Author: news_admin

  • নূরনগরে নির্বাচন-পরবর্তী যুবদলের মতবিনিময় সভা

    নূরনগরে নির্বাচন-পরবর্তী যুবদলের মতবিনিময় সভা

    আবু হাসান,নূরনগর, শ্যামনগর :

     

    নির্বাচন-পরবর্তী ও আগামী দিনের সাংগঠনিক করণীয় নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে নূরনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

     

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ আল আসাদ কল্লোল। এছাড়াও মো. মতলবে হোসেন, মো. মোশারফ, মমিনুল, আমিনুরসহ আরও নেতৃবৃন্দ বক্তব্য দেন।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আবু ইউসুফ, একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা মোবারক হোসেন মন্টু, বিএনপি নেতা লাবলু ঢালী, প্রবীণ নেতা মো. নজরুল ইসলাম এবং কৃষক দলের আহ্বায়ক সরদার শাহনেওয়াজ। তাদের উপস্থিতি সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

     

    সভায় সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহা. গোলাম মাহমুদ রাজু। সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম রেজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আলমগীর হোসেন, মো. সোহাগ হোসেন, জাকির হোসেন ছোট, মোহাম্মদ আশরাফ হোসেন খোকন, আজগার তরফদার, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মোহাম্মদ আসাদুজ্জামান খোকন, মো. আসাদুর, মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর, মো. আবু হাসান, মোহাম্মদ হাবিবুর বাশার বুলবুলি, শামীম আহমেদ, ফজলুল রহমান, আমিনুর রহমান, শমসের গাজী, আশিক ইলাহী, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুবক্কার, সাগর হোসেন, মো. শাহরুখ হাসান, মো. আমিনুর ইসলামসহ আরও অনেকে।

     

    বক্তারা বলেন, নূরনগর ইউনিয়ন যুবদল অতীতেও আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছে। আগামীতেও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তারা ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে মাঠের আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

     

    সভার শেষে নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অঙ্গসংগঠন হিসেবে যুবদল নূরনগর ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাটি শেষ হয়।

