রইচপুরে ইঞ্জিনভ্যান খাদে পড়ে আহত ১

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় এক ধর্মীয় মাহফিল থেকে অন্য মাহফিলে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে একটি মালবাহী ইঞ্জিনভ্যান খাদে পড়ে গেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ভ্যানে থাকা মিষ্টি ও মিষ্টান্ন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার খানপুর গ্রামের একটি মাহফিল শেষে মালামাল বোঝাই করে ইঞ্জিনভ্যানটি গুনাকরকাটি বাজারের আরেকটি মাহফিলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রইচপুর উত্তরপাড়া ব্রিজে ওঠার সময় হঠাৎ ভ্যানটির চেইন ছিঁড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু পথে ভ্যানটি দ্রুত পেছনে সরে গিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ভ্যানে তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে কলারোয়া উপজেলার বাসিন্দা পুণ্য নন্দীর ছেলে মদন নন্দী (৩৫) গুরুতর আহত হন। তাঁর হাতে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিকটস্থ এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। অপর দুইজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ক্ষয়ক্ষতির বিষয়ে জানা গেছে, ভ্যানটিতে গুনাকরকাটি বাজারের একটি মিষ্টির দোকানের তৈরি মিষ্টি এবং মিষ্টি তৈরির প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ছিল। খাদে পড়ে যাওয়ায় মিষ্টিগুলো কাদা-পানিতে মিশে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর ভ্যানচালক মানসিকভাবে ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ব্রিজে ওঠার সময় হঠাৎ চেইন ছিঁড়ে যাওয়ায় তিনি আর ভ্যানটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুহূর্তের মধ্যেই ভ্যানটি পেছনে খাদে পড়ে যায়। ক্ষয়ক্ষতির দায় নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। ব্রিজের ওই অংশে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *