যদিও দেশের সূর্যমুখী তেলের চাহিদার বড় অংশ এখনো আমদানির ওপর নির্ভরশীল। তবে সংশ্লিষ্টদের মতে, সরকার ও তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিলে স্থানীয়ভাবেই দেশের সূর্যমুখী তেলের চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব।

  • সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    স্টাফ রিপোর্টার: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের লক্ষ্যেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নাজমুন নাহার।