  • খাদ্য ও জীবিকার সংকটে শ্যামনগরের ৯৫ শতাংশ মুন্ডা জনগোষ্ঠী

    খাদ্য ও জীবিকার সংকটে শ্যামনগরের ৯৫ শতাংশ মুন্ডা জনগোষ্ঠী

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শ্যামনগরের রমজাননগরের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী নদীরপাড়ে বসে ৭৯ বছর বয়সী রনজিত মুন্ডা কাপা কাপা গলায় বলতে থাকেন, “আমাদের আসল বাড়ি রাঁচি। জমিদাররা এনে সুন্দরবন পরিষ্কার করিয়েছিল। তখন বাঙালিরা বলত ‘মুন্ডা পরিচয় দিও না, সরদার পরিচয় দিও।’ এমনি ভাবে আমরা এখানে থেকে গেলাম। এখন লবণাক্ততায় জুংড়া, কচ্ছপ, কুচিয়া, শামুক কিছুই পাওয়া যায় না। ঘরবাড়ি প্রতিবছর ঝড়ে উড়ে যায়।”রনজিত মুন্ডা বলেন, “তাঁর দাদারা সুন্দরবনের গভীর জঙ্গল কেটে বসতি গড়ার কাজ করতেন। সেই সময়ের শিকড় থেকেই মুন্ডাদের এই অঞ্চলে টিকে থাকার ইতিহাস শুরু।”তার কথার মতোই বদলে গেছে পুরো মুন্ডা সমাজের জীবনচিত্র। সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা এই ছোট সম্প্রদায়টি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, ঘূর্ণিঝড় ও খাদ্যসংকটের ত্রিমুখী চাপে এখন টিকে থাকার লড়াইয়ে আটকে গেছে। সাম্প্রতিক তথ্য বলছে-জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও জীববৈচিত্র্য হ্রাসের কারণে শ্যামনগরের মুন্ডা জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশ পরিবার এখন খাদ্য ও জীবিকার তীব্র সংকটে ভুগছে। গত এক দশকে অন্তত চারটি বড় ঘূর্ণিঝড়ের আঘাতে এই সমাজটি জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের কঠিন রূপান্তরের মুখোমুখি হয়েছে। আইলা, আম্ফান, রেমাল, নার্গিস সিত্রাংসহ প্রতিটি ঘূর্ণিঝড় মুন্ডা গ্রামগুলোকে আগের চেয়ে আরও দুর্বল করেছে। ঘরবাড়ি ধসে পড়েছে, বাঁধ ভেঙেছে, পানির উৎস নোনা হয়ে গেছে। একই এলাকার দিপালী রাণী মুন্ডা বলেন, “ঘর বানাইলে ঝড় এসে নিয়ে যায়। নোনা পানি ঢুকলে খাবার ফসলও হয় না। তখন নদীতে নামতে হয়-কিন্তু আগে যে জিনিস পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাই না। নোনা পানির কারণে ধান, পাট, শাকসবজি কমে গেছে; মাঠে কাজও কমে গেছে। ফলে নদী-খাল-বনে নির্ভরতা বেড়েছে, কিন্তু সেখানেও জীববৈচিত্র্য কমে যাওয়ায় আগের মতো কিছু পাওয়া যায় না।” কালিঞ্চী এলাকার সবিতা রাণী মুন্ডা বলেন, “আমাদের প্রধান খাবার ছিল ইঁদুর, শামুক, জুংড়া-এখন আর পাই না। নদীতে গেলে নোনা পানি, জঙ্গলে গেলে নিষেধাজ্ঞা। তাই আমাদেরও বাঙালিদের মতো ডাল-ভর্তা খেতে হচ্ছে।” নোনা পানিতে কাজ, দীর্ঘ সময় হাঁটুকোমর ডুবিয়ে শামুক, জুংড়া সংগ্রহ-এসবের কারণে নারীরা ত্বক ও শারীরিক সমস্যায় বেশি ভোগেন। ঘর ভাঙা, জলাবদ্ধতা ও স্যানিটেশন সংকটেও তাদের জীবন আরও দুর্বিষহ। সাতক্ষীরার সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জনগোষ্ঠী পাঁচটি বিষয়ে সমস্যায় পড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য-ঐতিহ্যবাহী খাবার এবং ভেষজ চিকিৎসা। কেউ অসুস্থ হলে প্রথমে কবিরাজের মাধ্যমে গাছ-গাছড়ার চিকিৎসা দেওয়া হয়, পরে প্রয়োজন হলে হাসপাতালে বা ক্লিনিকে নেওয়া হয়।” সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা বলেন, “শ্যামনগরের মুন্ডা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে জলবায়ু ঝুঁকি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় এবং জীবিকার সীমাবদ্ধতার কারণে বহুমুখী বঞ্চনার মধ্যে আছে-এটি সত্য।”

  • রোজায় স্কুল বন্ধ থাকবে, কাল থেকেই ছুটি: শিক্ষা মন্ত্রণালয়

    রোজায় স্কুল বন্ধ থাকবে, কাল থেকেই ছুটি: শিক্ষা মন্ত্রণালয়

    ডেস্ক রিপোট: মাধ্যমিক পর্যায়ের স্কুলে আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাতে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।এতে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/ বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। জানা যায়, দীর্ঘ আলোচনার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়। এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। এতে পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে গত সোমবার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিতের আদেশ দেন।

  • জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: ডা. শফিকুর রহমান

    জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: ডা. শফিকুর রহমান

    ডেস্ক রিপোর্ট: জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফজরের নামাজের পর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি আরো বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। এসময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

