হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১২ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদি জব্দ করে। এ দুই অভিযানে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য হুমকি এবং সরকারের রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
