অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

আবু সুফিয়ান: সাতক্ষীরা জেলার গাবুরা ইউনিয়ন-এর লেবুবুনিয়া এলাকায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা প্রশাসনের নির্দেশে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন এবং শ্যামনগর থানা-র অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় জনসাধারণের সহায়তায় একটি বালু উত্তোলনকারী কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় কয়রা উপজেলার বাসিন্দা বাবু পিং সিরাজুল ইসলাম-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, বৈধ বালুমহাল ছাড়া অন্য যে কোনো স্থান থেকে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। শ্যামনগর উপজেলায় বর্তমানে কোনো ইজারাকৃত বৈধ বালুমহাল নেই। তাই অবৈধভাবে বালু উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *