Author: news_admin

  • সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

    শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:
    সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) সকালে মাদ্রাসার হল রুমে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মুফতি আখতারুজ্জামান’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হেড মহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম, মহাদ্দিস শামসুজ্জামান, আরবি প্রভাষক মাওলানা হাফিজুর রহমান,মোঃ ইউনুস আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলমগীর কবির,মোহাম্মদ ইকবাল হোসেন, মো. রায়হানুল কবির,সেলিনা আক্তার, দীপ্তি মন্ডলসহ মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
    ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে মেধাক্রম ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।

  • খানপুর সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

    তৌফিক ,সাতক্ষীরা থেকে:  সাতক্ষীরা সদর খানপুর আলিম মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ সাহেব অনুষ্ঠানের প্রধান অতিথি পীরজাদা মহসেন আল মঞ্জুর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
    মাওলানা দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা নজরুল ইসলাম সাহেব,খতিব খানপুর মাদরাসা জামে মসজিদ মোঃ শাহাদাত হুসাইন খানপুর মাদ্রাসার অবিভাবক সদস্য, , ডাঃ ওয়াজেদ আলী, ,মাদরাসার পরিচালক, আবুল কাশেম বিশিষ্ট ব্যবসায়ী, মিজানুর রহমান মাদ্রাসার অবিভাবক সদস্য, মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি, । এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন।

  • সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    ডেস্ক: সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
    আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে। সম্রাটের শ্বশুর সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলাম জানান, ১৩-১৪ বছর আগে তার মেয়ে ফাতেমার সাথে সম্রাটের বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে আছে। সম্রাট দিনমজুরের কাজ করতো। সংসারের দৈন্যতা ঘুচাতে ফাতেমা বছর খানেক আগে ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেয়। বিষয়টি ভালোভাবে নেয়নি সম্রাট। রোববার সন্ধ্যায় ছেলে-মেয়েদের রেখে ফাতেমা স্বামীর বাড়িতে আসে। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা স্বামী-স্ত্রী বিশ্রাম নিতে দরজার খিল লাগিয়ে শোবার ঘরে যায়। দীর্ঘক্ষণ তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্ধ্যার দিকে সম্রাটের মা তাদের দরজায় ধাক্কা মেরে ডাকাডাকি করতে থাকে। এতেও তাদের সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সম্রাটকে আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তারা। পাশাপাশি স্ত্রী ফাতেমাকে তার পরনের পায়জামা দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছেলে-মেয়েদের ঢাকাতে রেখে আসার কারণে স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে ওঠার একপর্যায়ে ফাতেমাকে হত্যা করে জামাই আত্মহত্যা করেছে বলে ধারণা করেন নূর ইসলাম।
    সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে সদর থানা কম্পাউন্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তীতে এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী : জামায়াতে আমীর

    যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী : জামায়াতে আমীর

    অনলাইন: যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, ‘বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।’ সেই যুবকদেরকে সম্মানিত করতে শুধু জামায়াত না, তাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসীও।
    সোমবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    জামায়াত আমির বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের, সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না।’
    তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা রাজনৈতিক দলগুলো মিলে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি। তার পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এদেশের মানুষকে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিল তাদেরকে ধন্যবাদ জানাই।’
    বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজিত পথসভায় উপজেলা আমির মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
    এছাড়া সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঢাকা মহানগরী মোহাম্মদপুর (দক্ষিণ) থানা আমির শাখাওয়াত হোসেন, সাবেক জেলা আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান পলাশ ও সাইদুল ইসলাম সৈকত, জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য মাওলানা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
    এ সময় খানসামা উপজেলা জামায়াতের আমির আনিছুর রহমান, চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মমিন, পার্বতীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আবু সায়েদ, খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আতাউর রহমান, খানসামা ওলামা বিভাগের সভাপতি মনিরুজ্জামান নিয়াজী, চিরিরবন্দর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মহসিন আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি মো: রাজিউল ইসলাম, খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি মো: হারুনুর রশিদ, উপজেলা ছাত্রশিবিরের (দক্ষিণ) সভাপতি হেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

  • থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফোটানো বন্ধে মোবাইল কোর্ট

    থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফোটানো বন্ধে মোবাইল কোর্ট

    অনলাইন : ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে আগুনের ঘটনা ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।
    সোমবার (৩০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধও জানানো হয়।