  • দুর্নীতি বন্ধ ও বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    দুর্নীতি বন্ধ ও বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেরিয়ে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে। এই যে সর্বাত্মক চেষ্টা- এটা এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, এটা আসলে কেবল একটা কথার কথা নয়। মানে অপ্রয়োজনীয় সময় যাতে ব্যয় না হয়, এবং মূল কাজগুলো যাতে প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে অন্যান্য আনুষ্ঠানিকতা আরম্বর ধরনের কর্মসূচি যথাসম্ভব পাশে সরিয়ে- মূল যে কাজগুলো বিশেষত নির্বাচনি অঙ্গীকার ইশতেহার আছে, সেগুলো পালনে সচেষ্ট হতে হবে, ভূমিকা রাখতে হবে। সাকি বলেন, দ্বিতীয়ত, দুর্নীতির বিষয়ে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার সরকারের যে একটা ‘ক্লিন গভর্নমেন্ট’ হিসেবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। যেকোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদের সদস্য কেউ যাতে ক্ষমতা ব্যবহার করে কোনোভাবেই দুর্নীতির কোন জায়গায় যেতে না পারেন, সেটা খুবই কঠোরতার সঙ্গে তিনি তার অবস্থান জানিয়েছেন। তিনি জানান, মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রমজান শুরু হচ্ছে, মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায়, দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের বিদ্যুতের চাহিদা, অন্যান্য সব পরিবেশ যাতে ঠিক রাখা যায়, সে বিষয়টা এখন সবারই প্রায়োরিটি, সবার অগ্রাধিকার। পাশাপাশি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জায়গাতে পৌঁছানোর বিষয় রয়েছে। কিছু বিষয় যেমন- নির্বাচনি অঙ্গীকারে ছিল কৃষকের ফ্যামিলি কার্ড, সঙ্গে ইমাম সাহেবসহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটাও কিভাবে এই রোজার মধ্যে শুরু করা যায়- সেসব বিষয় নিয়েও তিনি আলাপ-আলোচনা তুলেছেন। সবাই তাদের মতামত দিয়েছেন। স্থানীয় নির্বাচনের বিষয় নিয়েও বৈঠকে উঠেছে, কত দ্রুততম সময় স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া যায়। তো এই বিষয়েগুলোতে খুব দ্রুতই হয়তো সিদ্ধান্ত আসবে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারের নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গত মঙ্গলবার তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি রাখা, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ চেইন কঠোরভাবে মনিটর করার কথা বৈঠকে বলেছেন। আমরা এবার ১৮০ দিনের একটা অগ্রাধিকার পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলেছি, সেটা পরে জানানো হবে। প্রাথমিক অগ্রাধিকারে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ চেইন এবং বিদ্যুৎ জ্বালানি খাতে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। এছাড়া সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ইশতেহারের ওপর ম্যান্ডেট দিয়েছেন। সুতরাং, জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। সংবিধান, আইন এবং রুল অব বিজনেস অনুযায়ী সেগুলো বাস্তবায়নের নির্দেশ তিনি দিয়েছেন। সভায় বলা হয়েছে, কে কোন দলের আমরা দেখবো না, আমরা মেরিট ভিত্তিতে যাচাই করবো। বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন-সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহি চায়, সেক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। নূর বলেন, আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, প্লাস সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কীভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন- ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কী করা যায়। সামগ্রিকভাবেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি- আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ মিডল ইস্ট-বেজড। মিডল ইস্টের সঙ্গে কিন্তু শ্রমবাজার ওপেনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু মাঝখানে নানাবিধ কারণে সেটার একটা ছন্দপতন হয়েছে, বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার। সেখানে শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি, তার জায়গা থেকেও আরও কিছু পরামর্শ আমাদের দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলব।

