আরিফুল ইসলাম: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারি ত্রাণ ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কাসন্ডা বাজার ব্রিজে তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বাচ্চুকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যায়িত করে জানান, তিনি বিধি লঙ্ঘন করে সরকারি কার্ড নিজের পরিবারের নামে বরাদ্দ দিয়েছেন। এছাড়া জেলে না হওয়া সচ্ছল ব্যক্তিদের মৎস্যজীবী কার্ড এবং বয়স্ক ও বিধবা ভাতার কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়া, সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তোলা হয়। বক্তারা আরও বলেন, ঈদুল ফিতরের বরাদ্দকৃত ১০ কেজি চালের পরিবর্তে মাত্র ৫ কেজি বিতরণ করা হয়েছে এবং শীতের কম্বল দরিদ্রদের না দিয়ে সচ্ছলদের দেওয়া হয়েছে। রাস্তা নির্মাণের ২ লাখ ৮৪ হাজার টাকার প্রকল্পেও নামমাত্র কাজ দেখিয়ে অর্থ লোপাটের ঘটনা ঘটেছে। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেন। তারা দাবি করেন, অবিলম্বে বাচ্চুর অপসারণ ও শাস্তি এবং ইউনিয়নে সরকারি প্রশাসক নিয়োগের ব্যবস্থা করা হোক। মানববন্ধন শেষে কাসন্ডা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। এলাকাবাসী হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না হলে আরও কঠোর আন্দোলন হবে। বক্তব্য রাখেন খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ইউপি সদস্য রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি লুৎফর রহমান, সমাজসেবক ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, মহিউদ্দীন গাজী, মজনু সরদার, এবাদুল গাজী, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহঙ্গীর হোসেন ও ফরিদা রহমান।
