ঢাকাSunday , 1 March 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তালায় যুবদল নেতা নুর ইসলামের বিরুদ্ধে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ

news_admin
March 1, 2026 10:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর ইসলামের বিরুদ্ধে। সর্বশেষ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে বাবু গাজী নামে এক যুবককে মারধর করে আহত করার ঘটনা ঘটে। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে কেতন সরদার ও সাংবাদিক জহর হাসান সাগরের ওপর হামলার অভিযোগ ওঠে যুবদল নেতা নুর ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। নুর ইসলামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় সাংবাদিক জহর হাসানের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ২৬ ফেব্রুয়ারি তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত নুর ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর নুর ইসলাম আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। দখল, চাঁদাবাজি, মারপিট ও হত্যার হুমকিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাবেক ইউপি সদস্য আব্দুর রবের পৈতৃক জমি ও দোকানঘর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনার জেরে তাকে দুই দফায় সেনাবাহিনীর হেফাজতেও নেওয়া হয়েছিল বলে জানা গেছে। আহত বাবু গাজী জানান, তার ছেলেকে ঘিরে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ঘটনাস্থলে এসে বিরোধে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। প্রতিবাদ করলে নুর ইসলাম তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাংবাদিক জহর হাসান বলেন, নুর ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মতো নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নেওয়ায় তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। গত বুধবার হাজরাকাটি বাজারে দেখা হলে নুর ইসলাম তর্কের একপর্যায়ে তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রব অভিযোগ করে বলেন, নুর ইসলাম তার পৈতৃক জমি ও দোকান দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি আদালত, সেনাবাহিনী ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত নুর ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, আহত সাংবাদিককে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা দুঃখজনক। ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এজাহারটি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাবু গাজীর ওপর হামলার ঘটনাও তদন্ত করা হচ্ছে।