শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এখানকার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করছেন। তিনি উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদে জোরালো দাবি উত্থাপনের আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, বরং টেকসই অবকাঠামোই শ্যামনগরবাসীর প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ সমালোচনা উন্নয়নের পথকে সুগম করে। উপজেলাকে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সড়ক যোগাযোগের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন এবং কৃষি ও মৎস্যখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন-এর পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