  • ঢাকাকে ১৯২ রানের টার্গেট দিলো রংপুর

    ঢাকাকে ১৯২ রানের টার্গেট দিলো রংপুর

    অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছে রংপুর রাইডার্স। পাকিস্তানের দু’ ব্যাটার ইফতিখার আহমেদ ৪৯ ও খুশদিল শাহ অপরাজিত ৪৬ এবং সাইফ হাসান ৪০ রান করেন।
    সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলে রংপুর রাইডার্স। আফগানিস্তানের স্পিনার আমির হামজার বলে দু’টি চার ও একটি ছক্কা মারেন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর।
    মারমুখী শুরুর পর দলীয় ২০ রানে দু’ ওপেনার টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে হারায় রংপুর। টেইলর ৭ বলে ১৪ ও হেলস ৫ রানে আউট হন। শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন সাইফ ও পাকিস্তানের ইফতিখার। দু’টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে শিকার করে জুটি ভাঙ্গেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু।
    হাফ-সেঞ্চুরি দোরগোড়ায় গিয়ে বাবুর শিকার হন ইফতেখার। আটটি চারে ৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার।
    ইফতিখারের বিদায়ে ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলে রংপুরের রান দেড়শ পার করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ১৭৩ রানে আউট হবার আগে ছয়টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।
    ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন খুশদিল। তিনটি করে চার-ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন খুশদিল। বাবু ৪৩ রানে তিনটি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন।
    এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ক্যাপিটালস বিনা উইকেটে ৬.৩ ওভারে ৫৯ রান করে।

  • উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

    উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

    অনলাইন : হারের পথেই ছিল বরিশাল। একটা সময় মনে হচ্ছিল হয়তো তিন অংকের ঘরেও পৌঁছাতে পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফাহিম আশরাফের সাথে মিলে দলকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।
    সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই জমজমাট লড়াই হয়ে গেল। চিরচেনা ম্যারমেরে ভাব কাটিয়ে রান উঠলো দুই ম্যাচেই। যেখানে রাজশাহীর ৩ উইকেটে তোলা ১৯৭ রানের পুঁজি ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বরিশাল।
    জাতীয় দলের আদলে গড়া জয় নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮.১ ওভারে মাত্র ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বেরিয়ে আসে ইনিংসের লেজ। জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী।
    তবে মাহমুদউল্লাহ মাঠে নেমে যেন ধীরে ধীরে সেই স্বপ্ন ফ্যাকাসে করে তুলেন। প্রথমে শাহীন আফ্রিদির সাথে তুলেন ২৫ বলে ৫১ রান। শাহিন ১৭ বলে ২৭ করে ফিরলে ভাঙে জুটি। তবে ফাহিম আশরাফ আর থামেননি। দু’জনের জুটিতে যোগ হয় ৩৫ বলে ৮৮*।
    মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৬ করে। ফাহিম আশরাফের ব্যাটে আসে ২১ বলে ৫৪* রান। বৃথা যায় তাসকিন আহমেদে ৩১ রানে নেয়া ৩ উইকেট। জোড়া উইকেট নেন হাসান মুরাদ।
    এর আগে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় বরিশাল। পরের ওভারে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (৭)। তাওহীদ হৃদয় (৩২) একপাশ আগলে রাখলেও কাইল মায়ার্স ৫ বলে ৬ ও মুশফিকুর রহিম ফেরেন ১১ বলে ১৩ রানে।
    ইদিন টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ১৯৭ রান তুলে ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটে। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির, ৫১ বলে ৬৫ রান করেন বিজয়।

  • যমুনা রেলসেতু চালু হচ্ছে জানুয়ারির শেষ দিকে

    যমুনা রেলসেতু চালু হচ্ছে জানুয়ারির শেষ দিকে

    ডেস্ক: যমুনা নদীর উপর প্রথম ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে সেতুটি ২০২৫ সালের জানুয়ারির শেষের দিকে চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
    বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প’ পরিচালক আল ফাত্তাহ মো: মাসুদুর রহমান সোমবার (৩০ ডিসেম্বর) বাসস’কে বলেন, আমরা মূল সেতুর নির্মাণ কাজ শেষ করেছি এবং কাজের সার্বিক অগ্রগতি ৯৮ শতাংশের বেশি।
    তিনি বলেন, সেতুটির মোট দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার, পূর্ব রেলস্টেশন থেকে পশ্চিম রেলস্টেশনের দূরত্ব ১৩ কিলোমিটার।
    প্রকল্প পরিচালক বলেন, ‘আমরা ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক চালানো শেষ করেছি এবং ২০২৫ সালের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছি।’
    তিনি বলেন, সেতুর প্যারামিটার পরিমাপ এবং স্ট্যাটিক লোড পরিমাপসহ সব ধরনের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।
    প্রকল্পের বিবরণ অনুযায়ী, ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম ডেডিকেটেড ডাবল লাইন ডুয়েল গেজ সেতটিু নির্মাণ করা হচ্ছে। প্রাক্কলিত ব্যয়ের মধ্যে মূল সেতু নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দিয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা, বাকি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার।
    এতে বলা হয়েছে, ২০১৬ সালে গৃহীত প্রকল্পের মূল কাজ করছে দু’টি জাপানি যৌথ-উদ্যোগ সংস্থা। বঙ্গবন্ধু সেতুর প্রায় ৩০০ মিটার উজানে গ্যাস পাইপলাইন সুবিধা সম্বলিত ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সেতুটি নির্মিত হচ্ছে। ২০১৬ সালের ডিসেম্বরে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে সেতু প্রকল্পটি পাস করে এবং প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের ভৌত কাজ শুরু হয় ২০২০ সালের আগস্টে এবং সেতুর ভিত্তি স্থাপনের কাজ শুরু হয় ২০২১ সালের মার্চ মাসে।
    এই রেল সেতুটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়াতেও ইতিবাচক প্রভাব ফেলবে। রাজধানী এবং দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে ট্রেন পরিচালনায় বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা আরও বৃদ্ধি করবে। এটি ট্রেনের সময়সূচিতে বিলম্ব কমাতেও সাহায্য করবে। নতুন এই রেল সেতুতে দৈনিক ৮৮টি ট্রেন চলাচলের সক্ষমতা থাকবে, যেখানে বঙ্গবন্ধু সেতুতে দিনে সর্বোচ্চ ২২টি ট্রেন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

  • ধুলিহরের হযরত আবুবকর সিদ্দীক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল  ও পুরস্কার বিতরণ

    ধুলিহরের হযরত আবুবকর সিদ্দীক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    রুহুল কুদ্দুস,ধুলিহর:
    ধুলিহরের হযরত আবুবকর সিদ্দীক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতারন।
    (সোমবার ৩০ ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওসমান গনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদী সাঃ ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটির গভর্নিং বডির সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নান, কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মাওঃ মনিরুল ইসলাম বিলালি, এস এম শওকত আলী, ফরিদ উদ্দীন মাসউদ তানজিমা কবীর,মুফতি হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, জাকির হোসেন, আলাউল কবীর,নুর ইসলাম,আব্দুল্লাহ আল মামুন সহ অধিকাংশ শিক্ষক শিক্ষীকা বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী সহ ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানের শেষে ২০২৫ শিক্ষাবর্ষে কৃতিত্বের সাথে উত্তীর্ণদের নাম ঘোষনা করা হয় এবং ক্রেস্ট সহ পুরস্কার প্রদান করা হয়।

  • সড়ক দূর্ঘটনায় ফ্রিজসহ ভ্যান খাদে, চালক আহত

    সড়ক দূর্ঘটনায় ফ্রিজসহ ভ্যান খাদে, চালক আহত

    সড়ক দূর্ঘটনায় ফ্রিজসহ ভ্যান খাদে, চালক আহত

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বুধহাটায় দ্রুতগামী মিনিবাসকে ক্রসিং করতে গিয়ে ফ্রিজ বহনকারী ইঞ্জিন ভ্যান খাদে পড়েছে।
    সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। শ্যামরগর উপজেলার নূরনগর বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান মুনস্টার ইলেক্ট্রনিক্স এর ৬ টি ফ্রিজ নিয়ে শহীদ নামের এক ইঞ্জিন ভ্যানচালক সাতক্ষীরা থেকে শ্যামনগর যাচ্ছিল। বুধহাটা বাজার পার হয়ে শ্বেতপুর মোড়ে পৌছালে সামনের দিক থেকে আসা দ্রুত গতির মিনি বাসকে (নড়াইল-ব-১১-০০০৩) ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশের খাদে গিয়ে পড়ে। এতে ফ্রিজ ও ভ্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। ভ্যান চালক আহত হয়েছে।