  • বাতাসে আমের মুকুলের ঘ্রাণ, ভালো ফলনের আশায় চাষিরা

    বাতাসে আমের মুকুলের ঘ্রাণ, ভালো ফলনের আশায় চাষিরা

    ফিরোজ শাহ: “আয় ছেলেরা, আয় মেয়েরা / ফুল তুলিতে যাই,
    ফুলের মালা গলায় দিয়ে / মামার বাড়ে যাই।
    ঝড়ের দিনে মামার দেশে / আম কুড়াতে সুখ,
    পাকা জামের মধুর রসে / রঙিন করি মুখ।”
    পল্লীকবি জসীম উদ্দিন-এর ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো যেন ধীরে ধীরে বাস্তবে ধরা দিচ্ছে। পাকা আমের সেই দিন এখনও আসেনি, কিন্তু তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে এক অনন্য সুবাস- আমের মুকুলের ঘ্রাণ।
    সাতক্ষীরা জেলায় এখন ভোরের বাতাসে মিশে থাকে মিষ্টি এক সুগন্ধ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা বিস্তীর্ণ বাগান- সবখানেই আমগাছের ডালে ডালে মুকুলের ছড়াছড়ি। ঋতুরাজ বসন্তের বার্তাবাহক হয়ে এই মুকুল যেন জানিয়ে দিচ্ছে, আর কয়েক মাস পরেই পাকা আমে রঙিন হয়ে উঠবে চারদিক।
    সরেজমিনে জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গাছের প্রতিটি ডাল হলুদ-সবুজ মুকুলে মোড়া। কোথাও কোথাও পাতাই চোখে পড়ে না। বাতাসে ভেসে আসে মৌ মৌ গন্ধ, যা সহজেই মনকে বিমোহিত করে। স্থানীয়দের মতে, এমন মুকুল আর এমন সুবাস ভালো ফলনেরই ইঙ্গিত।
    সাম্প্রতিক বছরগুলোতে সাতক্ষীরা জেলাও স্থানীয়দের মুখে মুখে ‘আমের রাজ্য’ হিসেবে পরিচিতি পাচ্ছে। বিশেষ করে কলারোয়া উপজেলা এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে নতুন নতুন আমবাগান। কৃষকদের ভাষ্য, ছোট ও মাঝারি গাছে এ বছর তুলনামূলক বেশি মুকুল এসেছে, যা আগামী মৌসুমে ভালো ফলনের আশা জাগাচ্ছে।
    হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলিসহ বিভিন্ন জাতের আমগাছে ইতোমধ্যে মুকুল দেখা দিয়েছে। পুরোপুরি ফুটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাগান মালিকরা। মুকুল আসার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তারা। ভোর থেকে বিকেল পর্যন্ত চলছে বাগানের পরিচর্যা—আগাছা পরিষ্কার, সেচ দেওয়া ও গাছের যত্ন নেওয়া। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। চাষিদের মতে, মুকুলের সময়টিই সবচেয়ে স্পর্শকাতর। এ সময় ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করা হচ্ছে। কলারোয়ার এক বাগান মালিক বলেন, “গাছভর্তি মুকুল দেখলে মন ভরে যায়। এই মুকুলই আমাদের স্বপ্ন, আমাদের আশা। এখন শুধু চাই আবহাওয়া অনুকূলে থাকুক। প্রকৃতি সহায় হলে এবার ভালো ফলনের আশা করছি।” প্রকৃতির এই মুকুলময় রূপ শুধু চাষিদের নয়, সাধারণ মানুষের মনেও এনে দিয়েছে নতুন আশার বার্তা। বসন্তের এই সুবাস যেন আগাম জানিয়ে দিচ্ছে—আর বেশি দিন নয়, খুব শিগগিরই সাতক্ষীরার গাছে গাছে ঝুলবে সোনালি রঙের পাকা আম।

  • মাহে রমজানকে স্বাগত জানিয়ে ধুলিহর ফোরকানিয়া মক্তবের মিছিল

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে ধুলিহর ফোরকানিয়া মক্তবের মিছিল

    মেহেদী হাসান শিমুল: আহ্লান সাহ্লান মাহে রমজান, রমজানের পবিত্রতা বজায় রাখুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ধ্বনিতে মুখরিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাড়া মহল্লা। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের কমলমতি ছাত্র-ছাত্রীরা বুধবার সকাল ৭ টাঢ গোবিন্দপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় স্বাগত মিছিল অংশগ্রহণ করে। শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই মিছিলের অংশগ্রহণ করে। এ বিষয়ে গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের দায়িত্বরত শিক্ষক ওস্তাদ মাওলানা আব্দুল করিম জানান প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে সচেতন করার জন্য আমাদের এই স্বাগত মিছিল। পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা চায়ের দোকান ও ধূমপান থেকে বিরত রাখার জন্য এবং সামাজিকতা রক্ষার জন্য আমরা সকলকে চেষ্টা করব এটাই আমাদের মূল লক্ষ্য। রমজান উপলক্ষে স্বাগত মিছিল কে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগ সমাজের ইতিবাচক প্রভাব বিস্তার করে।

  • বৈষম্য দূরীকরণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

    বৈষম্য দূরীকরণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

    পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “রমজান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেষ্টুরেন্টে বাংলাদেশ জামায়াত ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আমির প্রফেসর মো: ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম মুকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মো: মোশাররফ হোসেন। আলোচনা সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো: নরুল বাশার। সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা আরও বলেন, যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং ধনী-গরিবের মধ্যে বৈষম্য দূরীকরণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা যাকাত যথাযথ নিয়মে আদায় ও প্রকৃত হকদারদের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, রমজান মাসে যাকাত ও দান-সদকার পরিমাণ বৃদ্ধি করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    আবুল হাসান : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। সভায় দিবসটি যথাযথভাবে পালনের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের সুস্থ্যতা কামনা

    সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের সুস্থ্যতা কামনা

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল সড়ক দূঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা. জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সদস্য সদস্যবৃন্দ। অপরদিকে, সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।